জামায়াতের জেহাদ চূড়ান্ত বিএনপি পাঁচের প্যাঁচে
মোস্তফা কামাল, কিশোরগঞ্জ
| প্রিন্ট সংস্করণ
আগামী ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এই আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক পদত্যাগ করেন। ১৫ নভেম্বর তাঁর আবেদন পেয়ে ১৭ নভেম্বর জাতীয় সংসদে তথ্যটি জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গত ২৫ নভেম্বর ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ আসনের উপনির্বাচনের তপশিল ঘোষণা করেন। তিনি জানান, মনোনয়নপ্রত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৬ ডিসেম্বর। পরদিন হবে মনোনয়নপত্র বাছাই। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময়সীমা ৮ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর।
ইতোমধ্যে এই আসনে জামায়াতে ইসলামী কেন্দ্রীয়ভাবে দলের মজলিশে শূরা সদস্য ডা. কর্নেল (অব.) জেহাদ খানকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তিনি গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ৯ হাজার ৯৯০ ভোটের ব্যবধানে হেরে যান। বিজয়ী ড. ওসমান ফারুকের এক লাখ ১২ হাজার ৪৬৬ ভোটের বিপরীতে ডা. জেহাদ খান পেয়েছিলেন এক লাখ দুই হাজার ৪৭৬ ভোট। এদিকে মনোনয়নের জন্য বিএনপির পাঁচ নেতা মাঠে আছেন। তারা হলেন– জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা ও জিপি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সুমন এবং বাংলাদেশ চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এরশাদ আহসান সোহেল। ইতোমধ্যে তারা নানা এলাকায় সভা-সমাবেশ ও মিছিল করে প্রার্থিতা জানান দিয়েছেন। সারওয়ার হোসেন লিটন গত বুধবার বিকেলে তাড়াইল সদরের কাছেমুল উলুম মাদ্রাসা মাঠে সমাবেশ করেন। পরে তাঁর নেতৃত্বে প্রচার মিছিল বের করা হয়। জালাল মোহাম্মদ গাউস গত বৃহস্পতিবার বিকেলে করিমগঞ্জ সরকারি কলেজ চত্বরে সমাবেশ করেন। ডা. এরশাদ আহসান সোহেল গতকাল শনিবার দুপুরে করিমগঞ্জের নিয়ামতপুর হাইস্কুল মাঠে সমাবেশ করে প্রচার মিছিল করেছেন। এর আগে সাইফুল ইসলাম সুমন ও জাহাঙ্গীর আলম মোল্লার পক্ষেও সমাবেশ-মিছিল হয়েছে।
বিএনপি নেতাদের মধ্যে জাহাঙ্গীর আলম মোল্লা ২০০৮ সালের নির্বাচনেও এই আসনে মনোনয়ন পেয়েছিলেন। তবে তিনি মহাজোটের প্রার্থী ও জাতীয় পার্টির সাবেক সহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নুর কাছে হেরে যান। জাহাঙ্গীর আলম মোল্লা এবারও মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। তিনি বলেন, যেহেতু ২০০৮ সালে তাঁকে দল মনোনয়ন দিয়েছিল, এবারও তিনিই মনোনয়ন পাবেন। জালাল মোহাম্মদ গাউস ইতোমধ্যে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে এসেছেন জানিয়ে বলেন, তিনিও মনোনয়নের ব্যাপারে আশাবাদী। সারওয়ার হোসেন লিটন মনে করেন, তিনি তাড়াইল থেকে একমাত্র প্রার্থী। এর আগে কখনও তাড়াইল থেকে মনোনয়ন দেওয়া হয়নি। ফলে এখানে দলের সবাই তাঁর পক্ষে একাট্টা। করিমগঞ্জেও তাঁর জনসমর্থন আছে। তিনি মনোনয়ন পেলে আসনটি বিএনপিকে উপহার দিতে পারবেন।
ছাত্রদলের সাবেক জেলা সভাপতি সাইফুল ইসলাম সুমনের ভাষ্য, তিনি আওয়ামী লীগের আমলে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। মনোনয়ন পেলে এবারও তিনি বিজয়ী হয়ে সংসদে যাওয়ার বিষয়ে আশাবাদী। তাঁর বাবা মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমেদও এই আসনের সাবেক সংসদ সদস্য। ডা. এরশাদ আহসান সোহেলও কেন্দ্রে যোগাযোগ রাখছেন। এলাকায় মিছিলও করেছেন। তিনিও মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। তবে একাধিক সূত্রে জানা গেছে, সারওয়ার হোসেন লিটন ছাড়া বাকি চারজন প্রার্থী করিমগঞ্জ উপজেলার হওয়ায় করিমগঞ্জের বিভিন্ন ইউনিটের বিএনপির পদধারী নেতাদের অধিকাংশই এখনও নীরব। দলের মনোনয়ন বোর্ড প্রার্থিতা চূড়ান্ত না করা পর্যন্ত তারা কারও পক্ষেই আপাতত মাঠে নামবেন না– এমন আভাস মিলেছে। কিন্তু তাড়াইল উপজেলা থেকে সারওয়ার হোসেন লিটন একমাত্র মনোনয়নপ্রত্যাশী। এ কারণে তাড়াইলের সব ইউনিটের পদধারী নেতা থেকে তৃণমূলের নেতাকর্মীরা লিটনের পক্ষে মাঠে সক্রিয় রয়েছেন।
এ আসনে প্রার্থী হিসেবে আরও আলোচনায় আছেন এনসিপির জেলা কমিটির আহ্বায়ক শেখ খায়রুল কবির। তিনি বলেছেন, ১১ দলের শরিক দল জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা করেছে। ফলে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইনও প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে। জামায়াতের প্রার্থী ডা. জেহাদ খান মনে করেন, ড. ওসমান ফারুক বড় মাপের প্রার্থী ছিলেন। এর পরও তিনি যেভাবে জনসমর্থন পেয়েছেন, এবার সার্বিক বিবেচনায় বিজয়ের ব্যাপারে আশাবাদী হওয়াটা অযৌক্তিক নয়। করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শিকদারের ভাষ্য, যেহেতু পাঁচজন প্রার্থী মাঠে আছেন, ফলে বিভিন্ন ইউনিটের পদধারী নেতারা সবাই নীরব। তারা মনোনয়ন চূড়ান্ত হওয়ার অপেক্ষায় আছেন।






