সৈয়দ আবদাল আহমদ
সতেরো নভেম্বর, ২০২৬। বিকাল ৩টা ১৬ মিনিট। পাবনার ঈশ্বরদীর পদ্মাপাড়ের রূপপুর থেকে যখন প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলো, তখন পুরো দেশ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো। বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশের নাম লেখা হলো।
রূপপুর যখন বাংলাদেশের জন্য এক আনন্দের খবর, ঠিক সেই মুহূর্তে আমার চোখের সামনে ভেসে উঠল তিন দশক আগের এক স্মৃতি। মনে পড়ে গেল ‘দৈনিক বাংলা’র সেই পুরোনো বার্তাকক্ষের কথা। আর মনে পড়ে গেল হুমায়ুন ভাইয়ের কথা। দৈনিক বাংলায় আমার সম্পাদক আহমেদ হুমায়ুন। তার সেই স্নেহমাখা অথচ দৃঢ় কণ্ঠস্বর।
নব্বইয়ের দশকের শুরুর দিক। আমি তখন দৈনিক বাংলায় কাজ করি। একদিন সম্পাদক আহমেদ হুমায়ুন আমাকে ডেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প নিয়ে একটি অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করার অ্যাসাইনমেন্ট দিলেন। হুমায়ুন ভাই সাংবাদিকতা জগতের এক অনন্য নাম। নতুন নতুন বিষয় মাথায় এলেই রিপোর্ট করাতেন। বিজ্ঞানের ছাত্র হওয়ায় তিনি বিজ্ঞান ও পরিবেশবিষয়ক রিপোর্ট আমাকে দিয়েই করাতেন। ষাটের দশকে শুরু হওয়া রূপপুর প্রকল্পটি কেন দশকের পর দশক ধরে ফাইলবন্দি হয়ে আছে, এর ভবিষ্যৎই বা কী—তা পাঠকদের সামনে তুলে ধরাই ছিল তার সেই অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা।
অ্যাসাইনমেন্টের সূত্র ধরে আমি রূপপুর প্রকল্পটির গভীরে যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু সেই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা ছাড়া তখন আর কোনো অগ্রগতি ছিল না। ফলে রিপোর্টটি করতে পারলাম না। এরই মধ্যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ প্রেস সচিব হিসেবে যোগদান করি প্রধানমন্ত্রীর কার্যালয়ে। একদিন দৈনন্দিন কর্মসূচিতে দেখি, রূপপুর প্রকল্পটি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ সভায় প্রধানমন্ত্রী সভাপতিত্ব করবেন। সভা শুরু হলে প্রকল্পটি আলোর মুখ দেখবে কি না, তা নিয়ে নীতিনির্ধারক ও বিজ্ঞানীদের মধ্যে চলছিল চুলচেরা পর্যালোচনা। কিন্তু শেষ পর্যন্ত সে সময় প্রকল্পটি অনুমোদন পায়নি। এর কারণ সভায় দুটি বড় যুক্তি সামনে এসেছিল। প্রথমত, বাংলাদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি দেশ, যেখানে পারমাণবিক স্থাপনার নিরাপত্তাঝুঁকি সামলানো কঠিন হতে পারে। দ্বিতীয়ত, এমন বিশাল ও স্পর্শকাতর প্রকল্প পরিচালনার মতো বিজ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতা তখনো আমাদের পুরোপুরি গড়ে ওঠেনি।
সাংবাদিকতা পেশায় ফিরে আসার পর অনেকবারই আমার মনে হয়েছে, হুমায়ুন ভাইয়ের দুটি অ্যাসাইনমেন্ট করা হয়নি; যেকোনো ফাঁকে রিপোর্টগুলো করতে হবে।
কিন্তু নানা ব্যস্ততা, সময়ের স্রোত আর প্রকল্পটির স্থবিরতার কারণে হুমায়ুন ভাইয়ের দেওয়া সেই বিশেষ রিপোর্টটি শেষ পর্যন্ত আর করা হয়ে ওঠেনি। পেশাগত জীবনের বহু প্রতিবেদন লিখলেও এই অ্যাসাইনমেন্ট না করতে পারার আক্ষেপ মনের কোণে রয়েই গিয়েছিল।
এরপর পদ্মায় অনেক পানি গড়িয়েছে। সময়ের বিবর্তনে বাংলাদেশের অর্থনীতি বড় হয়েছে, প্রযুক্তিতে এসেছে আমূল পরিবর্তন আর বেড়েছে আমাদের সক্ষমতা। ১৯৬১ সালে যে রূপপুরের মাটি নির্বাচন করা হয়েছিল, স্বাধীনতার পর সেই স্বপ্ন পুনরুজ্জীবিত করার চিন্তা করা হয় বিভিন্ন সরকারের আমলে। নানা চড়াই-উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় প্রকল্পটি শুরু করা হয়, যদিও বিশাল অঙ্কের টাকা লুটপাট করাও ছিল এ প্রকল্প শুরু করার তৎকালীন সরকারের অন্যতম একটি উদ্দেশ্য। যাই হোক, ২০২৬ সালের এই নভেম্বরে এসে তা পূর্ণতা পেল। আধুনিক প্রযুক্তির সর্বাধুনিক নিরাপত্তাব্যবস্থা আমাদের ঘনবসতিপূর্ণ দেশের পুরোনো শঙ্কাকে অতিক্রম করে প্রকল্পটি আলোর মুখ দেখল। রূপপুরের স্বপ্নপূরণে লাগল দীর্ঘ ৬৫ বছর।
আজ যখন সংবাদপত্রের পাতায় রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত হওয়ার খবর দেখছি, তখন সবচেয়ে বেশি মনে পড়ছে হুমায়ুন ভাইকে। কয়েক বছর আগে তিনি না ফেরার দেশে চলে গেছেন। আজ তিনি বেঁচে থাকলে নিশ্চয়ই ভীষণ খুশি হতেন। তিন দশক পেরিয়ে এক ঐতিহাসিক বাস্তবতার সামনে দাঁড়িয়ে আজ পরম তৃপ্তি নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতে ইচ্ছে করছে—‘হুমায়ুন ভাই, আপনার সেই অ্যাসাইনমেন্টটা হয়তো করতে পারিনি। তবে রূপপুর আলোর মুখ দেখেছে এবং এ প্রকল্প নিয়ে আমি লিখেছি। রূপপুর আজ কেবল স্বপ্ন নয়, রূপপুর আজ বাংলাদেশের আলো।’
রূপপুর থেকে যে পরিমাণ বিদ্যুৎ গ্রিডে যাবে
এখন পর্যন্ত দুই দফায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া হয়েছে। প্রথম দফায় টানা প্রায় সাড়ে আট ঘণ্টা ৩০০ থেকে ৩৭৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়। দ্বিতীয় দফায় টানা প্রায় ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। বর্তমানে কেন্দ্রটি কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। প্রকৌশলীরা টারবাইন, জেনারেটর ও গ্রিডের সমন্বয় যাচাই করার জন্য মাঝেমধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে যন্ত্রপাতি পরীক্ষা করছেন।
ধাপে ধাপে কারিগরি পরীক্ষা শেষ করে এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (BAERA) চূড়ান্ত অনুমোদন নিয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে (গ্রীষ্মকাল শুরুর আগে) প্রথম ইউনিট থেকে পুরোদমে (প্রায় ১১৫০ মেগাওয়াট) বাণিজ্যিক উৎপাদন ও সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের (১২০০ মেগাওয়াট) কাজ এখনো চলমান। দুটি ইউনিট পুরোদমে চালু হলে মোট দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে ২০২৭ সালের শেষ দিক থেকে ২০২৮ সালের মাঝামাঝি পর্যন্ত সময় লাগতে পারে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশি বিজ্ঞানী ও প্রকৌশলী এবং রাশিয়াসহ কয়েকটি দেশের বিদেশি বিশেষজ্ঞরা। কেন্দ্রটির সংশোধিত মোট প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে প্রায় এক লাখ ৩৯ হাজার কোটি টাকার বেশি। কেন্দ্রটি পরিচালনার মূল দায়িত্বে রয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (NPCBL) এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC)। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও এমআইএসটিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস করা এবং রাশিয়া ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) থেকে দীর্ঘমেয়াদি উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশি নিউক্লিয়ার প্রকৌশলী ও বিজ্ঞানীরা এখন কেন্দ্রটির কন্ট্রোল রুম ও কারিগরি বিভাগে কাজ করছেন।
কেন্দ্রটির মূল নির্মাতা ও প্রযুক্তি সরবরাহকারী রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের (Rosatom) অধীনস্থ প্রকৌশলী ও নিউক্লিয়ার বিজ্ঞানীরা বর্তমানে স্টার্টআপ, কমিশনিং এবং নিরাপত্তা তদারকির কাজ করছেন। চুক্তি অনুযায়ী, চূড়ান্তভাবে বাংলাদেশিদের কাছে দায়িত্ব হস্তান্তরের আগে নির্দিষ্ট সময় পর্যন্ত তারা কেন্দ্র পরিচালনায় সরাসরি যুক্ত থাকবেন।
প্রকল্পের নির্মাণ, কমিশনিং ও পরিচালনা মিলিয়ে প্রায় পাঁচ হাজার বিদেশি নাগরিক এই প্রকল্পে কাজ করছেন (যার মধ্যে সরাসরি রিঅ্যাক্টর ও মূল প্ল্যান্ট পরিচালনার কারিগরি বিশেষজ্ঞ ও প্রকৌশলী রয়েছেন কয়েকশ থেকে দেড় হাজারের মতো; বাকিরা নির্মাণ ও সহায়ক কাজে যুক্ত)। বিদেশি বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের সিংহভাগই রাশিয়ার নাগরিক। এছাড়া এই প্রকল্পে কাজ করছেন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অভিজ্ঞ বেলারুশীয় প্রকৌশলী ও প্রযুক্তিবিদ। সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ও ট্রান্সমিশন লাইন-সংক্রান্ত কাজে ভারতীয় প্রকৌশলী ও বিশেষজ্ঞরা যুক্ত আছেন। কারিগরি ও সহায়ক প্রকৌশল কাজে ইউক্রেন ও সাবেক সোভিয়েত অঞ্চলের কতিপয় বিশেষজ্ঞ রয়েছেন।
প্রকল্পটি শুরুর সময় (২০১৬ সালে) এর ব্যয় ধরা হয়েছিল এক লাখ ১৩ হাজার ৯২ কোটি টাকা (১২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার)। তবে পরবর্তী সময়ে প্রকল্পের মোট ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বেড়ে এক লাখ ৩৯ হাজার ২৭৪ কোটি টাকা (কিছু হিসাবে এক লাখ ৩৯ হাজার ৭৪১ কোটি টাকা) নির্ধারণ করা হয়েছে। এই মোট ব্যয়ের মধ্যে রাশিয়ার ঋণ (১১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার) বাংলাদেশি মুদ্রায় দাঁড়িয়েছে প্রায় এক লাখ ১৬ হাজার ৮০০ কোটি টাকা এবং বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হচ্ছে প্রায় ২২ হাজার ৪৭৫ কোটি টাকা। প্রকল্পের ভৌত অবকাঠামো ও প্রথম ইউনিটের কাজ প্রায় শেষ হওয়ায় মোট বরাদ্দের ৮০ শতাংশের বেশি অর্থ (প্রায় এক লাখ কোটি টাকার কাছাকাছি) এরই মধ্যে ব্যয় হয়ে গেছে। দ্বিতীয় ইউনিটের বাকি কাজ ও কমিশনিং শেষ হতে অবশিষ্ট অর্থ ব্যয় হবে।
প্রথম উদ্যোগটি যেভাবে নেওয়া হয়েছিল
পাকিস্তান আমলে প্রথম উদ্যোগ নেওয়ার ৬৫ বছর পর (১৯৬১ থেকে ২০২৬ সাল) এবং মূল নির্মাণকাজ শুরুর ৯ বছর পর (২০১৭ থেকে ২০২৬ সাল) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আলোর মুখ দেখল।
তৎকালীন পাকিস্তান আমলে ১৯৬১ সালে পাবনার রূপপুরে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয় এবং সে সময় ২৬০ একর জমিও অধিগ্রহণ করা হয়েছিল। কিন্তু রাজনৈতিক বৈষম্য ও অর্থায়নের অভাবে তা আর এগোয়নি। স্বাধীনতার পর প্রকল্পটি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়। এরপর দীর্ঘ কয়েক দশক বিভিন্ন সময়ে সম্ভাব্যতা যাচাই ও আলোচনা চললেও মূল কাজ শুরু হয়নি। ২০০৯ সালে রাশিয়ার সঙ্গে পারমাণবিক শক্তির বিষয়ে সমঝোতা স্মারক সই হয় এবং ২০১১ সালে মূল চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর ২০১৩ সালের অক্টোবরে প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০১৭ সালের নভেম্বরে প্রথম ইউনিটের প্রথম কংক্রিট ঢালাইয়ের (FCD) মাধ্যমে কেন্দ্রটির মূল অবকাঠামো নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
রূপপুর নিয়ে দুর্নীতি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প ঘিরে প্রধানত দুটি বড় ধরনের দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ দেশের সর্বাধিক আলোচিত বিষয়। প্রথমটি হলো ২০১৯ সালে ফাঁস হওয়া বহুল আলোচিত ‘বালিশ কাণ্ড’ এবং দ্বিতীয়টি হলো ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সামনে আসা প্রকল্পের মূল চুক্তি থেকে ৫০০ কোটি ডলার (প্রায় ৫৯-৬০ হাজার কোটি টাকা) আত্মসাতের অভিযোগ।
২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রকল্পের মূল নির্মাণব্যয় ও অর্থায়নে বিশাল অঙ্কের দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ পাওয়া যায়, প্রকল্পের ব্যয় কৃত্রিমভাবে বাড়িয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের মাধ্যমে ৫০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯ থেকে ৬০ হাজার কোটি টাকা) আত্মসাৎ ও পাচার করা হয়েছে। এই অর্থ মালয়েশিয়ার বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরানো হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।
হাইকোর্টে দায়ের করা একটি রিট এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে পলাতক শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা, ভাগনি ও সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবং পলাতক প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের নাম উঠে এসেছে। টিউলিপ সিদ্দিক রাশিয়ার সঙ্গে এই চুক্তির মধ্যস্থতায় ভূমিকা রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে, যা নিয়ে যুক্তরাজ্যেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
২০২৪ সালের ডিসেম্বরে দুদক আনুষ্ঠানিকভাবে এই অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের তদন্ত শুরু করে। এরই মধ্যে দুদক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ করেছে এবং তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন জানিয়েছে।
বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য নির্মিত ‘গ্রিন সিটি’ আবাসন প্রকল্পের ভবনগুলোয় আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী কেনাকাটায় নজিরবিহীন দুর্নীতির তথ্য ২০১৯ সালের মে মাসে গণমাধ্যমে প্রকাশ পায়। বাজারে যে বালিশের দাম ২৫০ থেকে ৩০০ টাকা, প্রকল্পে তার ক্রয়মূল্য দেখানো হয়েছিল পাঁচ হাজার ৯৫৭ টাকা এবং নিচ থেকে ভবনের ওপরে তোলার খরচ দেখানো হয়েছিল প্রতিটি ৭৬০ থেকে ৯৩১ টাকা। পরবর্তী সময়ে ২০২৬ সালের মে মাসে প্রকাশিত এক অডিট প্রতিবেদনে দেখা যায়, প্রকল্পের কিছু ক্ষেত্রে একটি বালিশের দাম সর্বোচ্চ ৮৯ হাজার ৯০০ টাকা পর্যন্ত দেখানো হয়েছিল। বালিশ ছাড়াও প্রতিটি খাট ৪৩ হাজার ৩৫৭ টাকা, ডাইনিং টেবিল এক লাখ ১৪ হাজার ৬৭৪ টাকা এবং কমফোর্টার ১৬ হাজার ৮০০ টাকায় কেনার বিল করা হয়েছিল। মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের অনুমোদন এড়াতে প্রায় ১৬৯ কোটি টাকার কেনাকাটাকে ৩০ কোটি টাকার নিচে রেখে ছয়টি ছোট প্যাকেজে ভাগ করা হয়েছিল। তদন্তে প্রায় ৩১ থেকে ৩৬ কোটি টাকা সরাসরি আত্মসাতের প্রমাণ মেলে।
লেখক: সিনিয়র সাংবাদিক (বর্তমানে সরকারের প্রধান তথ্য কর্মকর্তা)






