ছয় সহযোগী গ্রেপ্তারের পর রায়হানের পোস্ট, ‘শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে’

মো. রায়হান। ছবি: সংগৃহীত


ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি


বৃহস্পতিবার রাতে সংবাদমাধ্যমের একটি ফটোকার্ড শেয়ার করে পোস্টটি দেন তিনি। দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবরের প্রতিক্রিয়ায় রায়হান লেখেন, তিনি ‘বাংলা’ অস্ত্র ব্যবহার করেন না। তার দাবি, এসব অস্ত্র ব্যবহার করলে হাত ছিঁড়ে যায়।


পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার ভুজপুর এলাকার পাহাড়ি অঞ্চলে অস্ত্র তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া বুধবার মধ্যরাতে পরিচালিত অভিযানে রায়হানের ব্যবহৃত ইতালিতে তৈরি একটি পিস্তল, একটি একনলা বন্দুক ও ৩৪টি গুলি উদ্ধার করা হয়েছে। ধারাবাহিক এসব অভিযানে তার ছয় সহযোগী গ্রেপ্তার হলেও রায়হানকে আটক করা যায়নি।


পুলিশের তথ্য অনুযায়ী, ২২ নভেম্বর থেকে রায়হান ও তার সহযোগীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু হয়। পরদিন ২৩ নভেম্বর ফটিকছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রের নল, ট্রিগার, স্প্রিং, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিনসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রায়হান ও তার সহযোগীরা পালিয়ে যান।


একই দিন সন্ধ্যায় এলাকা ছাড়ার সময় সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় স্থানীয় বাসিন্দারা তাদের গতিরোধের চেষ্টা করেন। এ সময় রায়হান ও তার সহযোগীরা এলোপাতাড়ি গুলি ছোড়েন বলে পুলিশের দাবি। এতে শটগানের গুলিতে ছয়জন আহত হন। ঘটনাস্থল থেকে সিএনজিচালিত অটোরিকশার চালক জাবেদ হোসেনকে আটক করেন স্থানীয়রা। পুলিশের দাবি, জাবেদ রায়হানের সহযোগী।


পুলিশ আরও জানায়, বুধবারের অভিযানে প্রথমে রায়হানের দুই সহযোগী এমরান হোসেন ও সাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইকতিয়ার ফরহাদ নামে আরেকজনকে আটক করা হয়। তার বাড়ি থেকে একটি একনলা বন্দুক ও পিস্তলের চারটি গুলি উদ্ধার করা হয়েছে।


পরে মহররম আলীর বাড়িতে অভিযান চালিয়ে রায়হানের ব্যবহৃত ইতালিতে তৈরি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও বেশ কিছু গুলি উদ্ধার করে পুলিশ। এ সময় মহররম আলীকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানের ধারাবাহিকতায় জনার্দন দে নামের আরও একজনকে আটক করা হয়।


অভিযানের সময় সাইকেল চালিয়ে চলে যাওয়ার দাবিকে ‘ভুয়া’ বলে অভিহিত করেন কাজী তারেক আজিজ। তিনি বলেন, রায়হানকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। তবে তিনি আত্মসমর্পণ না করলেও তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে মোট ১৫টি মামলা রয়েছে। তিনি বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী। অস্ত্র দিয়ে হুমকি ও চাঁদাবাজির পাশাপাশি অস্ত্র তৈরি ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।


এর আগে, গত ২৩ নভেম্বর (সোমবার) একটি পোস্ট দেন রায়হান আলম নামের সেই আইডির ব্যবহারকারী।


পোস্টে নিজেকে রায়হান পরিচয় দিয়ে লেখা হয়, ‘আসসালামু আলাইকুম প্রিয় ফটিকছড়িবাসী, আমি রায়হান। গতকাল রাতে ফটিকছড়ি সুয়াবিল থেকে সিএনজিযোগে বের হলে, আমাকে আওয়ামীপন্থী মনে করে কিছু বিএনপি নেতা আমার গাড়ি আটকাতে চেষ্টা করে। আমি আমার আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হই।’


পোস্টে আরও দাবি করা হয়, বিএনপি নেতাদের সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। এতে লেখা হয়, ‘শান্তভাবে যাচ্ছিলাম। রাস্তা আটকাবি কেন? যারা যারা গুলি খেয়েছেন ভয় পাওয়ার কারণ নেই। আপনাদের সঙ্গে আমার ঝামেলা ওইখানেই শেষ। গুলি খাওয়া ব্যক্তিদের মধ্যে যদি কেউ অসহায় হন, টাকা-পয়সা সাহায্যে লাগে আমাকে ইনবক্স করিয়েন। ভবিষ্যতে গাড়ি আটকাতে গেলে আগে খোঁজখবর নিও গাড়ির ভিতরে কে আছে।’


স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার রাত ৮টার দিকে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত সিএনজিচালিত অটোরিকশায় চুরখাঁরহাট বাজারে এসে অতর্কিতে গুলি ছোড়ে। এতে ছয়জন আহত হন। তারা হলেন- জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তারা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।