নিজস্ব প্রতিবেদক
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাবন্দী যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীর ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্য মারা গেছে। শুক্রবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। শনিবার দুপুর ১২টার দিকে কারাবিধি অনুযায়ী, মায়ের সঙ্গে সন্তানের শেষ দেখা করানোর জন্য তূর্যের মরদেহ কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নিয়ে আসা হয়। সেখানে তাকে পাঁচ মিনিট সময় দেওয়া হয়।
তূর্যের পরিবার জানায়, সে জন্ম থেকেই প্রতিবন্ধী ছিল এবং তার মা শারমিন সুলতানা শর্মীই তার দৈনন্দিন সবকিছুর দেখাশোনা করতেন। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শারমিন সুলতানা শর্মী গ্রেপ্তার হওয়ার পর থেকে তূর্য মানসিকভাবে ভেঙে পড়েছিল। শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।
শারমিন সুলতানা শর্মীর স্বামী শাহাদাত হোসেন নিপুন জানান, গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা পুলিশ তাদের বাসা থেকে শারমিনকে আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। নিপুনের দাবি, তার স্ত্রীর বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না এবং তাকে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় জড়ানো হয়েছে। শারমিন সুলতানা শর্মী যুব মহিলা লীগ ও ইডেন কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাদের দুই সন্তানই জন্মগতভাবে প্রতিবন্ধী।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম জানান, শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে ফ্রিজিং ভ্যানে করে বন্দি শারমিন সুলতানার ছেলের মরদেহ কারাগারে আনা হয়। পরিবারের সদস্যদের উপস্থিতিতে কারাবিধি অনুযায়ী শারমিন সুলতানাকে তার সন্তানের মরদেহ দেখার জন্য পাঁচ মিনিট সময় দেওয়া হয়।






