প্রিপেইড মিটার বাতিলসহ চার দাবিতে অর্ধদিবস হরতাল কাল

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি


| প্রিন্ট সংস্করণ


প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে আগামীকাল সোমবার রংপুর নগরীতে অর্ধদিবস হরতাল ডেকেছে মহানগর নাগরিক কমিটি। হরতাল সফল করার লক্ষ্যে এরই মধ্যে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকের সঙ্গে মতবিনিময়, অফিস-আদালত, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ, পথসভা, পোস্টারিং এবং মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হয়েছে। গতকাল শনিবারও নগরীতে ব্যাপক প্রচার চালাতে দেখা যায়।


নাগরিক কমিটি জানায়, প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গত ১৯ নভেম্বর সংবাদ সম্মেলন করে হরতালের ঘোষণা দেয় মহানগর নাগরিক কমিটি। তাদের চার দফা হলো– আগের পোস্টপেইড মিটার পুনঃস্থাপন, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা প্রদান, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং বিদ্যুৎ খাতকে বেসরকারীকরণের তৎপরতা বন্ধ।


অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ তাঁর বার্তায় বলেন, ‘বিদ্যুৎ মুনাফার পণ্য নয়, জনতার অধিকার। বিদ্যুৎ বিভাগ একটি সেবামূলক প্রতিষ্ঠান, অথচ এখানে নাগরিক সেবা তো পরের কথা, ন্যূনতম জবাবদিহি নেই। জনমতের তোয়াক্কা না করে মুষ্টিমেয় দুর্নীতিবাজ ও লুটেরার স্বার্থে জবরদস্তিমূলক কায়দায় একতরফাভাবে প্রিপেইড মিটার প্রকল্প বাস্তবায়নে তারা মরিয়া হয়ে উঠেছেন। অথচ জনগণ এই প্রিপেইড মিটার চায় না। পোস্টপেইড মিটারের তুলনায় প্রিপেইড মিটারে গ্রাহকের দ্বিগুণ-তিন গুণ অর্থ ব্যয় করতে হচ্ছে। বাস্তবিক অর্থে প্রিপেইড মিটার জনগণের পকেট কাটার ফাঁদ এবং ভোগান্তির যন্ত্রে পরিণত হয়েছে। এটি তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রকল্প হলেও এখনও বহাল রয়েছে।’


তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারও বিগত সরকারের মতো দুর্নীতিবাজ ও লুটেরাদের স্বার্থ রক্ষা করে চলেছে। তা না হলে সারাদেশের কোটি কোটি বিদ্যুৎ গ্রাহকের সমস্যাকে কেন আমলে নিচ্ছে না?’ তিনি বিদ্যুৎ গ্রাহকদের ন্যায়সংগত দাবিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে হরতাল কর্মসূচি সফল করার আহ্বান জানান। হরতাল প্রসঙ্গে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক শামসুজ্জামান শামু গতকাল রাত ৮টায় মোবাইল ফোনে বলেন, আমরা হরতালের পক্ষে নেই। আবার নাগরিক কমিটির হরতালের বিপক্ষেও দাঁড়াব না। নাম প্রকাশে অনিচ্ছুক নগরীর কয়েকজন ব্যবসায়ী জানান, তারা এই হরতালকে সমর্থন করছেন। সেদিন তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবেন।