জামায়াত নেতার হাতে মসজিদের খতিব লাঞ্ছিতের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি


কুমিল্লার চৌদ্দগ্রামে মসজিদের খতিব নিয়োগকে কেন্দ্র করে জুমার নামাজ পড়াতে গিয়ে বর্তমান খতিবকে মারধর ও লাঞ্চিত করার অভিযোগ উঠেছে স্থানীয় চার ব্যক্তির বিরুদ্ধে। শনিবার দুপুরে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে মসজিদ কমিটি সাংবাদিক সম্মেলন করে। এ ঘটনায় ভুক্তভোগী আবদুল মমিন বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেছেন।


থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, আবদুল মমিন দীর্ঘদিন ধরে ওই মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। গত শুক্রবার দুপুরে মসজিদে নামাজ পড়ানোর উদ্দেশ্যে প্রবেশের সময় অভিযুক্তরা একজোট হয়ে তাঁর পথরোধ করেন। এক পর্যায়ে তারা তাঁকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারেন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করেন।


মসজিদ কমিটির সিনিয়র সহসভাপতি এসএম সিরাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মসজিদের খতিব আবদুল মমিনকে নিয়োগ দেওয়া হয়েছে। মসজিদ কমিটি নতুন খতিব নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মসজিদ কমিটির সভাপতির অনুরোধে তিনি নিজে খতিব আবদুল মমিনকে গত শুক্রবারে না আসার জন্য অনুরোধ করেন। এরপরও মসজিদে আসায় হট্টগোল তৈরি হয়।


ভুক্তভোগী খতিব আবদুল মমিন বলেন, তিনি বাহেরগড়া শাহ সাহেব মসজিদের খতিব পদে ৪ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু সম্প্রতি জামায়াতের স্থানীয় কিছু লোক তাঁকে অন্যায়ভাবে অপসারণ করার পাঁয়তারা করছে। গত শুক্রবার তিনি নামাজ পড়াতে গেলে জামায়াত নেতা সুমনসহ চার-পাঁচজন তাঁকে মারধর করেন। এই ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।


অভিযুক্ত জামায়াত নেতা শরিফ হোসেন সুমন বলেন, ‘খতিবকে আগে থেকেই মসজিদে না আসার জন্য সভাপতি ও সহসভাপতি নিষেধ করেছিলেন। কিন্তু তারপরও তিনি এসেছিলেন এবং নামাজ না পড়ানো নিয়ে আমার সঙ্গে তর্কে জড়িয়েছেন। এক পর্যায়ে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।’


চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন জানান, মসজিদের খতিবকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন তারা। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।