নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতাকে সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের কয়েকটি স্থল সীমান্ত-সংলগ্ন এলাকায় দেখা গেছে।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থানরত এই নেতারা নভেম্বর মাসেই পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় দু’টি আন্তর্জাতিক স্থল সীমান্তে গিয়েছিলেন। প্রথমে, গত রোববার (২২ নভেম্বর) পেট্রাপোল অঞ্চলে এবং বুধবার তারা আগরতলার কাছে আখউড়া সীমান্তে যান।
তাদের দাবি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, সেটার পরিপ্রেক্ষিতে একাধিক পরিকল্পনা তৈরি করে রেখেছেন তার দলীয় নেতৃত্ব। এরই অংশ হিসেবে তারা সীমান্ত-সংলগ্ন এলাকায় এসব সফর করছেন।
তবে তারা জানিয়েছেন, কোন পরিকল্পনাটা চূড়ান্ত হবে, সেই সিদ্ধান্ত তাদের নেত্রীই নেবেন।
এছাড়াও ত্রিপুরায় অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাদের সাথেও তাদের আলোচনা হয়েছে বলে জানতে পেরেছে বিবিসি।
ত্রিপুরার সীমান্তে যারা পরিদর্শনে গিয়েছিলেন, তাদের মধ্যে অন্তত দু’জন আগেই আগরতলা ছেড়েছেন এবং বাকিদের শুক্রবার ত্রিপুরা থেকে ফেরার কথা।
অন্যদিকে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলে জানা গেছে যে, তাদের অনেকেই যেমন নিজেদের দেশে ফেরার এবং সেখানে গিয়ে গ্রেফতারের মতো যেকোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন, তেমনই ইতোমধ্যেই দল এবং সহযোগী সংগঠনগুলোর কয়েকশ নেতাকর্মী ভারত থেকে বাংলাদেশেও ফিরেছেন।
সীমান্ত পর্যবেক্ষণআখাউড়া সীমান্ত এলাকায় আওয়ামী লীগের যে শীর্ষ নেতারা ছিলেন, তাদের কয়েকজন গত রোববার পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত অঞ্চলেও গিয়েছিলেন।
বিবিসি জানতে পেরেছে যে আখাউড়া সীমান্ত অঞ্চলে যারা গিয়েছিলেন, তাদের মধ্যে জাহাঙ্গীর কবীর নানক, আলাউদ্দিন নাসিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ সাত থেকে আটজন শীর্ষ নেতা ছিলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘এ নিয়ে আমাদের নেতৃত্ব দু’টো এলাকায় গেলেন, আরো কয়েকটি জায়গায় যাওয়ার পরিকল্পনা আছে। তবে সব সীমান্ত অঞ্চলে তো আর যাওয়া সম্ভব নয়। এই এলাকাগুলোয় ঘুরে তারা বুঝে নিতে চাইছেন যে নেত্রী ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তার প্রেক্ষিতে সেখানে যাতায়াত ইত্যাদির ব্যবস্থা কী রকম বা বাংলাদেশের দিকে সীমান্ত অঞ্চলেই বা কী রকম পরিস্থিতি, সে সবই বোঝার চেষ্টা হচ্ছে।’
জানা গেছে, দু’টি সীমান্ত এলাকাতেই ভারতীয় নিরাপত্তা বলয়ের ভেতরে তারা প্রবেশ করেননি, বাইরে থেকেই পর্যবেক্ষণ করেছেন।
স্থানীয় ভারতীয় কর্মকর্তাদের সাথে আওয়ামী লীগের ওই নেতারা বৈঠক করেছেন কি-না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েকটি সূত্র বলেছে, ভারতীয় কর্মকর্তারা যে ওই নেতাদের চলাচলের ওপরে সামনে থেকে না হলেও দূর থেকে নজর রেখেছিলেন, তা বলাই যায়।
দলটির অন্য এক নেতা বলেছেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত যদি এরকমটা হয় যে শেখ হাসিনাকে স্থলপথেই বাংলাদেশে ঢুকতে হচ্ছে, তাহলে কোন সীমান্ত দিয়ে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হতে পারে, সে ব্যাপারে আগাম প্রস্তুতি রাখতে হবে। সেই সব তথ্য জানতেই সীমান্তগুলো ঘুরে দেখছেন শীর্ষ নেতৃত্ব। তিনি তো আর একা যাবেন না, তার নিরাপত্তার প্রশ্ন আছে। তাই তার সাথে কিছু নেতা তো যাবেনই। কিন্তু কারা সাথে যাবেন, সেটা নেত্রীই সিদ্ধান্ত নেবেন। সবটাই নির্ভর করছে দলনেত্রী কী সিদ্ধান্ত নেন, তার ওপরে।’
তিনি আরো বলেন, ‘নেত্রী এবং আমাদের ফেরার বিষয় দু’টি সম্পূর্ণ আলাদা। তাকে তো একা ছাড়া হবে না, নেতৃত্বের একাংশ নিশ্চয়ই তার সাথে থাকবেন। আর অনেকেই হয়ত তিনি বাংলাদেশে প্রত্যাবর্তনের আগেই দেশে চলে যাবেন। বাকিরা কিভাবে যাব, সেই পরিকল্পনাও তিনিই চূড়ান্ত করছেন।’
এই নেতা বলেন, ‘প্ল্যান এ, বি, সি, ডি তৈরি আছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেত্রীর।’
তবে শেখ হাসিনার সেই সিদ্ধান্ত ভারত সরকারের অনুমতিক্রমেই নেয়া হবে, এটা বলাই যায়। কিন্তু আদৌ ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরতে পারেন কিনা, সেটাই এখনো স্পষ্ট নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ‘বাংলাদেশে আমাদের দলীয় সহকর্মীরা নানা জায়গায় যে আন্দোলন চালাচ্ছেন, আগামী সপ্তাহে তার গতি প্রকৃতি দেখেই দেশে ফেরত যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হবে বলে মনে হচ্ছে।’
‘অনেকেই ইতোমধ্যে দেশে ফিরেছেন’কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা বলছেন যে, তাদের নেত্রী দেশে ফেরার ঘোষণা দেয়ার আগে থেকেই বিভিন্ন স্তরের নেতাকর্মী, যারা ২০২৪ সালের ৫ আগস্টের পরে ভারতে বা অন্যান্য দেশে চলে গিয়েছিলেন, তাদের কেউ কেউ বাংলাদেশে ফিরে যাচ্ছেন।
কোন কোন নেতাকর্মী বাংলাদেশে ইতোমধ্যেই চলে গেছেন, সেই তথ্য দলটির নেতারা প্রকাশ করতে চাননি। কারণ তাতে তাদের খুঁজে বের করে গ্রেফতার করা হতে পারে বলে তারা মনে করেন।
ভারত ছাড়া অন্যান্য দেশে অবস্থান করছিলেন, এরকম কয়েকজনও বাংলাদেশে ফিরেছেন বলে জানা গেছে। তবে এরকম ব্যক্তিদের সংখ্যা হাতে গোনা।
দলটির এক নেতা বলেছেন, ‘গত মাস দেড়েক সময়কালে শ’তিনেক তরুণ ও যুবক, যারা পার্টি ও ছাত্রলীগ-যুবলীগের মতো সহযোগী সংগঠনগুলোর নানা পর্যায়ের নেতাকর্মী, তারা বাংলাদেশে ফিরে গেছেন।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘আমাদের কোনো গোপন কৌশল নেই। যা পরিকল্পনা, সেটি একটি চলমান প্রক্রিয়া। আমরা যেমন দেশে ফেরার জন্য উন্মুখ হয়ে আছি, তেমনই বিভিন্ন দেশে অবস্থানরত দলীয় কর্মী, সমর্থক বা শুভানুধ্যায়ীরা ধাপে ধাপে ফিরছেন ইতোমধ্যেই। তাদের কেউ গ্রেফতার হচ্ছেন বা নানা ভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন, কিন্তু ফিরেছেন অনেকেই।’
জাতীয় সংসদের সাবেক সদস্য পঙ্কজ দেবনাথ বলেছেন, ‘কয়েক মাস ধরেই তো আমরা দেশে ফেরার মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম, এখন সাংগঠনিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায় চলছে। বাংলাদেশের অভ্যন্তরে মাঠ পর্যায়ে যে সহকর্মীরা রয়েছেন, তাদের সংগঠিত করে নেত্রীকে স্বাগত জানাতে কারা কিভাবে ঢাকায় হাজির হবেন, সেটা চূড়ান্ত করছি আমরা।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, একদিকে যেমন ১৬ ডিসেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার দিন হিসাবে ঘোষণা করেছেন, অন্যদিকে ‘প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি’র মধ্যেই দলকে পুনর্জীবিত করার চেষ্টাও তারা বছর খানেকের বেশি সময় ধরেই চালিয়ে যাচ্ছেন।
সেই প্রচেষ্টার অংশ হিসেবে দেশের অভ্যন্তরে থাকা দলটির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল মাধ্যমে নিয়মিত বৈঠক করেছেন শেখ হাসিনা।
শেখ হাসিনার ‘ফেরার’ পথ কী?দেশের আদালতে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পনের অনুরোধে এখনো কোনো সাড়া দেয়নি ভারত। সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রনধীর জয়সওয়াল আবারো বলেছেন, তারা বিষয়টি দেখছেন। যদিও ভারতের বিশ্লেষকরা বারবারই স্পষ্ট করেছেন যে শেখ হাসিনাকে বন্দী প্রত্যর্পন চুক্তির আওতায় ভারত ফেরত পাঠাবে, এমন সম্ভাবনা নেই।
অন্যদিকে, ল ফার্মের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে পাসপোর্টের যে আবেদন করেছেন শেখ হাসিনা, তার পরিপ্রেক্ষিতে তাকে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেয়ার সম্ভাবনাও নাকচ করে দিয়েছে দেশটির সরকার। ফলে আইনী পথে শেখ হাসিনার দেশে ফেরার পথ এখনো দেখা যাচ্ছে না।
যদিও ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, তাদের নেত্রী দেশে ফিরবেন বলে প্রস্ততি তারা অব্যাহত রাখছেন এবং এরই অংশ হিসেবে তারা সীমান্ত পর্যবেক্ষণসহ দেশে নেতাকর্মীদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।
এসব বিষয়ে ভারতের কর্তৃপক্ষ থেকে সহযোগিতা পাচ্ছেন কি-না, এ বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি।





