উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়িত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির উপজেলা কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
‘শিক্ষা-পুষ্টি নিশ্চিত করি, বাল্যবিয়ে বন্ধ করি’ স্লোগানকে সামনে রেখে ২০২৭ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ মার্চ পর্যন্ত মেয়াদের ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী নির্বাচন সংক্রান্ত এ সভা অনুষ্ঠিত হয়।
রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নিজাম উদ্দিন, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা সভায় অংশ নেন।
সভায় ভিডব্লিউবি কর্মসূচির আওতায় উপকারভোগী নির্বাচন, কর্মসূচির লক্ষ্য, বাস্তবায়ন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। দরিদ্র ও অসহায় নারীদের স্বনির্ভরতা অর্জনে সহায়তা, পুষ্টি নিশ্চিতকরণ এবং বাল্যবিয়ে প্রতিরোধে এ কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়।
সভাটির আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।





