শিফা আক্তার
আল্লাহতায়ালা মানবজাতিকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। পৃথিবীতে আমরা শুধু নিছক দুনিয়াবি কর্ম ও ভোগবিলাসপূর্ণ জীবনযাপনের জন্য আসিনি; বরং আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ এবং তাঁর আদেশ-নিষেধ পালনের জন্যই আমাদের সৃষ্টি করা হয়েছে। কিন্তু আল্লাহর ইবাদত বলতে আমরা আসলে কী বুঝি? নামাজ, রোজা, হজ ও জাকাতই কি শুধু ইবাদত? নাকি ইসলামের প্রত্যেকটি বিধিবিধানের সঙ্গে মানুষের প্রতিও আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য জড়িয়ে রয়েছে? মূলত এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলেই আমাদের ধর্মীয় চর্চা ও বাস্তব জীবনের মধ্যে থাকা বৈপরীত্য স্পষ্ট হয়ে ওঠে।
আমাদের অনেকেই ইবাদত বলতে মূলত নামাজ, রোজা, হজ ও জাকাতকেই বুঝে থাকি। এসব ইবাদত যথাযথভাবে পালন করাকে আমরা দ্বীনদারির গুরুত্বপূর্ণ পরিচয় মনে করি। অথচ সেই ব্যক্তিই যদি এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, অভাবী মানুষকে সাহায্য করা থেকে বিরত থাকে, ভিক্ষাপ্রার্থীকে তুচ্ছতাচ্ছিল্য করে ফিরিয়ে দেয়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে কিংবা পশুপাখির প্রতি নিষ্ঠুর আচরণ করে, তবে তার ইবাদতের প্রকৃত শিক্ষা কোথায়? ইবাদত যদি মানুষের চরিত্রে সততা, দয়া, ন্যায়বিচার ও দায়িত্ববোধের প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়, তাহলে আমাদের ধর্মীয় উপলব্ধি নিয়েও ভাবতে হবে।
পবিত্র কোরআনের সুরা আল-মাউনে আল্লাহতায়ালা এমন কিছু মানুষের বৈশিষ্ট্য তুলে ধরেছেন, আল্লাহতায়ালা বলেন, ‘তুমি কি তাকে দেখেছ, যে প্রতিদান দিবসকে অস্বীকার করে? সে-ই তো এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এবং মিসকিনকে খাবার দিতে উৎসাহিত করে না। অতএব দুর্ভোগ সেই নামাজিদের জন্য, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন; যারা লোক দেখানোর জন্য আমল করে এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী অন্যকে দিতে বিরত থাকে।’ (সুরা আল-মাউন : ১-৭)
এই আয়াতগুলো আমাদের সামনে এক গভীর বাস্তবতা তুলে ধরে। এতিমের প্রতি দুর্ব্যবহার, অভাবী মানুষের প্রতি উদাসীনতা এবং সামান্য সহযোগিতা করতেও অনীহা—এসব আচরণ ইসলামের নৈতিক শিক্ষার পরিপন্থী। এখানে নামাজের নিন্দা করা হয়নি; বরং নামাজের ব্যাপারে উদাসীনতা ও লোকদেখানো মনোভাবের নিন্দা করা হয়েছে। অর্থাৎ, ধর্মীয় পরিচয় ধারণ করার পাশাপাশি সেই ধর্মের শিক্ষা নিজেদের আচরণে ধারণ করাও অপরিহার্য।
ইসলামে আল্লাহর হক আদায়ের পাশাপাশি বান্দার হক আদায় করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করেন না।’ এই হাদিসের শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, মানুষের প্রতি দয়া, সহমর্মিতা ও সদাচরণ ধর্মীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ। ক্ষুধার্তকে খাবার দেওয়া, অসহায়ের পাশে দাঁড়ানো, এতিমের অধিকার রক্ষা করা, প্রতিবেশীর খোঁজ নেওয়া কিংবা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর না হওয়া—এসবই ইসলামের নৈতিক শিক্ষার গুরুত্বপূর্ণ প্রকাশ।
তাহলে প্রশ্ন জাগে, আমাদের ধর্মীয় চর্চায় এই বৈপরীত্য তৈরি হচ্ছে কেন? কেন আমরা ইবাদতের আনুষ্ঠানিকতায় যতটা যত্নশীল, মানুষের অধিকার রক্ষায় ততটা যত্নশীল নই? এর একটি কারণ হতে পারে, আমরা অনেক সময় ধর্মের বাহ্যিক অনুশীলনকে গুরুত্ব দিতে গিয়ে এর অন্তর্নিহিত শিক্ষা ও নৈতিক দায়িত্বগুলো উপেক্ষা করি। অথচ ইসলাম শুধু ইবাদতের বিধানই দেয়নি; দিয়েছে মানুষের সঙ্গে সদাচরণ, অসহায়ের পাশে দাঁড়ানো, এতিমের অধিকার রক্ষা এবং অভাবী মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শনের শিক্ষাও।
সুতরাং, ইবাদতকে কেবল কিছু আনুষ্ঠানিক আমলের মধ্যে সীমাবদ্ধ করে দেখার সুযোগ নেই। আল্লাহর হক আদায়ের পাশাপাশি মানুষের ন্যায্য অধিকার রক্ষা, অন্যায়ের প্রতিবাদ এবং সৃষ্টির প্রতি দয়া প্রদর্শনের মাধ্যমেও আমাদের ধর্মীয় দায়িত্বের বহিঃপ্রকাশ ঘটে। আমাদের এমন জীবন গড়ে তুলতে হবে, যেখানে মসজিদের ইবাদতের পাশাপাশি মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতা থাকবে; কোরআন তিলাওয়াতের পাশাপাশি কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার প্রচেষ্টাও থাকবে।
দিনশেষে আমাদের নিজেদের কাছেই প্রশ্ন রাখা উচিত—আমাদের ইবাদত কি শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ, নাকি তা আমাদের চরিত্র ও আচরণেও ইতিবাচক পরিবর্তন আনছে? আমরা কি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করার পাশাপাশি তার সৃষ্টির প্রতিও দায়িত্বশীল হচ্ছি? কারণ, ধর্মীয় জীবনের প্রকৃত সৌন্দর্য শুধু ইবাদতের বাহ্যিক রূপে নয়; বরং আল্লাহর প্রতি আনুগত্য এবং মানুষের প্রতি দায়িত্ববোধের সমন্বয়েই তা পূর্ণতা লাভ করে।






