নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে যাত্রীর হামলায় গুরুতর আহত সোমালি বংশোদ্ভূত মার্কিন উবার চালক মোহাম্মদ ইউসুফের মৃত্যু হয়েছে। প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শনিবার (২৮ নভেম্বর) সকালে হেনেপিন কাউন্টি মেডিকেল সেন্টারে মারা যান ৫১ বছর বয়সী এই চালক। ঘটনাটি বিদ্বেষপ্রসূত অপরাধ বলে দাবি করেছে নিহতের পরিবার।
মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) মিনেসোটা শাখা এক বিবৃতিতে ইউসুফের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
আদালতের নথি অনুযায়ী, গত ১৪ নভেম্বর মিনিয়াপোলিসের উত্তর-পূর্বাঞ্চল থেকে ২৫ বছর বয়সী সমিত অপূর্ব প্যাটেল নামে এক যাত্রীকে গাড়িতে তুলেছিলেন ইউসুফ। যাত্রাপথে ওই ব্যক্তি চালকের নাম জানতে চান। মোহাম্মদ নামটি শোনার পর তিনি জানান, এই নাম তার পছন্দ নয়। এরপরই ইউসুফের ওপর হামলার অভিযোগ ওঠে।
ঘটনার সময় ইউসুফ তার ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন। অভিযোগ অনুযায়ী, তার ভাই কথোপকথন ও সাহায্যের জন্য ইউসুফের আর্তনাদ শুনতে পান। ইউসুফকে সিটবেল্ট দিয়ে শ্বাসরোধের চেষ্টা এবং তার নিজের গাড়ি দিয়ে চাপা দেওয়ার অভিযোগ রয়েছে ওই যাত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় প্যাটেলের বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি হত্যাচেষ্টা ও ফার্স্ট ডিগ্রি গাড়ি ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছিল। পরে আট লাখ ডলারের বন্ডে শর্তসাপেক্ষে মুক্তি পান তিনি। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ইউসুফের মৃত্যুর পর তার বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি ইচ্ছাকৃত হত্যার অভিযোগ আনার সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন।
সিএআইআর মিনেসোটা সন্দেহভাজন ব্যক্তির অতীত কর্মকাণ্ড, বক্তব্য এবং কোনো ধরনের বিদ্বেষমূলক মনোভাবের ইতিহাস রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে। তবে হেনেপিন কাউন্টির অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, বিদ্বেষের কারণে এই হামলা চালানো হয়েছিল বলে আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণ করার মতো পর্যাপ্ত তথ্যপ্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো ইউসুফ পাঁচ সন্তানের বাবা ছিলেন। দীর্ঘদিন ধরে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। তার মৃত্যুতে মিনেসোটার সোমালি ও মুসলিম কমিউনিটিতে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে সোমবার (৩০ নভেম্বর) সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।






