টাঙ্গুয়ার হাওর বাঁচাতে নালা খননের উদ্যোগ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে শুক্রবার নালা খননের সম্ভাব্যতা যাচাই করতে যান পাউবো কর্মকর্তারা


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি


| প্রিন্ট সংস্করণ


টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশ পুনরুদ্ধার, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে হাওরের নজরখালি অংশ থেকে হাতিরগাতা পর্যন্ত দীর্ঘ নালা বা দাইর খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজের সম্ভাব্যতা যাচাইয়ে গত শুক্রবার দিনভর হাওরের বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন টাঙ্গুয়ার হাওর জলাভূমি প্রতিবেশ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এই নালা খনন কার্যক্রম পরিচালিত হবে। সম্ভাব্যতা যাচাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হলে পানি উন্নয়ন বোর্ড খননকাজ বাস্তবায়ন করবে।


প্রতিবছর বর্ষায় মেঘালয় পাহাড়ি ঢলের সঙ্গে নেমে আসা পলিমাটিতে টাঙ্গুয়ার হাওরের বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। এতে হাওরের পানি ধারণক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি শুষ্ক মৌসুমে পানি না থাকায় মাছের প্রজনন ও বিচরণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে হাওরে পানি থাকা বা নেমে যাওয়ার প্রচলিত প্রাকৃতিক ধারাও বদলে গেছে। এতে বিপাকে পড়তে হচ্ছে কৃষিজীবীদের। এ অবস্থা থেকে উত্তরণে ভরাট বিল ও নালা পুনর্খননের মাধ্যমে পলি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।


পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা সম্ভাব্য বিলগুলোর বর্তমান অবস্থা, পলির পরিমাণ এবং পুনর্খননের উপযোগিতা পর্যবেক্ষণ করেন। পরে কর্মকর্তারা স্থানীয় সুশীল সমাজ ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। বর্তমান অবস্থায় নালা খননের ফলে মাছের বংশবৃদ্ধি, কৃষি কার্যক্রমের ওপর কী ধরনের প্রভাব পারে এবং উত্তোলিত পলি পরিবেশসম্মত উপায়ে অপসারণের বিষয়ে আলোচনা করা হয়। স্থানীয়রা জানান, ভরাট হয়ে যাওয়া নালা ও বিলগুলো সঠিকভাবে খনন করা হলে হাওরে মাছের উৎপাদন বাড়বে, জেলেদের জীবিকা সংস্থান হবে এবং স্বাভাবিক পানিপ্রবাহ ফিরে আসবে। পরিদর্শনকালে বাংলাদেশ পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমান, হোসাইন উদ্দিন সিদ্দিকী, উপপ্রধান প্রকৌশলী বেলাল উদ্দিন বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী মীর আবুল হাসেম, নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী মো. বদরুল ইসলাম, রনি দাশ ও উপসহকারী প্রকৌশলী মোতালেব হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ ইফতেখার হোসেন এবং সিএনআরএসের তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ ও সাইফুল চৌধুরী প্রতিনিধি দলে অংশ নেন।


পাউবো সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন বলেন, নজরখালী থেকে হাতিরগাতা পর্যন্ত নালা, রূপাভূঁই বিল ও রউয়্যা বিল খননের লক্ষ্যে যৌথ পরিদর্শনের মাধ্যমে সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। স্থানীয় উপকারভোগীদের মতামত নেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে পাউবো খনন কাজটি সম্পাদন করবে। সিএনআরএসের সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ বলেন, পরিকল্পিতভাবে বিলগুলো পুনর্খনন করা গেলে হাওরের পানি ধারণক্ষমতা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে। তবে উত্তোলিত পলি পরিবেশসম্মত উপায়ে ব্যবস্থাপনা করা জরুরি। স্থানীয় অধিবাসীদের প্রত্যাশা, সম্ভাব্যতা যাচাইয়ের পর দ্রুত খননকাজ শুরু হলে টাঙ্গুয়ার হাওর তার প্রাকৃতিক রূপ ফিরে পাবে।