নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভূলতা ইউনিয়নের বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ছয়টি মোটরসাইকেলে করে ১২ জন দুর্বৃত্ত ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিরাপত্তারক্ষী সোহাগ মিয়াকে হুমকি দেয়। এরপর ডিটিএল পরিবহন নামের বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে অবহিত করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, রাত সাড়ে ৩টার দিকে ভূলতা এলাকায় একটি পরিত্যক্ত বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





