ক্রোড়পত্রে শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ না বলায় ছাত্রদলের প্রতিবাদ
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রকাশিত ক্রোড়পত্রে শেখ হাসিনার নামের আগে ‘ফ্যাসিস্ট’ শব্দ ব্যবহার না করা এবং ২০০৬ সালের লগি-বৈঠা আন্দোলনের ঘটনাকে সাধারণীকরণের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আলোচনা সভা বর্জন করেছে শাখা ছাত্রদল। পরে শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিতসহ কয়েকটি দাবিতে আন্দোলনে নামেন সংগঠনটির নেতাকর্মীরা। তাদের দাবির মুখে জরুরি কার্যনির্বাহী কমিটির সভা করে কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক ফোরাম।
শনিবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করে। তবে ছাত্রদলের এ আন্দোলনকে নিজেদের সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছেন শিক্ষক ফোরামের একাংশ।
ছাত্রদল ও শিক্ষক ফোরাম সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন এবং একটি ক্রোড়পত্র প্রকাশ করে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। ক্রোড়পত্র প্রকাশের পর এতে শেখ হাসিনার নামের আগে ‘ফ্যাসিস্ট’ শব্দ ব্যবহার না করা এবং ২০০৬ সালের লগি-বৈঠা আন্দোলনের তাণ্ডবের ঘটনাকে সাধারণীকরণের অভিযোগ তোলে ছাত্রদল। এ প্রতিবাদে তারা আলোচনা সভা বর্জন করে।
পরে আলোচনা সভা শেষে শিক্ষকরা বিশ্ববিদ্যালয় ক্লাব ভবন জুবেরীতে যান। এ সময় ভবনের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। ক্রোড়পত্র লেখার দায়িত্বে থাকা শিক্ষকদের বহিষ্কার এবং শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিতসহ কয়েকটি দাবিতে তারা স্লোগান দেন।
একপর্যায়ে ছাত্রদলের দাবির মুখে জরুরি কার্যনির্বাহী কমিটির সভা করে শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক গোলাম ছাদিক বলেন, ‘আমাদের ক্রোড়পত্রে কিছু বিভ্রাট ছিল। এ জন্য আমরা দুঃখও প্রকাশ করেছি। তারপরও তাদের দাবির মুখে জরুরি কার্যনির্বাহী সভা করে কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা দুঃখ প্রকাশ এবং লেখার দায়িত্বে থাকা শিক্ষকদের বহিষ্কারের নিশ্চয়তা দেওয়ার পরও কেন সংগঠন বিলুপ্তির দাবি করা হলো, তা আমার কাছে পরিষ্কার নয়।’
নাম প্রকাশ না করার শর্তে ফোরামের দুই জ্যেষ্ঠ অধ্যাপক বলেন, বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষকদের তিনটি সংগঠন রয়েছে। তাদের মতে, শিক্ষক ফোরামের বিরুদ্ধে ছাত্রদলের এমন আন্দোলন উদ্দেশ্যপ্রণোদিত। জাতীয় পর্যায়ের সংগঠনের পাশাপাশি বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষকদের নিজস্ব সংগঠনও থাকে। এসব সংগঠন বিভিন্ন নির্বাচনে ভূমিকা রাখে। ফলে শিক্ষক ফোরামের বিরুদ্ধে এমন অবস্থান ক্যাম্পাসে জাতীয়তাবাদী শিক্ষকদের স্বার্থ সুরক্ষার ক্ষেত্রে দুর্বলতা তৈরি করবে।
অন্যদিকে ছাত্রদলের অভিযোগ, শিক্ষক ফোরামের সঙ্গে জামায়াতপন্থী শিক্ষকদের যোগসাজশ রয়েছে। সংগঠনটির দায়িত্বে থাকা অনেক শিক্ষক পরবর্তী সময়ে জামায়াতের রাজনীতিতে সক্রিয় হয়েছেন। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গেও তাদের যোগসাজশ রয়েছে বলে দাবি সংগঠনটির।
শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেন, ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম তাদের ক্রোড়পত্রে নিষিদ্ধ আওয়ামী লীগকে সাধারণীকরণের চেষ্টা করেছে। তাদের সংগঠনের অনেক দায়িত্বশীল নেতা পরবর্তী সময়ে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন বলে প্রমাণিত হয়েছে। এ ছাড়া ক্যাম্পাসে জাতীয়তাবাদী শিক্ষকদের তিনটি সংগঠন রয়েছে। আমরা চাই, সবাই এক ছাতার নিচে আসুক। শিক্ষক ফোরাম রাজনীতি করতে চাইলে এসব গুপ্ত ব্যক্তিকে বাদ দিয়ে চলতে হবে।’






