আলজাজিরা

ভারতের বেসরকারি বিমান সংস্থা আকাসা এয়ার সৌদি আরবের রিয়াদ ও জেদ্দাগামী ফ্লাইট চলাচল স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত এই দুই গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।


সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, রিয়াদগামী ও রিয়াদ থেকে ছেড়ে আসা ফ্লাইট ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে। অন্যদিকে, জেদ্দাগামী ও জেদ্দা থেকে ছেড়ে আসা ফ্লাইট স্থগিত থাকবে ২০২৭ সালের ১০ জানুয়ারি পর্যন্ত।


আকাসা এয়ার বলেছে, যাত্রী ও উড়োজাহাজের কর্মীদের নিরাপত্তা এবং কল্যাণ তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ বিষয়টি বিবেচনায় নিয়ে তারা ফ্লাইট স্থগিত রাখার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।


সংস্থাটির ভাষ্য, যাত্রীরা যাতে আগেভাগেই বিষয়টি জানতে পারেন এবং সে অনুযায়ী ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, সে জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে যাত্রীরা আত্মবিশ্বাসের সঙ্গে ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন অথবা টিকিটের অর্থ ফেরত চাইতে পারবেন।


এর আগে সৌদি আরবের বিরাজমান নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে ২০২৬ সালের ৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদ ও জেদ্দার ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল আকাসা এয়ার। এবার সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হলো।