চমেক হাসপাতালের রান্নাঘরে তেলাপোকা, পচা ডিম
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের রোগীদের জন্য রান্না করা খাবারে মিলেছে নানা অনিয়মের চিত্র। হাসপাতালের রান্নাঘরে তেলাপোকা, মাকড়সার জাল, পচা ডিমসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ পেয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত। এমনকি হলুদের গুঁড়ায় প্রাথমিক পরীক্ষায় সিসার লবণের উপস্থিতিও পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা। এ সময় নিরাপদ খাদ্য অধিদপ্তর চট্টগ্রামের একটি দল সহযোগিতা করে।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, চমেক হাসপাতালের খাদ্য বিভাগের ক্যান্টিন থেকে রোগীদের খাবার সরবরাহ করা হয়। সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও সংরক্ষণের প্রমাণ মিলেছে। রান্নার কাজে ব্যবহৃত পাত্রগুলো ছিল নোংরা ও মরিচা ধরা। উন্মুক্ত স্থানে ভাত সংরক্ষণ করা হচ্ছিল, যেখানে মাছি ও পোকামাকড় বসে থাকতে দেখা গেছে।
তিনি আরও জানান, পোলট্রি ফিডের বস্তায় মসলার গুঁড়া সংরক্ষণ করা হচ্ছিল। খাবার সংরক্ষণের স্থানে তেলাপোকা ও মাকড়সার জাল পাওয়া গেছে। ময়লাযুক্ত ড্রামে রাখা হয়েছিল হলুদ। মেঝেতে সংরক্ষণ করা ডালে ইঁদুর ও তেলাপোকার উপস্থিতি দেখা গেছে। এ ছাড়া পচা ডিম সিদ্ধ করে রোগীদের পরিবেশনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, হলুদের গুঁড়ায় পলিথিন ও মাকড়সার জালের উপস্থিতিও পাওয়া গেছে। হলুদের গুঁড়া পরীক্ষা করে প্রাথমিকভাবে সিসার লবণের উপস্থিতি শনাক্ত হয়েছে। সরকারি হাসপাতালের রান্নাঘরে এমন অনিয়ম ও অব্যবস্থাপনা হতাশাজনক। খাবার রান্না ও সরবরাহের কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, চট্টগ্রাম অঞ্চলের ১১ জেলার মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা চমেক হাসপাতাল। ২ হাজার ২০০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন সাড়ে তিন হাজারের বেশি রোগী ভর্তি থাকেন। ভর্তি রোগীদের সকালে, দুপুরে ও রাতে হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে রান্না করা খাবার সরবরাহ করা হয়।





