নিজস্ব প্রতিবেদক
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের (এম এ মালিক) বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তেতলিতে অবস্থিত তার বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। হামলার সময় সংসদ সদস্য ও তার স্ত্রী বাসার ভেতরেই অবস্থান করছিলেন।
পুলিশ জানায়, ভোরের দিকে একটি পিকআপে করে এসে একদল দুর্বৃত্ত এম এ মালিকের বাসার বাইরে থেকে পেট্রলবোমা ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পেট্রলবোমার আঘাতে আগুনের সূত্রপাত হলে বাসার নিরাপত্তাকর্মীরা দ্রুত তৎপর হয়ে তা নিয়ন্ত্রণে আনেন।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা উপকমিশনার (ডিসি-সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে নাশকতাকারীরা এই ঘটনা ঘটিয়েছে। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।





