ছাত্রলীগ কর্মীকে না পেয়ে চা দোকানি ভাইকে ধরে নিয়ে গেল পুলিশ

নেত্রকোনা প্রতিনিধি


নেত্রকোনার মোহনগঞ্জে ছাত্রলীগ কর্মীকে বাড়িতে না পেয়ে তাঁর বড় ভাই চা দোকানি দিদারুল ইসলাম দিদারকে ধরে নিয়ে গেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের নওহাল গ্রামের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানার পুলিশ।


দিদারুল ইসলাম কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে দাবি করেছেন স্থানীয়রা। তিনি মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়ায় স্লুইসগেটের পাশে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। নওহাল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে। তাঁর ছোট ভাই দিনার মিয়ার (১৭) বিরুদ্ধে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।


জানা গেছে, মোহনগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোমেন হোসেনের নেতৃত্বে একটি মশাল মিছিলের ভিডিও গত শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ছাত্রলীগ কর্মী দিনারকে গ্রেপ্তার করতে তাঁর বাড়িতে যায় পুলিশ। তাঁকে না পেয়ে বড় ভাই দিদারুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ে যায়।


সামাজিক মাধ্যমে বিষয়টির নিন্দা জানিয়েছেন নওহাল গ্রামের শেখ নওসের আলী শাহীন ও আতিক হাসান জয়। তাদের দাবি, দিদারুল একজন সহজ-সরল মানুষ। চায়ের দোকান করে সংসার চালান। ছোট ভাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বড় ভাইকে গ্রেপ্তার করার বিষয়টি অন্যায়। ছোট ভাইয়ের রাজনৈতিক পরিচয়ের কারণে বড় ভাইকে গ্রেপ্তার করা জুলুম।


মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম হারুন জানান, দিদারুল ইসলামকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তিনি আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী। তাঁর দাবি, দিদারুল আওয়ামী লীগ পরিবারের সদস্য হওয়ায় এ ধরনের ঘটনা বা কর্মকাণ্ডের সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়টি নতুন কিছু নয়। তাঁর ছোট ভাই দিনারও ছাত্রলীগের প্রতিটি মিছিলে উপস্থিত থাকতেন এবং নেতৃত্ব দিতেন। তারা একই রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় বিষয়টি আলাদা করে বলার অপেক্ষা রাখে না।