অনলাইন প্রতিবেদক
পহেলা ডিসেম্বর বিএনপির বিজয় সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে না করে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রোববার (২৯ নভেম্বর) সকালে যৌথ সভা শেষে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘দেশে কোনো লকডাউন নেই, সব কিছু স্বাভাবিকভাবে চলছে, কোনো অবৈধ সংগঠনের দেয়া কর্মসূচি জনগণ পরোয়া করে না।’
দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা যারা করছে, এদের প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সদা তৎপর থাকার আহ্বান জানান রিজভী।
তিনি বলেন, ‘আজও পরাজিত শক্তি নানাভাবে, নানা দিক থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য প্রতিদিন কোথাও না কোথাও তারা ককটেল বিস্ফোরণ করছে, তারা পেট্রোল ছিটাচ্ছে, বিভিন্ন স্থাপনাগুলোতে আগুন দিচ্ছে এবং নানাভাবে তারা মানুষ হত্যা করে যাচ্ছে। সরকার এভাবে, সরকার এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ, এটাকে সামাল দেয়ার চেষ্টা করছেন শান্তিপূর্ণভাবে। কিন্তু আমি তারপরেও বলব যে সরকারের যে আইনশৃঙ্খলা বাহিনী, তাদের আরও তৎপরতা দেখাতে হবে। তাদেরকে আরও সক্রিয় হতে হবে। কি করে দুষ্কৃতিকারীরা বিভিন্ন এলাকায় গিয়ে তারা সেখানে অস্ত্র প্রয়োগ করছে? নিরীহ জনগণের উপর তারা সেখান থেকে নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপ, অগ্নিসন্ত্রাস থেকে শুরু করে নানাবিধ কাজ করছে কি করে? এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী যদি সদা তৎপর না হন, এদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব—সবকিছুই একটি প্রশ্নবোধক জায়গায় এসে দাঁড়াবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের জনগণ আছে, দেশের জনগণ পাড়ায় মহল্লায় প্রত্যেকটি জায়গায় প্রতিরোধ করছে। কিন্তু যে বেআইনি অস্ত্র নিয়ে ঘরে যে মানুষের বাসায় আগুন লাগায়, যে দলীয় কার্যালয়ে আগুন লাগায়, যে ব্যাংকে আগুন লাগায়, এই সমস্ত সশস্ত্র সন্ত্রাসী, এদেরকে আইনের আওতায় আনার দায়িত্ব তো হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর। তারা কেন এই নিষ্ক্রিয়তা দেখাচ্ছে? এটা আজকে সবার কাছে প্রশ্ন। সারাদেশে বিএনপির নেতাকর্মীরা তারা এই সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞ নিয়ে তারা পথে পথে সেদিকে মোকাবেলা বা প্রতিরোধ করার জন্য প্রস্তুত আছে। কিন্তু বেআইনি অস্ত্র নিয়ে যারা তাণ্ডব চালাচ্ছে, তাদেরকে তো আইনের আওতায় আনবে সরকারের এবং রাষ্ট্রের যে বাহিনীগুলো আছে তারা। আমি এই বিষয়ে সরকারের কাছে অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি, তারা যেন তৎপর হন এবং শান্তিকামী মানুষ, দেশের সাধারণ জনগণ যাতে নিরাপত্তা বোধ করে—সেই দায়িত্বটা আপনারা, আপনাদেরকে সহযোগিতা করার জন্য জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গসংগঠন সবসময় প্রস্তুত থাকবে।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লক ডাউন কর্মসূচি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘দেশ স্বাভাবিকভাবে চলছে। কোনো বেআইনি সংগঠন, সন্ত্রাসী সংগঠন— কে কি বলল আর সেটা আপনারা প্রশ্ন করেন, এটা খুব দুঃখজনক। কোনো লকডাউন নাই, সমস্ত কিছু স্বাভাবিকভাবে চলছে। সন্ত্রাসকে আমরা কোনো ধরনের চাপ মনে করি না।’





