নিজস্ব প্রতিবেদক

গ্রেটার নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীকে যানজটমুক্ত করার লক্ষ্যে ৭০০ কোটি টাকা ব্যয়ে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বেগমগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামরুজ্জামান চৌধুরী এ তথ্য জানান।


পরিদর্শনকালে তিনি বেগমগঞ্জের গোলাবাড়িয়া কাঁচাবাজারে চারতলা ভবন নির্মাণের ঘোষণা দেন। এর আগে তিনি চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের ‘এ’ ক্যাটাগরির দুটি ভবনের নির্মাণকাজ, চৌমুহনী ভূমি কর্মকর্তার কার্যালয় এবং বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয় পরিদর্শন করেন। জরাজীর্ণ সাব-রেজিস্ট্রার কার্যালয় পরিদর্শন শেষে তিনি জানান, সবার সহযোগিতায় সেখানে নতুন ভবন নির্মাণ করা হবে।


এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান, নোয়াখালীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল, বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, জিরতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম লাভলু, ব্যবসায়ী সাজ্জাদ হোসেন সুমন এবং চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।