নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল) নিয়োগে স্বজনপ্রীতি, বদলি-বাণিজ্য, দরপত্র ও ক্রয়প্রক্রিয়ায় অনিয়ম এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের একাধিক গুরুতর অভিযোগ উঠেছে।


এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপক (ডেপুটি ম্যানেজার) শামীম আহমেদ। সম্প্রতি তাকে বগুড়ায় বদলি করা হলেও প্রতিষ্ঠানের ভেতরে কথিত ‘তুষার-বরকত-রফিক-সেলিম-জাবেদ’ সিন্ডিকেটের প্রভাব এখনো সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল ও স্বাস্থ্য সচিব ড. আ ন ম বজলুর রশীদ বরাবর গত ২৩ নভেম্বর লিখিত অভিযোগও জমা হয়েছে।


অভিযোগকারীদের দাবি, শামীম আহমেদ বগুড়ায় বদলি হলেও ইডিসিএলের প্রধান কার্যালয়ে কথিত সিন্ডিকেটের দৌরাত্ম্য এখনো অটুট রয়েছে। এই চক্রে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা সাইফুল আজিম তুষার, প্রশাসনিক কর্মকর্তা বরকতুল রইস, ব্যবস্থাপনা পরিচালকের দফতরের উপব্যবস্থাপক রফিকুল ইসলাম, ক্রয় কর্মকর্তা সেলিম জাবেদ ও সরোয়ার এবং কোয়ালিটি অ্যাস্যুরেন্স বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ ইসমাইল সক্রিয় ভূমিকা পালন করছেন বলে অভিযোগ উঠেছে।


পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে তারা প্রতিষ্ঠানের দরপত্র মূল্যায়ন, কার্যাদেশ প্রদান এবং বদলি-পদায়ন নিয়ন্ত্রণ করছেন। এছাড়া প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি ও শাস্তিমূলক বদলির ভয় দেখানোর অভিযোগও রয়েছে।


লিখিত অভিযোগের বরাত দিয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘জুলাই যোদ্ধা’ পরিচয় সামনে রেখে উপব্যবস্থাপক শামীম আহমেদ তার শ্বশুরবাড়ির এক নিকটাত্মীয়কে (ভায়রা) নিয়মবহির্ভূতভাবে চাকরিতে নিয়োগ পাইয়ে দিয়েছেন। প্রাপ্ত নিয়োগপত্র অনুযায়ী, ছাব্বির আহমেদ নামের ওই ব্যক্তিকে গত ১১ অক্টোবর ইডিসিএলের বগুড়া কারখানায় সহকারী প্রোডাকশন কর্মকর্তা (ইলেকট্রিক্যাল) পদে যোগদানের নির্দেশনা দেয়া হয়। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও নির্বাচনী প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।এদিকে বগুড়ায় বদলি হওয়ার পরও শামীম প্রতিষ্ঠানের নিয়ম ভেঙে সরকারি গাড়ি ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।


অভিযোগ অনুযায়ী, তিনি ঢাকা মেট্রো-চ ৫৬-৫২৭০ নম্বরের একটি সরকারি গাড়িতে করে বগুড়া কার্যালয়ে যোগদান করতে যান এবং পরবর্তীতে একই গাড়িতে ঢাকায় ফিরে আসেন। বদলিজনিত ব্যক্তিগত যাতায়াতে প্রতিষ্ঠানের গাড়ি ব্যবহারের বৈধতা ও অনুমোদনের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।


জানা গেছে, ওই গাড়ির চালক নাসির আওয়ামী লীগ সমর্থিত বি-২১৩৭ সিবিএর একজন সক্রিয় সদস্য ছিলেন।


অন্যদিকে স্বেচ্ছাসেবক লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবুল হোসেন ইকবালের কর্মসংস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, বিগত সরকারের আমলে প্রভাবশালী এই নেতা রাজনৈতিক পটপরিবর্তনের পরও বর্তমানে ইডিসিএলে নিরাপত্তা কর্মকর্তা হিসেবে বহাল তবিয়তে কর্মরত রয়েছেন। কারা তাকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তা নিয়ে স্থানীয় ও প্রতিষ্ঠানের অভ্যন্তরে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে।


দৈনিক নয়া দিগন্তসহ বিভিন্ন গণমাধ্যমে এসব অনিয়মের সংবাদ প্রকাশিত হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয়ায় ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুজ্জামানের ভূমিকা নিয়েও সংশ্লিষ্ট মহলে প্রশ্ন দেখা দিয়েছে। রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়োগ নথি, বদলি আদেশ, দরপত্র রেকর্ড এবং সরকারি গাড়ি ব্যবহারের লগবুক যাচাইয়ের মাধ্যমে একটি নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইডিসিএলের উপব্যবস্থাপক (এডমিন) শামীম তার বিরুদ্ধে করা অভিযোগ সম্পর্কে বলেন, ‘আমার বিরুদ্ধে করা এই অভিযোগগুলো সম্পন্নই মিথ্যা। এর কোনো বাস্তবতা নাই।’


সিন্ডিকেটের মাধ্যমে দরপত্র ও বদলি নিয়ন্ত্রণের অভিযোগ প্রসঙ্গে জানতে উর্দ্ধতন প্রশাসনিক কর্মকর্তা সাইফুল আজিম তুষারকে কল দিলেও তিনি রিসিভ করেননি।


প্রশাসনিক কর্মকর্তা বরকতুল রইস তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে এ প্রতিবেদককে বলেন, ‘এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।’


স্বেচ্ছাসেবক লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ইডিসিএলের নিরাপত্তা কর্মকর্তা আবুল হোসেন ইকবাল বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট ছিলাম না। আমার বিষয়ে যা বলা হয়েছে তা সঠিক নয়।’


সার্বিক বিষয়ে জানতে ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুজ্জামানকে মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি।