পার্বত্য শান্তিচুক্তি পুনর্মূল্যায়ন করার দাবি

চট্টগ্রাম ব্যুরো


| প্রিন্ট সংস্করণ


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে বিদ্যমান শান্তিচুক্তি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মাহফুজ পারভেজ। প্রয়োজনে বর্তমান চুক্তি বাতিল করে সব নাগরিকের অংশগ্রহণে নতুন চুক্তির রূপরেখা তৈরিরও প্রস্তাব দিয়েছেন তিনি।


গতকাল শনিবার সকালে নগরের সাউদার্ন ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘৩০ বছরে পার্বত্য চুক্তি: বাতিল, পুনর্মূল্যায়ন, নতুন চুক্তি?’ শীর্ষক আঞ্চলিক সংলাপে চট্টগ্রাম সেন্টার ফর রিজিওন্যাল স্টাডিজ, বাংলাদেশের (সিসিআরএসবিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মাহফুজ পারভেজ এ প্রস্তাব দেন। সিসিআরএসবিডি আয়োজিত সংলাপে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ড. মাহফুজ পারভেজ বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে ক্ষুদ্র দলীয়, গোষ্ঠীগত ও উপজাতীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। চুক্তির পক্ষগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। শুধু সরকারের ওপর দায়িত্ব চাপিয়ে চুক্তি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুললে সমস্যার সমাধান হবে না।


পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে ‘কাগজে বাঘ’ উল্লেখ করে ড. মাহফুজ বলেন, ‘আমরা ঘুমে থাকব, চুক্তি ঘুমে থাকবে। একজন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান বছরের পর বছর গাড়ি চালাবেন, আর এদিক দিয়ে আক্রমণ চলতে থাকবে, বাজার লুট হবে, ব্যাংক লুট হবে, সাধারণ পর্যটকরা জিম্মি হয়ে জীবনের আতঙ্কে পড়বেন, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবেন না, চাঁদাবাজির রাজত্ব চলবে। তারপর আমরা এই চুক্তিকে কীভাবে সফল বলতে পারি?’


এ পরিস্থিতি থেকে উত্তরণে আঞ্চলিক পরিষদের নেতৃত্বকে পার্বত্যাঞ্চলের অন্যান্য জাতিগোষ্ঠীর নেতাদের একত্র করে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। ড. মাহফুজ বলেন, সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার স্বার্থে কোথায় সেনাবাহিনী বা নিরাপত্তা স্থাপনা থাকবে, তা রাষ্ট্রীয় নীতির বিষয়। এ ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। রাজনৈতিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ না নিয়ে পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়। পরে নিরাপত্তা বাহিনী সেখানে গেলে আবার সামরিকীকরণের অভিযোগ তোলা হয়। তাঁর মতে, রাজনৈতিক সংলাপের মাধ্যমে সংঘাতের কারণগুলো দূর করার উদ্যোগ নিতে হবে। পাহাড়ি নেতৃত্ব সংকীর্ণ রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে আসতে না পারলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। শিক্ষাবিদ ড. শরিফ আশরাফুজ্জামানের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব। বক্তব্য দেন নাজমুল ইসলাম চৌধুরী, হাসিনা জাকারিয়া, রাজনীতিবিদ গোলাম ফারুক ও ইমন মোহাম্মাদ।