নিজস্ব প্রতিবেদক

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলাফল সোমবার প্রকাশিত হয়েছে। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০০ জন পরীক্ষার্থী, যার মধ্যে প্রথম ফলাফলে অকৃতকার্য হওয়া ২০ জন শিক্ষার্থীও রয়েছেন। এছাড়া পুনর্নিরীক্ষণের ফলে ফেল করা থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী।


গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন উত্তীর্ণ হয়েছিলেন। তখন গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এবার ২ লাখ ৯১ হাজার ২১১ জন পরীক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন।


ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের তথ্যমতে, নতুন করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৪৬৪ জন, ময়মনসিংহে ২৭৪ জন, কুমিল্লায় ১২০ জন, চট্টগ্রামে ১০১ জন, সিলেটে ৭৭ জন, রাজশাহীতে ৫৬ জন, দিনাজপুরে ১৩৪ জন, যশোরে ১৬২ জন এবং বরিশাল বোর্ডে ২১ জন রয়েছেন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৭১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।


সর্বশেষ তথ্য অনুযায়ী, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২৫ হাজার ৮১০ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে এবং ২৩ হাজার ১৪৫ জনের নম্বর পরিবর্তিত হয়েছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তনের তথ্য জানানো হলেও পরবর্তী পর্যালোচনায় সেই তথ্যে গরমিল পাওয়া গেছে।