নিজস্ব প্রতিবেদক
মসজিদ মুসলিমদের ইবাদত, শিক্ষা ও সামাজিক যোগাযোগের অন্যতম কেন্দ্র। তবে প্রতিবন্ধী মুসলিমদের অনেকের জন্য মসজিদে স্বাভাবিকভাবে অংশ নেওয়া এখনো নানা বাধার সম্মুখীন। যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইট আমালিয়াহতে ১০ সেপ্টেম্বর প্রকাশিত মালাইকা আলিমের এক প্রতিবেদনে প্রতিবন্ধী মুসলিমদের অভিজ্ঞতার আলোকে মসজিদকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
৪৪ বছর বয়সী হুইলচেয়ার ব্যবহারকারী মোহাম্মদ খান দুই দশকের বেশি সময় ধরে মসজিদে যাতায়াত করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার কথা জানান। তিনি বলেন, অনেক সময় মসজিদ আয়োজকদের প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন সম্পর্কে ধারণা থাকে না। ভবনের প্রবেশপথে উঁচু চৌকাঠ বা অসমতল মেঝে হুইলচেয়ার চলাচলে বাধা সৃষ্টি করে। এছাড়া ব্যবহার উপযোগী শৌচাগারের অভাব একজন মুসল্লির মর্যাদা ও আত্মনির্ভরতাকে ক্ষতিগ্রস্ত করে।
অন্যদিকে, এনএইচএস-এর মনোবিজ্ঞান বিষয়ক থেরাপিস্ট মেহরিন আখতার জানান, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ধর্মীয় শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রেও বাধার মুখে পড়তে হয়। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের জন্য সব সময় বড় ধরনের অবকাঠামোগত পরিবর্তনের প্রয়োজন হয় না, বরং আন্তরিকতা ও প্রয়োজন বোঝার মানসিকতাই যথেষ্ট। তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা নিয়ে সমাজের ভুল ধারণা তাদের অংশগ্রহণের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।
আমানাতির সহপ্রতিষ্ঠাতা জাহরা ফয়সাল জানান, মসজিদে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণের বাধা অনেক সময় নামাজের কক্ষে পৌঁছানোর আগেই শুরু হয়। নেতিবাচক মনোভাব ও সামাজিক কলঙ্কের কারণে অনেকে মসজিদে যেতে নিরুৎসাহিত হন। তিনি মসজিদকে অন্তর্ভুক্তিমূলক করতে চারটি ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান: প্রবেশগম্য অবকাঠামো, ধর্মীয় শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি এবং প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের জন্য ব্যবহারিক সহায়তা।
জাহরা ফয়সাল বলেন, প্রতিটি ছোট উদ্যোগই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক মানুষই পরিবর্তনে ভূমিকা রাখতে পারেন। পরিশেষে, মসজিদগুলো প্রতিবন্ধী মুসল্লিদের উপস্থিতি ও প্রয়োজন বিবেচনা করে পরিচালিত ও পরিকল্পিত হচ্ছে কি না, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।






