নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে ভারত অস্বীকৃতি জানালে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হতে পারে। ছয় দিনের পাকিস্তান সফরকালে তিনি এ মন্তব্য করেন। বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী, স্পিকার আরও বলেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে সরাসরি কারাগারে যেতে হবে।


২০২৪ সালের আগস্ট মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭৯ বছর বয়সি শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই তাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ঢাকা। ভারত সরকার বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যর্পণের অনুরোধ পাওয়ার বিষয়টি স্বীকার করলেও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।


আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য ঘোষণা প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তার সমর্থকদের উজ্জীবিত রাখতেই এ ধরনের ঘোষণা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনা দেশে ফিরবেন না। এর আগে সাবেক প্রধানমন্ত্রীর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছিলেন, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার।