নিজস্ব প্রতিবেদক

তাইওয়ানের রাজনৈতিক পরিবর্তন ‘পুনর্মিলন’ ঠেকাতে পারবে না বলে জানিয়েছে চীন। দ্বীপটির স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন দলের বড় সাফল্যের প্রতিক্রিয়ায় বেইজিং এ কথা বলেছে।


চীনের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিস রোববার জানায়, তারা নির্বাচনের ফলাফল পর্যবেক্ষণ করেছে। সংস্থাটির বিশ্বাস, তাইওয়ানের মূলধারার জনমত তাইওয়ান প্রণালিতে শান্তি, উন্নয়ন ও সহযোগিতার পক্ষে আছে।


এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘দ্বীপটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি যতই বদলাক না কেন, তা তাইওয়ান প্রণালিতে দুই পক্ষের যোগাযোগ ও সম্পর্কের অগ্রগতির ধারা বদলাতে পারবে না।’


বিবৃতিতে আরও বলা হয়েছে, বেইজিং ‘তাইওয়ানের স্বাধীনতাপন্থি বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে কঠোরভাবে দমন করা এবং বাইরের হস্তক্ষেপের বিরোধিতা’ অব্যাহত রাখবে। একই সঙ্গে ‘জাতীয় পুনর্মিলনের মহান লক্ষ্য এগিয়ে নিয়ে যাবে’।


স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন। দ্বীপটিকে নিয়ন্ত্রণে আনতে তারা শক্তি প্রয়োগের সম্ভাবনাও নাকচ করেনি। তবে চীনের সার্বভৌমত্বের এই দাবি প্রত্যাখ্যান করে আসছে তাইওয়ান সরকার।


তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল নির্বাচনের ফলাফলকে বাস্তবসম্মতভাবে দেখার জন্য বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দ্বীপটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে সংলাপে বসার তাগিদ দিয়েছে।


শনিবারের নির্বাচনে তাইওয়ানের ২২টি মেয়র ও কাউন্টি প্রধান পদের মধ্যে ১০টিতে জিতেছে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি)। ২০২২ সালের স্থানীয় নির্বাচনের তুলনায় এবার দলটির আসনসংখ্যা দ্বিগুণ হয়েছে। গত এক দশকের মধ্যে এটি ডিপিপির সবচেয়ে ভালো ফলাফল।