নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির রাজস্থলী উপজেলায় শিশু পার্কে খেলাধুলা করতে গিয়ে মাথায় আঘাত পেয়ে ইফরান (৫) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলা মডেল মসজিদসংলগ্ন শিশু পার্কে এ দুর্ঘটনা ঘটে।
আহত ইফরান রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমছড়া পাড়া এলাকার বাসিন্দা বাবু ড্রাইভারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পার্কে খেলাধুলার একপর্যায়ে শিশুটি মাথায় গুরুতর আঘাত পায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও শঙ্কার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, শিশুদের নিরাপদ ও নির্বিঘ্ন বিনোদন নিশ্চিত করতে পার্কের পরিবেশ, খেলাধুলার রাইড ও সার্বিক নিরাপত্তা নিয়মিত তদারকির আওতায় আনা জরুরি। পাশাপাশি ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্কতা ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তাঁরা।




