মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।


শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আরাফাত পরিবহনের একটি বাস বাসস্ট্যান্ডে পার্কিং করা ছিল। এ সময় বাসটির পেছনের দিকের আসনে আগুন দেখতে পান অন্য বাসের হেলপাররা। তারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটির পেছনের অংশ ও কয়েকটি আসন পুড়ে যায়।


মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল আহমেদ জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।


খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও আতাউর রাব্বি ও পুলিশ সদস্যরা। এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


ইউএনও আতাউর বলেন, ‘কে বা কারা আগুন লাগিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে।’