কুড়মালি ভাষার ঝুমুর গীত

উজ্জল কুমার মাহাতো


উজ্জল কুমার মাহাতো, লেখক গবেষক


| প্রিন্ট সংস্করণ


কুড়মালি ভাষাভাষী কুর্মি মাহাতো জনগোষ্ঠীর জীবন, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ঝুমুর গীত আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। ‘গীত’ শব্দটি মূল কুড়মালি ভাষার শব্দ, যার অর্থ গান। ঝুমুর গীত শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি এই জনগোষ্ঠীর ইতিহাস, জীবনবোধ, প্রেম, বিরহ, ধর্মীয় বিশ্বাস এবং আনন্দ-বেদনার গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রকাশ। কুড়মালি ভাষাভাষীদের দৈনন্দিন জীবন থেকে ‍শুরু করে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসব তথা পরবে ঝুমুর গীতের উপস্থিতি দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে আসছে।


কুড়মালি ঝুমুর গীতের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর মৌখিক ঐতিহ্য। লোকমুখেই এটি এতদিন পর্যন্ত টিকে আছে। বর্তমানে কুড়মালি ভাষার ঝুমুর গীত নানা সংকটের মুখোমুখি হচ্ছে। নতুন প্রজন্মের একটি বড় অংশের নিজস্ব ভাষার গীত শেখা, শোনা এবং চর্চার প্রতি আগ্রহ নেই বললেই চলে। তার বড় একটা কারণ হলো, এর তেমন বাস্তবিক প্রয়োগ নেই। মোবাইল ফোন, টেলিভিশন, সামাজিক মাধ্যম এবং অন্যান্য আধুনিক বিনোদনের প্রভাবে কুড়মালি ঝুমুরচর্চার ক্ষেত্র কমে যাচ্ছে। এ ছাড়া কুড়মালি ঝুমুর গীতের নিজস্ব ভাষাগত বৈশিষ্ট্যও সংকটের ‍মুখে পড়েছে ও পড়ছে। গীতের মূল কুড়মালি শব্দ উচ্চারণ, আঞ্চলিক ভাষারীতি ও বাক্য গঠন পরিবর্তিত হচ্ছে। সেই সঙ্গে বাংলা, ইংরেজি এবং অন্যান্য ভাষার প্রভাবের কারণে এই ভাষার স্বাতন্ত্র্য দুর্বল হয়ে পড়ছে। বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক সুস্নাত জানা তাঁর গবেষণাধর্মী কুড়মালি ভাষা ও সংস্কৃতি গ্রন্থে ঝুমুর বিষয়ে এর ব্যাখ্যা দিয়েছেন। তিনি লেখেন, সাধারণ মানুষ মনের আনন্দে এই গান বাঁধেন এবং গান গাইতে শুরু করেন। এর মধ্য দিয়ে আদিবাসী লোকজীবনের নানা সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ধ্বনিত হয়ে ওঠে। লোকমুখের সেসব গান অনেক গবেষক সংগ্রহ করেন। কুড়মালি সাহিত্যের একটি প্রধান অংশ এই ঝুমুরের মধ্যে রয়েছে। কুড়মালি ভাষায় ও আঞ্চলিক লোকজীবনের সুরে এসব গান গাওয়া হয়।


বছর দশেক আগেও ঝুমুর গীতের প্রাণ ছিল। করম, সহরাই, জিতিআসহ বিভিন্ন পরবে বেশ জাঁকজমকভাবে হতো ঝুমুর গীতের আসর। পরবের কার্যক্রম শেষ করে সন্ধ্যার পর বসত ঝুমুর গীতের আসর, গীত আর ঝুমুর নাচ চলত মাঝরাত থেকে ভোর পর্যন্ত। কখনও কখনও ভোর গড়াত সকালের আলোকছটায়। নারী-পুরুষ উভয়ের বড় ভূমিকা আছে ঝুমুরে; পুরুষেরা মাদল বাজায় আর কয়েকজন ঝুমুর গায়, নারীরা তালে তালে নাচে আর ঝুমুর গীতের তাল ধরে। ঝুমুরের সেই মাদকতা এখন তেমন দেখা যায় না, আনন্দটা কেমন যেন ফিকে হয়ে গেছে। প্রখ্যাত কুড়মালি ঝুমুর শিল্পী ইন্দ্রানী মাহাতো মনে করেন, ঝুমুরের তালই এমন–যা শরীর ও মনকে দুলিয়ে দেয়। ঢোল-মাদলের তাল কানে এলে নিজেকে ঘরে বেঁধে রাখা দায়। ঝুমুর গীতগুলো যে সংকটে পড়তে যাচ্ছে, সেটা আমার মাথায় চরমভাবে আঘাত করে দুজন ব্যক্তির ‍মৃত্যুর পর। বছর দুয়েক আগে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘরিয়া গ্রামের প্রবীণ ঝুমুর শিল্পী কালীচরণ মাহাতো এবং সম্প্রতি প্রয়াত হওয়া সন্তোষ কুমার মাহাতোর শেষকৃত্যে অংশগ্রহণ করার মাধ্যমে। দুজনেরই শেষকৃত্যে অংশগ্রহণ করার সুযোগ হয় আমার। সেখানে বসে এই দুই ব্যক্তির গুণের কথা ভাবতে থাকি। তারা দুজন অসংখ্য ঝুমুর জানতেন। পৃথিবীর মানুষ জানল না তাদের এই গুণের কথা। তাদের জানা ঝুমুর গীত নিরাপদে রেখে যেতে পারলেন না; কাউকে শিখিয়েও যেতে পারলেন না। যেটা অনেক বড় সংকটের কথা। সমাজবিষয়ক বিশিষ্ট গবেষক ও অধ্যাপক ড. খ. ম. রেজাউল করিম, ড. সুধাংশু শেখর মাহাতো এবং উজ্জল মাহাতো রচিত গবেষণামূলক মাহাতো জনগোষ্ঠীর সমাজ ও সংস্কৃতি গ্রন্থে ঝুমুর গীত বিষয়ে চমকপ্রদ ব্যাখ্যা রয়েছে।


এ বইয়ে করম পরবে ভাইয়ের কাছে বোনের আকুতি বিষয়ে একটি ঝুমুর গীতের কিছু অংশ– বেহিন: ভায়ারে ভাসালে না গেরিআই সভেরে সাতাভেল ডালাওআ সানগা পরিগেল।। ভায়া: বেহিন গে, পরে দে ভাদারা মাস আউয়ে দে কারামা, কিনি দেবাও ডালওয়া তাখানে পুজিহে কারামে গাসাই।। কুড়মালি ভাষার ঝুমুর গীতটির বাংলা ভাবানুবাদ এমন দাঁডায়–করম পরব সামনে আসছে, ভাইয়ের জন্য বোন তার শ্বশুরবাড়িতে অপেক্ষার প্রহর গুনছে, মেঘ বয়ে যাচ্ছে, ভাইয়ের কাছে করমের বরণডালা চাচ্ছে। এদিকে ভাই উত্তর দিচ্ছে–বোন পড়তে দাও ভাদ্র মাস, আসতে দাও করম পরব, তখন কিনে দেব বরণ ডালা, তখন তুমি করম পরব করবে। ভাই ও বোনের ভাতৃত্বের যে অটুট বন্ধন, তারই বহিঃপ্রকাশ এই করম গীতটিতে। এ রকম অসংখ্য ঝুমুর গীত রয়েছে কুড়মালি ভাষার সাহিত্য ভান্ডারে। এই ঝুমুর গীতগুলোর তাহলে ভবিষ্যৎ কী? শতাব্দীর পর শতাব্দী এগুলো লোকমুখে ভেসে ভেসে আসছে। এর কোনো লিখিত রূপ নেই, নেই কোনো সংগ্রহ, নেই সংগ্রহের পরিকল্পনা। প্রতিনিয়ত কালীচরণ মাহাতো এবং সন্তোষ কুমার মাহাতোর মতো কেউ না কেউ পরপারে পাড়ি জমাচ্ছেন। একই গ্রামের প্রবীণ ঝুমুর শিল্পী উপেন্দ্রনাথ মাহাতো। তিনি অসংখ্য ঝুমুর জানেন। অবশ্য তিনি আমাদের ঝুমুর শোনান ও শেখান। এটা আমাদের আশা জাগায়। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় কুড়মালি ভাষা সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র, কুড়মালি পাঠশালায় ঝুমুর গীত শেখান উপেন্দ্রনাথ মাহাতো। পাঁচ বছরের বেশি সময় সেখানে ঝুমুর শেখান তিনি। বর্তমানে তিনিও বয়সের ভারে নুয়ে পড়েছেন। কখনও অসুস্থ, কখনওবা জীবিকার তাগিদে পাওয়া যায় না তাঁকে। এই বয়সেও নিজেকেই ভাবতে হয় জীবন-জীবিকার কথা। ঝুমুর গীতের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র ছাড়া ঝুমুর পানসে লাগে। আরও একজন ঝুমুর শিল্পী (বাদ্য) সুবোধ চন্দ্র মাহাতো। তিনি ঝুমুর গীতে মূলত ঢোল বা মাদল বাজান। পশ্চিম আটঘরিয়া গ্রামে তাঁর জায়গায় দ্বিতীয় কেউ নেই বললেই চলে। তাহলে স্বভাবত প্রশ্ন আসে, তিনি না থাকলে তাঁর কাজটি কে করে দেবেন? যিনি করবেন তিনি কি তাঁর মতো করে পারবেন বাজাতে, ঝুমুরের তালগুলো ধরতে? কেউ কি এগুলো শেখার চেষ্টা করছে, কেন করছে না? নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া এই মানুষগুলোকে নিয়ে আমরা কী করতে পেরেছি বা পারছি। এগুলো নিয়ে ভাবার সময় হয়েছে। এখনও যদি আমরা না ভাবি তাহলে বড় দেরি হয়ে যাবে। এগুলো এখন সরকারি-বেসরকারি পরিকল্পনার অংশ হওয়া খুবই জরুরি হয়ে পড়েছে। বেঁচে থাকুক কুড়মালি ভাষা, বেঁচে থাকুক কুড়মালি ঝুমুর গীত।