কুমিল্লায় নিখোঁজের পরদিন ধানক্ষেতে মিলল ৪ সন্তানের জননীর মরদেহ
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় নিখোঁজের চার দিন পর ধান ক্ষেত থেকে হাসিনা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) দুপুরে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ছাতিয়ানী পশ্চিমপাড়া এলাকার একটি ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।তিনি ওই এলাকার মো. আবুল কালামের স্ত্রী। হাসিনার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যার পর থেকে হাসিনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন রোববার দুপুরে ছাতিয়ানী পশ্চিমপাড়ার একটি ধান ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। এলাকাবাসীর দাবি, শনিবার সকালে স্বামীর সঙ্গে হাসিনার কথা-কাটাকাটি ও ঝগড়া হয়েছিল। তবে পলাতক থাকায় এ বিষয়ে তার স্বামীর বক্তব্য জানা যায়নি।
রাতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক আছেন। বিষয়টির তদন্ত চলছে।






