ব্যাংকগুলােকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে
| প্রিন্ট সংস্করণ
রাজনৈতিক হস্তক্ষেপ, দুর্বল জবাবদিহি ও সুশাসনের অভাবে দেশের ব্যাংক খাতের ওপর জনগণের আস্থা তলানিতে নেমেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্যাংকগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে। পাশাপাশি খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, পরিচালকদের মেয়াদ নির্ধারণ, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত এবং ব্যাংক খাতে জবাবদিহি প্রতিষ্ঠায় কার্যকর সংস্কার প্রয়োজন। গতকাল শনিবার রাজধানীর হোটেল আমারিতে পাক্ষিক অর্থকণ্ঠের উদ্যোগে আয়োজিত ‘ব্যাংকিংয়ে নৈতিকতা: জবাবদিহি ও আস্থা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধে ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে. মুজেরী বলেন, খেলাপি ঋণ, যথাযথ যাচাই-বাছাই ছাড়া ঋণ বিতরণ এবং দুর্বল সুশাসন ব্যাংক খাতের প্রধান চ্যালেঞ্জ। ঋণ অনুমোদনের ক্ষেত্রে অনেক সময় রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত সম্পর্ক ভূমিকা রাখে। এতে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হয়। ঋণ দেওয়ার আগে যথাযথ মূল্যায়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি অনিয়ম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আগের বছরগুলোর বিশৃঙ্খল পরিস্থিতির পর অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধারে সরকার কাজ করছে। অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে কোনো পরিসংখ্যান অতিরঞ্জিত করা যাবে না। তিনি বলেন, ঋণগ্রহীতাদের চুক্তির শর্ত অনুযায়ী ঋণ পরিশোধের নৈতিক দায়িত্ব রয়েছে। তবে প্রকৃত অর্থনৈতিক পরিস্থিতির কারণে কোনো কোনো ক্ষেত্রে ঋণ পুনঃতপশিলের প্রয়োজন হতে পারে। অন্যদিকে ব্যাংকগুলোকেও ঋণগ্রহীতার সক্ষমতা যথাযথভাবে যাচাই করে ঋণ দিতে হবে। দায়িত্বহীনভাবে ঋণ বিতরণ করা যাবে না।
সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, দীর্ঘদিনের অনিয়মের কারণে ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। এসব অনিয়মের বিষয় সবারই জানা। সংস্কারের নামে নতুন করে গবেষণা বা প্রতিবেদন তৈরির প্রয়োজন নেই। ইতোমধ্যে অনেক প্রতিবেদন ও টাস্কফোর্সের সুপারিশ রয়েছে। বরং আগামী তিন থেকে ছয় মাসকে ব্যাংক খাতের ‘উদ্ধারকাল’ হিসেবে বিবেচনা করে সরকারকে কাজ করতে হবে। এ সময়ের জন্য তিন থেকে চার পৃষ্ঠার একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ করা উচিত।
বর্তমানে ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালকের দায়িত্বে থাকা মুসলিম চৌধুরী আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের সঙ্গে এর আইনি কাঠামোর সামঞ্জস্য থাকতে হবে। বাংলাদেশ ব্যাংক আদেশে গভর্নর ও ডেপুটি গভর্নরদের মেয়াদের সুরক্ষা দেওয়া হয়েছে। যথাযথ প্রক্রিয়া ছাড়া তাদের অপসারণের সুযোগ নেই। অথচ ডেপুটি গভর্নরদের এমন চুক্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে, যেখানে এক মাসের নোটিশে অপসারণ করা যায়। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক আদেশের সংস্কার প্রয়োজন। তিনি বলেন, দেশের অর্থনীতির আকার বিবেচনায় চার-পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রয়োজন আছে কিনা, তা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে এসব ব্যাংক এক বা দুটি ব্যাংকে একীভূত করা যেতে পারে। প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, ব্যাংক খাতের দুটি বড় দুর্বলতা হলো নৈতিকতা ও জবাবদিহির অভাব। কিছু ব্যাংকের প্রতি জনগণের আস্থা এখনও ভালো থাকলেও অনেক ব্যাংকের ক্ষেত্রে তা দুর্বল হয়ে পড়েছে। দীর্ঘ সময় ধরে একটি পরিবার বা গোষ্ঠীর হাতে ব্যাংকের মালিকানা ও পরিচালনার দায়িত্ব কেন্দ্রীভূত থাকা উচিত নয়। পরিচালকদের মেয়াদ সীমিত করার প্রস্তাবের পক্ষেও মত দেন তিনি।
দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ বলেন, গত দেড় থেকে দুই বছরে ব্যাংক খাতের ওপর জনগণের আস্থা অনেকটাই ভেঙে পড়েছে। এর প্রধান কারণ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা এবং সরকারের সীমাহীন হস্তক্ষেপ। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক প্রশান্ত কুমার ব্যানার্জি বলেন, বড় অঙ্কের অর্থায়নের জন্য ব্যাংকের পরিবর্তে পুঁজিবাজারকে শক্তিশালী করতে হবে। পুঁজিবাজারে বিনিয়োগকারীরা কয়েক বছর লভ্যাংশ না পেলেও বিনিয়োগ ধরে রাখতে পারেন। ফলে উদ্যোক্তারা দীর্ঘ সময় নিয়ে বিনিয়োগের অর্থ ফেরত দেওয়ার সুযোগ পান। কিন্তু ব্যাংকঋণের ক্ষেত্রে এক বছরের মধ্যেই কিস্তি পরিশোধের চাপ সৃষ্টি হয়। এ কারণে দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য পুঁজিবাজারের বিকাশ জরুরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থকণ্ঠের উপদেষ্টা সম্পাদক নাহিদুল খান। এতে আরও বক্তব্য দেন অর্থকণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম, নির্বাহী সম্পাদক সুমাইয়া জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এএফএম আসাদুজ্জামান।






