যশোর-ঝিনাইদহ ৬ লেন প্রকল্পে ক্ষতিপূরণ প্রাপ্তিতে বৈষম্য
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ
যশোর-ঝিনাইদহ ৪৭ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনে বৈষম্যের অভিযোগ উঠেছে। একই প্রকল্পের আওতায় যশোর অঞ্চলের ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পেয়েছেন। তবে ঝিনাইদহের কালীগঞ্জ এলাকার বাসিন্দারা পেয়েছেন শুধুই আশ্বাস। কালীগঞ্জের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, একই প্রকল্পের কারণে একই সময় ক্ষতির মুখে পড়া একটি অঞ্চলের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতিপূরণ বুঝে পেয়েছেন। অথচ তাদের এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, কৃষকসহ অন্যরা কোনো ক্ষতিপূরণ পাননি। তাদের দেওয়া হয়েছে আশ্বাস। যার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অনিশ্চয়তার মাঝে থাকা কালীগঞ্জের একাধিক ব্যবসায়ী ও শ্রমজীবী জানান, একাধিকবার আন্দোলন ও কর্তৃপক্ষের আশ্বাসের পরও সমাধান না হওয়ায় ওই অঞ্চলের প্রায় দেড় হাজার পরিবারের জীবিকা সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, ২০২২ সালে মহাসড়ক সম্প্রসারণের লক্ষ্যে উইকেয়ার প্রকল্প সংশ্লিষ্টরা ব্যবসায়ীদের বিনিয়োগ, আয়-ব্যয়, কর্মচারীর সংখ্যা ও বেতনের তথ্য সংগ্রহ এবং ভিডিও ধারণ করেন। সে সময় ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য আন্দোলনের কালীগঞ্জ শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন জানান, বছরের পর বছর ধরে ভাড়া দোকানে ব্যবসা করে তারা পরিবার চালাচ্ছেন। অনেকেই ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়েছেন। ক্ষতিপূরণ ও পুনর্বাসন ছাড়া হঠাৎ উচ্ছেদ করা হলে এই পরিবারগুলো পুরোপুরি নিঃস্ব হয়ে পড়বে। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক বায়োজিদ বোস্তামী বলেন, তারা কোনো অন্যায্য দাবি উত্থাপন করেননি। একই প্রকল্পে যশোরের ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার নজির রয়েছে। তাদেরও সেই অনুযায়ী ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার কথা। অথচ সেটা পাওয়ার জন্য তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এই ব্যবসায়ী নেতা জানান, দাবি আদায়ে ২০২৫ সালের ১৭ আগস্ট ও ২৩ নভেম্বর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়। শুনানিতে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পরে ২০২৬ সালের ১৬ জুলাই ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়ে ১০ জন ব্যবসায়ী ও শ্রমিক উচ্চ আদালতে রিট আবেদন করেন এবং তাদের পক্ষে রায় পান। জানা যায়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় উন্নয়নকাজে আপত্তি না জানিয়ে ব্যবসায়ীরা অবিলম্বে বৈষম্য দূর করে পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন। এই দাবিতে গত ২ নভেম্বর কালীগঞ্জ বাসস্ট্যান্ডে মানববন্ধন ও দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এক মাসের মধ্যে সমাধানের আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, আন্দোলনকারীদের দাবির বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। তবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এখনও কোনো নির্দেশনা পাওয়া যায়নি। উচ্চ আদালতের রায়ের লিখিত কপি হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ভুক্তভোগীদের জেলা অধিগ্রহণ শাখায় যোগাযোগের পরামর্শ দেন তিনি। ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হাসান জানান, বিষয়টির এখতিয়ার উই কেয়ার প্রকল্প কর্তৃপক্ষের। প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারাই বিষয়টি তদারকি করছেন এবং তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।




