নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের অভিযোগে রাজধানীর বিমানবন্দর থানায় করা মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মো: মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া ফারজানার দুই ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


রোববার (২৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোলাম মর্তুজা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।


আরো পড়ুন : সত্যিই কি দেশে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শেখ হাসিনা!


আরো পড়ুন : স্পিকারের পর এবার ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রিজভীর


আবেদনে আরো দাবি করা হয়, বিমানবন্দর থানার ওই ককটেল বিস্ফোরণের ঘটনাসহ ঢাকা শহরে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করার জন্য তারা লোকজন একত্র করাসহ অর্থের জোগান দিয়ে আসছেন বলে জানা গেছে। পাশাপাশি ঘটনার সময় নাশকতার উদ্দেশ্যে অন্যান্য আসামিকে ঘটনাস্থলে একত্র করার ষড়যন্ত্র করছিলেন বলেও প্রাথমিক তদন্তে প্রতীয়মান হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের আবেদন বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।


উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডে পাঠানো অপর আসামিরা হলেন- মো: রেজাউল আলম শাহিন ও বুলবুল মিয়া।


এদিকে রোববার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে শায়লা ফারজানা ও তার ভাই মো: রেজাউল আলম শাহিনকে গ্রেফতার করে ডিবি। পরে রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে মিরপুরের বাসা থেকে অপর ভাই বুলবুল মিয়াকে গ্রেফতার করা হয়।


মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৭ নভেম্বর রাত আনুমানিক ১টা ৮ মিনিটে বিমানবন্দর গোলচত্বরের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউটগোয়িং রাস্তার ওপর ফ্লাইওভার থেকে চলন্ত মোটরসাইকেলযোগে অজ্ঞাতনামা ৩০-৩৫ জন পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে থাকা মো: ইউসুফ আলী, মো: শাখাওয়াত হোসেন, মো: নাছির উদ্দীন ও মো: আনিছুর রহমান নামে চারজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের টিনের কৌটার অংশবিশেষ, লোহার স্প্লিন্টার এবং লাল ও সাদা রঙের স্কচটেপের টুকরো জব্দ করে। এ ঘটনায় ওই দিনই বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়।