নিজস্ব প্রতিবেদক
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ছয় শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৭ জন। স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ জানান, হতাহতের এই সংখ্যা প্রাথমিকভাবে পাওয়া গেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এই সংখ্যা পরিবর্তিত হতে পারে।
কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতিবিষয়ক পরিচালক মাওলভি সামিউল হক জানান, শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রদেশের আন্দার সের এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। তিনি আরও বলেন, বাড়িটি খননকাজের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের মালিকানাধীন ছিল এবং সেখানে ডিনামাইট মজুত করে রাখা হয়েছিল।
তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ সম্পর্কে মাওলভি সামিউল হক তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য দিতে পারেননি। ঘটনার পর কুনার প্রদেশের তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেছে। পাকিস্তান সীমান্তসংলগ্ন আফগানিস্তানের পূর্বাঞ্চলে অবস্থিত এই প্রদেশে বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এর আগে গত আগস্ট মাসে কাবুলের একটি স্কুল কমপ্লেক্সে গ্রেনেড হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সি ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।





