নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়লে মুদি দোকান, হার্ডওয়্যার, ফার্মেসি, কাপড়ের দোকান, মোবাইল ও মাইক সার্ভিস, ডেকোরেশন, লন্ড্রি ও সেলুনসহ প্রায় ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
মাঝেরফাঁড়ি বাজার কমিটির সভাপতি মোহাম্মদ শোয়াইবুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ জন ব্যবসায়ীর তালিকা ও ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রস্তুত করা হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় দুই কোটি টাকার মতো আর্থিক ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের স্বপ্ন ও জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে পরিবারগুলো চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
ঘটনার পর চকরিয়া উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। শোয়াইবুল ইসলাম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।





