নিজস্ব প্রতিবেদক
তাবলিগি জামাতের একাংশের আমির মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভির কিছু বক্তব্যকে আকিদা ও দ্বীনি ব্যাখ্যার ক্ষেত্রে গুরুতর বিচ্যুতি হিসেবে উল্লেখ করেছেন উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের উস্তাদুল হাদিস হজরত মাওলানা সালমান বিজনুরি নকশবন্দি। তিনি স্পষ্ট করেছেন, মাওলানা সাদের এসব বক্তব্যের সঙ্গে আকাবিরে দেওবন্দের চিন্তাধারা ও কর্মপদ্ধতির মৌলিক পার্থক্য রয়েছে এবং এই সমালোচনার পেছনে কোনো ব্যক্তিগত বিদ্বেষ, পারিবারিক বিরোধ কিংবা আর্থিক স্বার্থ জড়িত নেই।
সম্প্রতি দেওয়া এক ব্যাখ্যামূলক বক্তব্যে তিনি এসব বিষয় তুলে ধরেন বলে জানান তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। বক্তব্যে তাবলিগি জামাতের চলমান সংকট, মাওলানা সাদ কান্ধলভির বিভিন্ন বক্তব্য নিয়ে আলেমদের আপত্তি এবং এ বিষয়ে দারুল উলুম দেওবন্দের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
মাওলানা সালমান বিজনুরি বলেন, দ্বীনকে সঠিকভাবে সংরক্ষণ করা, দ্বীনের নামে ভুল বিষয় প্রচারের প্রতিবাদ করা এবং দ্বীনের ভুল ব্যাখ্যা সংশোধন করা আলেমদের অন্যতম দায়িত্ব। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পর থেকেই কোরআন-সুন্নাহর দলিল ও ইখলাসের ভিত্তিতে বিভ্রান্তিকর চিন্তাধারার প্রতিবাদ করে আসছে।
মাওলানা সাদের বিষয়ে দারুল উলুম দেওবন্দের আপত্তির কারণ ব্যাখ্যা করে এই মুহাদ্দিস বলেন, এ সমালোচনার পেছনে তাঁর প্রতি কোনো হিংসা বা শত্রুতা নেই। অর্থনৈতিক সম্পদ কিংবা তাবলিগি জামাতের অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টিরও এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। বরং মাওলানা সাদ এমন একটি সম্মানিত পরিবারের সদস্য, যে পরিবার জামাতে দেওবন্দের মধ্যে সব সময় মর্যাদার অধিকারী। তাঁর পরিবারের প্রতি আমাদের বিশেষ ভালোবাসা ও সম্মান রয়েছে। তবে দারুল উলুম দেওবন্দ নিজেদের ঘনিষ্ঠজনদের ভুলের ক্ষেত্রেও দায়িত্বশীলতার পরিচয় দেয়; কোনো ব্যক্তি ঘনিষ্ঠজন হওয়ায় তাঁর ভুলের বিষয়ে নীরব থাকা প্রতিষ্ঠানের নীতি নয়।
তাবলিগি জামাতের কর্মপদ্ধতি নিয়ে দীর্ঘদিনের আপত্তির প্রসঙ্গ টেনে তিনি জানান, হজরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস (রহ.)-এর সময় থেকেই তাবলিগের বিভিন্ন আমল ও কর্মপদ্ধতির শ্রেণিবিন্যাস নিয়ে আলেমদের মধ্যে প্রশ্ন ছিল, যার জবাবে শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া (রহ.) পৃথক রিসালা রচনা করেছিলেন। এ ছাড়া অতীতে মাওলানা মানজুর নোমানি (রহ.) ও মাওলানা সাইয়েদ আবুল হাসান আলী নদভি (রহ.)-এর মতো মনীষীরাও তাবলিগি কাজের সংশোধনের চেষ্টা করেছেন, যার বিস্তারিত তথ্য ১৯৫৩ সালের ‘আল-ফুরকান’ পত্রিকায় পাওয়া যায়।
তবে মাওলানা সাদের সাম্প্রতিক কিছু বক্তব্য সামনে আসার পর পরিস্থিতি আরও গুরুতর হয়েছে মন্তব্য করে মাওলানা সালমান বিজনুরি বলেন, এসব বক্তব্যের কিছু অংশ সাধারণ ভুলের পর্যায়ে সীমাবদ্ধ নয়; বরং আকাবিরদের কর্মপদ্ধতি থেকে বিচ্যুতি এবং কিছু ক্ষেত্রে আকিদাসংশ্লিষ্ট বিষয়েও আপত্তির অবকাশ তৈরি করেছে, যার গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া কঠিন।
দারুল উলুম দেওবন্দের বর্তমান মুহতামিমের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি মুহতামিম সাহেব তাঁর দরসে কিছু বক্তব্য দেওয়ার পর ভুল বোঝাবুঝির আশঙ্কা তৈরি হলে তিনি চার মিনিটের একটি রেকর্ডিং প্রকাশ করেন। মুহতামিম সাহেবের বক্তব্যই দারুল উলুম দেওবন্দের প্রাতিষ্ঠানিক অবস্থান এবং প্রতিষ্ঠানের অবস্থান প্রকাশের দায়িত্ব তারই।
মাওলানা সাদের উদ্দেশে তিনি বলেন, কেবল ভালোবাসা ও ঐক্যের কথা বললে মূল সমস্যার সমাধান হবে না। বরং মাওলানা সাদের উচিত নিজের বক্তব্য ও চিন্তাধারা নিয়ে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা। কারণ, তাঁর কারণে জামাতে দেওবন্দের মধ্যে বিভক্তি ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং অন্যরা এ পরিস্থিতি থেকে সুযোগ নেওয়ার অবকাশ পাচ্ছে।
বক্তব্যের শেষাংশে শিক্ষার্থীদের আবেগ বা ব্যক্তিগত সম্পর্কের বদলে ইলমি দলিল ও সততার সঙ্গে বিষয়গুলো পর্যালোচনার আহ্বান জানিয়ে মাওলানা সালমান বিজনুরি বলেন, তাঁদের বিরোধ কোনো ব্যক্তির সঙ্গে নয়, বরং ভুল চিন্তাধারা ও মতাদর্শের সঙ্গে। দারুল উলুম দেওবন্দের মূল দায়িত্ব হলো দ্বীনি চিন্তাধারা ও আকাবিরদের কর্মপদ্ধতির সুরক্ষা করা।






