কারও শরীর কঙ্কালসার, কেউ হারিয়েছেন দাঁড়ানোর শক্তিও
আরাকান আর্মির বন্দিশালা থেকে ফেরা জেলেরা
আবদুর রহমান, টেকনাফ (কক্সবাজার)
‘বন্দিদশায় দিন যত গড়িয়েছে, ততই স্বজনের কাছে ফেরার আশা ক্ষীণ হয়েছে। কখনও মা, কখনও স্ত্রী-সন্তান কিংবা প্রিয়জনের মুখ আর দেখতে পারব কিনা, সেই শঙ্কায় প্রতিটি দিন কেটেছে।’ অসহায়ত্ব নিয়ে কথাগুলো বলছিলেন জেলে মো. সেলিম। কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের এই বাসিন্দা গত বৃহস্পতিবার দেশে ফিরেছেন। চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে নাফ নদ থেকে তাঁকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। সেখানে বন্দিদশায় অমানুষিক পরিশ্রমে ভেঙেছে শরীর। তার চেয়েও বেশি ভেঙেছে মন।
গত বৃহস্পতিবার সেলিম বলছিলেন, ‘আমার মতো অনেকেই ভেবেছিলেন, হয়তো আর কোনোদিন দেশে ফেরা হবে না। অবশেষে বিজিবির প্রচেষ্টায় দেশে ফিরতে পেরেছি। কিন্তু ফিরেছি অসুস্থ, কঙ্কালসার শরীর নিয়ে।’
বৃহস্পতিবার দেশে ফেরা ৪১ জেলের শরীরজুড়ে বন্দিজীবনে চালানো নির্মম নির্যাতনের চিহ্ন। এদের কারও ওজন কমেছে অর্ধেকেরও বেশি। কেউ ভুগছেন শ্বাসকষ্টে, কেউ হারিয়ে ফেলেছেন দাঁড়ানোর শক্তিটুকুও। শুধু এই ৪১ জনই নন, চলতি বছরে বিভিন্ন সময়ে আরাকান আর্মির বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন ৩২৩ জন জেলে। তাদের অনেকের অভিজ্ঞতাও একই রকম। জীবিকার সন্ধানে সাগরে গিয়ে বন্দি হওয়া, এরপর অমানবিক শ্রম ও অনাহারের মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছে তাদের। মুক্তি মিললেও অনেকের শরীরে রয়ে গেছে বন্দিজীবনের ক্ষত।
৬০ কেজির ওজন নেমেছে ৩৫ কেজিতে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির বন্দিদশা থেকে মুক্তি পাওয়া ব্যক্তিদের একজন আব্দুর রহমান। টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার এই বাসিন্দার সঙ্গে গতকাল শনিবার মোবাইল ফোনে কথা হয়। তাঁর শরীরও বন্দিজীবনের নির্মমতার সাক্ষী। সুস্থ-সবল যে শরীর নিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন আব্দুর রহমান, তিনি দেশে ফিরেছেন অপুষ্টি ও শারীরিক দুর্বলতা নিয়ে।
আব্দুর রহমান বলেন, ‘চারজন মাঝিমাল্লা সাগরে মাছ শিকারে বের হয়েছিলাম। মাছ ধরা শেষে গত ফেব্রুয়ারির শেষ দিকে বাড়ি ফিরছিলাম। পথে আরাকান আর্মি ধাওয়া করে আমাদের ধরে নিয়ে যায়। আটকের পাঁচ দিন পর আমাদের পায়ে শিকল পরিয়ে দেওয়া হয়। দেশে ফেরার আগের দিন সেই শিকল খোলা হয়।’
এক সময় সুস্থ শরীরে উত্তাল সাগরে মাছ ধরে পরিবারের খরচ চালাতেন এই জেলে। তিনি এখন ঠিকমতো দাঁড়াতেই পারেন না। হাঁটতে হয় অনেক কষ্টে। সেই সঙ্গে শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতায় ভুগছেন আব্দুর রহমান। তিনি বলেন, ‘বন্দিজীবনে এত কষ্ট করেছি যে, শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমাকে জোর করে মাথা ন্যাড়া করে দেয় ওরা। এমনকি দাড়িও কামিয়ে ফেলে। আগে আমার ওজন ছিল ৬০ কেজি। এখন কমে ৩৫ কেজিতে দাঁড়িয়েছে।’ শুধু আব্দুর রহমানেরই নয়, বন্দি থাকা অনেক জেলের শরীরের ওজন প্রায় তিন ভাগের এক ভাগ বা তার চেয়েও কমে গেছে। তিনি এখন চিকিৎসার জন্য কক্সবাজারে আছেন বলেও জানান।
পায়ে শিকল পরিয়ে ১৫০টি ঘর তৈরিতে শ্রম আব্দুর রহমানের নৌকায়ই ছিলেন নয়াপাড়ার জেলে আব্দুল মতলবও। তিনিও ফিরেছেন বন্দিজীবনের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে। দেশে ফেরা তাঁর কাছে নতুন জন্ম পাওয়ার মতো। আব্দুল মতলব বলেন, ‘নতুন জন্ম নিয়ে দেশে ফিরে এসেছি। এ জন্য বিজিবির কাছে কৃতজ্ঞতা জানাই। তারা উদ্যোগ না নিলে হয়তো সারাজীবন আরাকান আর্মির অমানবিক নির্যাতনের শিকার হতে হতো।’
বন্দিজীবনের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘পায়ে শিকল পরানো অবস্থায় আমাদের দিয়ে ১৫০টির বেশি ঘর নির্মাণের কাজ করিয়েছে আরাকান আর্মি। প্রায় ৯ মাস বন্দি থাকতে হয়েছে। প্রতিদিন আট ঘণ্টা পর্যন্ত কৃষিকাজসহ নানা ধরনের শ্রম দিতে হতো।’ কাজ করতে রাজি না হলে বেধড়ক মারধর করা হতো বন্দিদের। সারাদিনে দেওয়া হতো মোটে দুই বেলা খাবার। আব্দুল মতলবের তথ্যমতে, তাদের সকালে ও বিকেলে সেদ্ধ শুঁটকি ও কাঁঠাল দিয়ে এক বাটি খাবার দেওয়া হতো। এই খাবার খেয়ে দিনের পর দিন পার করতে হয়েছে তাদের।
এক বছরে ৩২৩ জনের ফেরা বিজিবির তথ্য অনুযায়ী, মিয়ানমারে আটক ৩২৩ জেলেকে চলতি বছরে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এখনও আটক জেলেদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এর আগে সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি নাফ নদের শূন্যরেখায় আরাকান আর্মির কাছ থেকে ৭৩ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। তাদের মধ্যে ৬৬ জন বাংলাদেশি। বাকি সাতজন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। আরাকান আর্মির হাতে আরও অর্ধশতাধিক জেলে আটক থাকার তথ্য রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘চলতি বছরে আমরা তিন শতাধিক জেলেকে দেশে ফিরিয়ে এনেছি। তাদের কাছ থেকে আরাকান আর্মির বন্দিদশায় নির্যাতনের বিষয়টি জেনেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। প্রয়োজন হলে এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।’
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এনামুল হকের ভাষ্য, মূলত দীর্ঘদিন পর্যাপ্ত খাবার না পাননি দেশে ফেরা জেলেরা। এ কারণে শরীরে এমন বিপর্যয় দেখা দিয়েছে। তাদের অনেকেই ভয়াবহ পুষ্টিহীনতায় ভুগছেন। দীর্ঘদিনের অনাহার ও শারীরিক দুর্বলতায় মানসিক সমস্যাও দেখা দিতে পারে। তাই সবার শারীরিক অবস্থা পরীক্ষা করে চিকিৎসা নিশ্চিতের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।





