নিজস্ব প্রতিবেদক
ভোরের আলো ফোটার আগেই রণক্ষেত্রে পরিণত হয় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকা। আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার ভোরে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরের সীমানায় ও জাজিরার নাওডোবা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এ সময় অন্তত ২৫টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। বিএনপির তিনটি ক্যাম্পসহ কয়েকটি রেস্টুরেন্টেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
নিহত দুজন হলেন শরীয়তপুর সদর উপজেলার সরসন্দী গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে ইব্রাহিম সিপাহী এবং মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরের দাদন মৃধার ছেলে নিজাম মৃধা। স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিম জেলা যুবলীগের কর্মী এবং নিজাম শিবচর উপজেলা আওয়ামী লীগের কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, ভোরে শিবচরের কাঁঠালবাড়ি থেকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকেরা মুখোমুখি অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। পরে পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেয় এবং শিবচর উপজেলার কুতুবপুরের সীমানা পর্যন্ত তা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। শতাধিক ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানান। সংঘর্ষের মধ্যে সড়কে থাকা অন্তত ২৫টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। একই সঙ্গে নাওডোবা ও এক্সপ্রেসওয়ে এলাকায় বিএনপির তিনটি ক্যাম্প এবং কয়েকটি রেস্টুরেন্টে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
সংঘর্ষের একপর্যায়ে তিনজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠান। হাসপাতাল সূত্র জানায়, ইব্রাহিম সিপাহীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর গুলিবিদ্ধ নিজাম মৃধাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংঘর্ষ ও অগ্নিসংযোগের কারণে নিরাপত্তার স্বার্থে পদ্মা সেতুতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হয়। এতে সেতুর দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয় এবং দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। খবর পেয়ে পুলিশ, আনসার ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ লোকজনকে ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, দুজনের মৃত্যুর বিষয়টি তাঁরা শুনেছেন; তবে নিহতরা কোন দলের কর্মী ছিলেন, সে বিষয়ে পুলিশ নিশ্চিত নয়।





