অপরাজেয় রেকর্ড ধরে রাখার লড়াইয়ে পিএসজি-বার্সেলোনা
নিজস্ব প্রতিবেদক
ইউরোপীয় ফুটবলের দুই বড় নাম মুখোমুখি হচ্ছে প্যারিসে। চ্যাম্পিয়নস লিগের ২০২৬-২৭ মৌসুমের লিগ পর্বের তৃতীয় ম্যাচডেতে পার্ক দে প্রাঁসে নামছে পিএসজি ও বার্সেলোনা। দুই দলই আছে দারুণ ছন্দে। তাই লড়াইটা হবে একেবারে সমানে সমান। পিএসজির কোচ লুইস এনরিকে মুখোমুখি হচ্ছেন নিজের সাবেক ক্লাবের। অন্য প্রান্তে বার্সেলোনার দায়িত্বে আছেন হান্সি ফ্লিক।
এনরিকের সামনে তাই দ্বিগুণ তাগিদ। ঘরের মাঠে পূর্ণ তিন পয়েন্ট পেলে পিএসজি গতি ধরে রাখতে পারবে। অন্যদিকে বার্সেলোনা প্যারিসে এসেছে নিজেদের দুর্দান্ত জয়ের ধারা টেনে নিয়ে যেতে। লিগ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে পিএসজি। দুইয়ে আছে বার্সেলোনা। তাই ম্যাচটি শীর্ষ অবস্থান শক্ত করারও লড়াই।
পিএসজি নামছে টানা পাঁচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে। চ্যাম্পিয়নস লিগ ও ফ্রেঞ্চ লিগ ওয়ানে তারা পাঁচ ম্যাচেই জিতেছে। এই সময়ে ইউরোপে স্লোভান ব্রাতিসলাভাকে তারা ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে। লিগ ওয়ানে লে মান্সকে হারিয়েছে ৩-১ ব্যবধানে। সবচেয়ে বড় পরীক্ষাটা এসেছিল ১৪ অক্টোবর। সেদিন ম্যানচেস্টার সিটির মাঠে গিয়ে ৪-২ গোলে জিতেছে পিএসজি।
১৭ অক্টোবর ফ্রেঞ্চ লিগ ওয়ানে স্ট্রীসবুর্গের মাঠে নেমেছিল পিএসজি। শেষ হাসি হাসে পিএসজি, ৩-১ গোলের জয়। গোল করার ক্ষমতা আর প্রতিপক্ষকে আটকে রাখার দক্ষতা, দুটোই দেখিয়েছে এনরিকের দল। এই ম্যাচের আগে ফরমে ফিরেছেন দেম্বেলে, ম্যাগনেস আকলিউশ ও খিচা কভারাতসখেলিয়া। হাই-ভোল্টেজ লড়াইয়ে তারাই হতে পারেন পিএসজির বড় অস্ত্র।
বার্সেলোনা প্যারিসে যাচ্ছে আগুন ঝরানো ফর্ম নিয়ে। লা লিগায় রিয়াল বেতিসের মাঠে তারা জিতেছে ৫-২ গোলে। এর আগে ১৩ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে গালাতাসারাইকে ৪-১ গোলে হারিয়েছে ফ্লিকের দল। অর্থাৎ শেষ দুই ম্যাচে বার্সেলোনা করেছে ৯ গোল। বার্সেলোনাও টানা পাঁচ ম্যাচ অপরাজিত। এর মধ্যে আছে লা লিগায় রেসিং সান্তানদের বিপক্ষে ৭-২ গোলের বড় জয়। আক্রমণে ধার আছে, রক্ষণেও আছে দৃঢ়তা। ফ্লিকের দলের এই দুই গুণই এখন সবচেয়ে বড় শক্তি।
দুই দলের সাম্প্রতিক দেখায় এগিয়ে পিএসজি। চ্যাম্পিয়নস লিগে শেষ পাঁচ মুখোমুখি লড়াইয়ে তারা জিতেছে তিনটি। বার্সেলোনা জিতেছে একটি। একটি ম্যাচ ড্র হয়েছে। এই পাঁচ ম্যাচে পিএসজির গোল ১৩টি, বার্সেলোনার ৭টি। সর্বশেষ দেখা হয়েছিল ২০২৫ সালের অক্টোবরে। বার্সেলোনার মাঠে সেদিন ২-১ গোলে জিতেছিল পিএসজি। তবে প্যারিসের মাঠে বার্সেলোনারও আছে মধুর স্মৃতি। ২০২৪ সালের এপ্রিলে সেখানে ৩-২ গোলে জিতেছিল কাতালান জায়ান্টরা।
পিএসজি-বার্সেলোনা ম্যাচটি শুরু হবে রাত ১টায়। আজ একই রাতে মাঠে নামছে আরও ১৬ দল। বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে খেলবে ফেনারবাচে-স্লাভিয়া এবং সাবাহ-ডর্টমুন্ড। রাত ১টায় মাঠে নামবে রোমা-স্লোভান ব্রাতিসলাভা, পোর্তো-পিএসভি, লিভারপুল-ভিয়ারিয়াল, ম্যানসিটি-এথেন্স, নাপোলি-বোডো/প্লিমট এবং স্টুটগার্ট-অ্যাতলেটিকো মাদ্রিদ।