দায় যুদ্ধের নয়, সংস্কারহীনতার
আহসান এইচ মনসুর
আহসান এইচ মনসুর, অর্থনীতিবিদ গবেষক
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের অর্থনীতি আজ যেখানে দাঁড়িয়ে আছে, তাকে ‘স্ট্যাগফ্লেশন’ নাম দিতে আমার কোনো দ্বিধা নেই। অর্থনীতি থমকে আছে, অথচ জিনিসের দাম থামছে না। বিশ্বব্যাংকের অক্টোবরের হিসাবে গত অর্থবছরে আমাদের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৪ শতাংশ। চলতি বছরেও তারা এর বেশি দেখছে না। আইএমএফ বলছে, প্রবৃদ্ধি নামতে পারে ৩ দশমিক ২ শতাংশে। এই পূর্বাভাস মিলে গেলে প্রায় চার দশকের মধ্যে এটাই হবে সবচেয়ে কম প্রবৃদ্ধি। অথচ সরকার লক্ষ্য ধরেছে সাড়ে ৬ শতাংশ। লক্ষ্য আর বাস্তবের এ ফারাক শুধু কাগজের হিসাব নয়। এর মানে লাখো তরুণের হাতে কাজ নেই, কারখানার চাকা ঘুরছে না।
একটি তরুণ জনগোষ্ঠীর দেশে এমন হওয়ার কথা ছিল না। আগে আমাদের এ অবস্থা ছিলও না। এর বড় দায় আওয়ামী লীগ সরকারের শেষ আট-দশ বছরের। সেই সময়ের ক্ষত ছিল গভীর, আর তা থেকে বেরোনো কখনোই সহজ ছিল না। ক্ষত শুধু ব্যাংক খাতে ছিল না। ব্যাংকে তো ছিলই, বড় আকারেই ছিল। রাজস্ব ব্যবস্থাও ভেঙে পড়েছিল। একসময় আমাদের কর-জিডিপি অনুপাত ১০ থেকে ১১ শতাংশের কাছাকাছি ছিল। সেই সরকারের শেষ দিকে তা সাতের ঘরে নেমে আসে। এখনও সেখান থেকে ওঠেনি। ২০২৪-২৫ অর্থবছরে অনুপাতটা আরও কমে ৬ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে রাজনীতিতে, আমাদের মূল্যবোধে। চাঁদাবাজি আর ঘুষের যে আঁতাত, তা একটুও কমেনি। হয়তো বেড়েছেই। এই জাল ছিঁড়তে যে দূরদর্শিতা, যে দৃঢ় সিদ্ধান্ত আর কঠোর সংস্কার দরকার ছিল, তা আমরা দেখিনি।
অন্তর্বর্তী সরকারের সময়েও বড় সংস্কার কঠিন ছিল। কিছু করতে গেলেই প্রশ্ন উঠত, তোমাদের ম্যান্ডেট কী? তোমরা তো এসেছ অল্প দিনের জন্য, নির্বাচন দিয়ে চলে যাবে। তখন নানা আন্দোলনও দাঁড় করানো হয়েছিল; যার মূল কথা ছিল, নির্বাচন দিলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু নির্বাচন সমাধান ছিল না। সমাধান ছিল সংস্কার। রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজে। কিছু চেষ্টা হয়েছিল, কিন্তু টেকেনি। যেটুকু হয়েছিল, তার অনেকটাই উল্টে গেছে। বিচার বিভাগের স্বাধীনতা হোঁচট খেয়েছে। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার প্রশ্নও আবার আগের জায়গায় ফিরে গেছে। ব্যাংক কোম্পানি আইনের মতো জরুরি সংস্কার কবে হবে, কেউ জানে না। যে রাজনৈতিক বদলের আশায় গণঅভ্যুত্থান হলো, তার বাস্তবায়নও চোখে পড়ছে না।
বৈশ্বিক দোহাই কতদূর চলে মধ্যপ্রাচ্যের যুদ্ধে তেল আর এলএনজির দাম বেড়েছে। বৈশ্বিক পরিস্থিতি আমাদের জন্য ভালো নয়, বিশেষ করে জ্বালানিতে। এ কথা সত্য। কিন্তু প্রশ্ন হলো, এই ধাক্কায় কি পৃথিবীর বেশির ভাগ দেশের অর্থনীতি থেমে গেছে? যায়নি। ভারত সাড়ে ছয় থেকে সাত শতাংশের আশপাশে বাড়ছে। ভিয়েতনাম আটের কাছাকাছি। বৈশ্বিক ধাক্কা তো সবার ঘরেই সমানভাবে লেগেছে। তাহলে তারা কীভাবে এগোচ্ছে, আর আমরা কেন তিনে আটকে আছি? এর উত্তর একটাই। অর্থনীতি কে কীভাবে সামলায়, পার্থক্যটা সেখানেই। বিশ্বব্যাংকের সুশাসনের ছয়টি সূচকেই আমরা নিচের দিকের দেশগুলোর কাতারে। এই সূচক এমনি এমনি তৈরি হয়নি। এগুলো বলে দেয়, আমরা কোন দিকে যাচ্ছি। যখন প্রতিটি সূচকই খারাপ, তখন মানতেই হবে যে আমরা ভালোর দিকে যাচ্ছি না। বাইরের সংকট আমাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু ঘরের সংকট মেটানোর দায় আমাদেরই। জ্বালানির কথাই ধরা যাক। পাকিস্তান দুই-তিন বছরে চীন থেকে প্রায় ৪৭ গিগাওয়াটের সৌর প্যানেল এনেছে। ২০২৫ সালে সেখানে মোট বিদ্যুতের প্রায় এক-চতুর্থাংশ এসেছে সূর্য থেকে। আমাদের মোট বিদ্যুতে সৌরের ভাগ এখনও এক-দুই শতাংশে পড়ে আছে। আওয়ামী লীগ সরকার জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর করেছিল।
প্রভাবশালী গোষ্ঠীর চাপে নবায়নযোগ্য জ্বালানির দিকে নজর দেয়নি। অন্তর্বর্তী সরকারও তেমন কিছু করতে পারেনি, হয়তো সময় পায়নি। কিন্তু নির্বাচিত সরকারেরও নয় মাস পেরিয়ে গেল, একটি সৌরবিদ্যুৎকেন্দ্রও নতুন অনুমোদন পায়নি। শুধু শুনছি, হচ্ছে, হবে। আগের আমলে ১৫-২০টি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক তো ছিলই। সৌরবিদ্যুতের দাম এখন ইউনিটপ্রতি তিন-চার টাকায় নামানো সম্ভব। তাহলে দাম নতুন করে দরকষাকষি করে তাদের দ্রুত অনুমতি দিতে বাধা কোথায়? সেটা না করে আমরা কোনো কোনো বেসরকারি কেন্দ্র থেকে ১৫-১৭ টাকা দরে বিদ্যুৎ কিনে যাচ্ছি। এটা দূরদর্শিতার অভাব, আবার পুরোনো ধ্যানধারণায় আটকে থাকাও।
যুদ্ধ থামলেও যা থেকে যাবে যুদ্ধের সঙ্গে আমাদের রাজস্ব আদায়ের কোনো সম্পর্ক নেই। ব্যাংক খাত সংস্কারের সম্পর্ক নেই। রাজনৈতিক সংস্কারের সম্পর্ক নেই। ব্যবসা আর বিনিয়োগের পরিবেশ ভালো করার সঙ্গেও যুদ্ধের কোনো যোগ নেই। বরং চাপ আছে বলেই আরও দ্রুত সংস্কার দরকার, অর্থনীতিকে আরও খুলে দেওয়া দরকার। সেই তাড়া কোথাও দেখছি না। সময়ও বেশি নেই। আমি মনে করি, প্রতিটি মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করতে হবে, কাজ করে দেখাতে হবে। উত্তরণের একটা রোডম্যাপ থাকতে হবে এবং প্রতি মাসে তা পর্যালোচনা হতে হবে। নইলে এই পচা অবস্থা আর তিন শতাংশের প্রবৃদ্ধি থেকে আমরা বেরোব কীভাবে?
মূল্যস্ফীতি কেন নামল না কভিডের পর প্রায় সব দেশেই বড় মূল্যস্ফীতি হয়েছিল। বেশির ভাগ দেশ বেরিয়ে এসেছে। ভারত বেরিয়েছে। যুক্তরাষ্ট্র আর ইউরোপ সহনীয় জায়গায় ফিরেছে। তারা প্রত্যেকেই কাজটা করেছে মুদ্রানীতি দিয়ে, সুদহার বাড়িয়ে। আমরা পারিনি। অক্টোবরেও আমাদের মূল্যস্ফীতি ৮ দশমিক ২৭ শতাংশ। প্রায় পাঁচ বছর ধরে মজুরি বাড়ছে দামের চেয়ে কম হারে। মূল্যস্ফীতি কমাতে হলে আগে টাকার মান ধরে রাখতে হয়। টাকা যদি পড়ে দেড়শ হয়ে যায়, মূল্যস্ফীতি পাঁচে নামবে, তা হয় না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকার সময় আমরা প্রথমে বিনিময় হারকেই স্থির করেছিলাম। প্রায় দেড় বছর ডলারের দাম ১২২ টাকার আশপাশে ছিল, পুরোপুরি বাজারভিত্তিক। ওই সময় কেন্দ্রীয় ব্যাংক বাজারে একটি ডলারও বিক্রি করেনি। সরকারকেও কোনো ঋণ দেওয়া হয়নি। তবে কিছু জায়গায় অনিচ্ছা সত্ত্বেও হাত দিতে হয়েছে। কয়েকটি দুর্বল ব্যাংককে বাঁচাতে তারল্য সহায়তা দিতে হয়েছে। সেটা কার্যত টাকা ছাপানোরই সমান।
আরেকটা বড় কারণ হলো, ব্যাংক খাতের ঋণের বড় অংশই সরকার নিয়ে নিচ্ছে। তাহলে ব্যক্তি খাত ঋণ পাবে কোথা থেকে? সেপ্টেম্বরে বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি নেমেছে ৪ দশমিক ১৭ শতাংশে। কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকা হিসাবের মধ্যে এটাই সবচেয়ে কম। এই হার মূল্যস্ফীতির অর্ধেকও পূরণ করে না। মানে প্রকৃত অর্থে ব্যক্তি খাতের ঋণ কমছে। ঋণ না থাকলে উৎপাদন বাড়বে না। উৎপাদন না বাড়লে দামও কমবে না। এ বাস্তবতায় তিন শতাংশ প্রবৃদ্ধি মোটেই অস্বাভাবিক নয়।
তাই দুদিক থেকেই কাজ করতে হবে। দরকার হলে সাময়িকভাবে সুদহার বাড়াতে হবে– যেমনটা সব দেশ করে। এর জন্য কেন্দ্রীয় ব্যাংককে এক-দুই বছর সময় দিতে হবে। মূল্যস্ফীতি একবার নামলে সুদহার নিজে থেকেই নামবে, অর্থনীতিতে আস্থা ফিরবে। পাশাপাশি সরকারকে ব্যাংক থেকে ধার কমাতে হবে; যাতে ব্যক্তি খাত জায়গা পায়। চড়া মূল্যস্ফীতি জিইয়ে রেখে অর্থনীতি চাঙ্গা করা যায় না।
লুটের দায় কার ঘাড়ে সরকার ব্যাংক থেকে এত ধার করে, কারণ তার আয় নেই। আমাদের সরকারি ব্যয় খুব বেশি নয়, সমস্যা হলো রাজস্ব আসে না। রাজস্ব ব্যবস্থার সংস্কার ১০ বছর আগেই শুরু হওয়া উচিত ছিল। হয়নি, এখনও সেভাবে হচ্ছে না। লুট আর পাচারের লোকসান বইবে কে? যারা চুরি করেছে, তারাই। তাদের শাস্তি না হলে আগামীতেও ব্যাংক লুট হবে। লুটেরারা অনেক টাকা বাইরে নিয়েছে ঠিকই, কিন্তু দেশেও তাদের সম্পদ কম নেই। হাজার হাজার বিঘা জমি চিহ্নিত আছে। আমরা সেগুলো জব্দ করেছি, মামলা হয়েছে। কিন্তু সেই সম্পদ বিক্রি করে ব্যাংকের টাকা শোধের উদ্যোগ দেখছি না। যুক্তরাজ্যে ন্যাশনাল ক্রাইম এজেন্সি সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি জব্দ করেছে; প্রশাসকরা এখন তা বিক্রি করছেন। দেশে কেন হচ্ছে না? কারণ এখানে নানাভাবে প্রক্রিয়াটা আটকে দেওয়া যায়; বিদেশে যায় না। দেশের ভেতরে দৃষ্টান্ত তৈরি করতে হবে।
আমাদের আইনও সেকেলে। দুদক শুধু ফৌজদারি মামলা করতে পারে, দেওয়ানি মামলার এখতিয়ার তার নেই। অথচ বিদেশে ফৌজদারি মামলায় অপরাধ প্রমাণ কঠিন; দেওয়ানি মামলায় টাকা ফেরানো তুলনামূলক সহজ। তাই বাংলাদেশ ব্যাংকে থাকতে আমরা বিদেশি আইনি প্রতিষ্ঠানগুলোকে আমাদের ব্যাংকগুলোর সঙ্গে যুক্ত করে দিয়েছিলাম, যাতে ব্যাংক নিজেই মামলা করতে পারে। সেই কাজ চলছে। বিএফআইইউ শুধু সন্দেহজনক লেনদেনের খবর দিতে পারে, তদন্ত বা বিচার নয়। আমাদের দরকার ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির মতো একটি প্রতিষ্ঠান, যে আর্থিক অপরাধের তদন্ত, মামলা আর শাস্তি নিশ্চিত করতে পারবে। টাস্কফোর্স করা ভালো উদ্যোগ ছিল। কিন্তু একে দ্রুত এগিয়ে নিতে হবে।
পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করা হয়েছে, সরকারের টাকাও ঢালা হয়েছে। একে সফল করার দায় এখন সরকারের। কাজটা সহজ নয়, কিন্তু সম্ভব। তবে আমলাদের দিয়ে পর্ষদ গড়লে হবে না। ব্যক্তি খাতের যোগ্য মানুষদের এনে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এর সঙ্গে জড়িয়ে আছে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের প্রশ্ন। উন্নত সব দেশেই কেন্দ্রীয় ব্যাংক স্বাধীন। গভর্নর নিয়োগে যত্ন নিতে হবে, আবার খেয়ালখুশিমতো সরানোও চলবে না। সরাতে হলে সুনির্দিষ্ট কারণ লাগবে, আর তা হতে হবে আইনি প্রক্রিয়ায়, প্রশাসনিক আদেশে নয়। এটাই আন্তর্জাতিক চর্চা। আমাদের সরকারগুলো কেন্দ্রীয় ব্যাংককে রাজনৈতিক হাতিয়ার ভাবে। সুদ কমাও, বাড়াও, অমুককে ঋণ দাও, ওই ব্যাংকে টাকা দাও। এই হস্তক্ষেপ বন্ধের একমাত্র উপায় কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা।
কর দিয়ে মানুষ কী পায় অনেকেই প্রশ্ন তোলেন, কর দিয়ে কী পাচ্ছি? প্রশ্নটা অযৌক্তিক নয়। মানুষ যদি দেখত, সরকার নিরাপত্তা দিচ্ছে, রাস্তা ভালো করছে, দাম স্থির রাখছে, আইনশৃঙ্খলা ঠিক রাখছে, শিক্ষার মান বাড়াচ্ছে, তাহলে কর দিতে উৎসাহ পেত। তাই সরকারি সেবার মান বাড়াতে হবে। তবু সত্যটা হলো, কেউ নিজে থেকে কর দেয় না। কর আদায় করে নিতে হয়। আমাদের মূল সমস্যা কর প্রশাসনের দুর্বলতা। তারা জানে না কাজটা কীভাবে করতে হয়। নতুন নতুন বিধান জারি করে নিজেরা সন্তুষ্ট থাকে, ক্ষতিটা হয় দেশের। আইনের ফাঁক গলে যেখানে বড় অঙ্কের কর হওয়ার কথা, সেখানে নামমাত্র কর দিয়ে পার পাওয়া যায়।
যারা প্রাণ দিল, তারা কী পেল জাতিসংঘের হিসাবে চব্বিশের অভ্যুত্থানে প্রায় এক হাজার ৪০০ মানুষ প্রাণ দিয়েছেন। তাদের বড় অংশ শ্রমজীবী মানুষ। তারা নিজেদের জীবন বদলানোর তাগিদে রাস্তায় নেমেছিলেন। আড়াই বছর পর প্রতিদিনের বাজারে দাম বাড়া ছাড়া তারা কী পেলেন? এ প্রশ্ন গোটা জাতির। শ্রমজীবী মানুষের জন্য আরও বেশি। শেষ পর্যন্ত তাদের ভাগ্য নির্ভর করে অর্থনীতির গতির ওপর আর সেই গতি নির্ভর করে সংস্কারের ওপর। ঘুরেফিরে আমাদের সে জায়গাতেই ফিরতে হয়। একসময় গ্যাসে আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ ছিলাম। এখন চাহিদার বড় অংশ আমদানি করতে হয়। আমদানির মতো একপেশে চুক্তির বোঝাও আছে। আগের সরকার সৎ বা অসৎ যে উদ্দেশ্যেই চুক্তি করুক, দায় টানতে হচ্ছে জনগণকে। জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠছে এ কারণেও। অথচ এসব চুক্তি নিয়ে নতুন করে আলোচনার টেবিলে বসার চেষ্টা কোনো সরকারই করেনি। সেটা করা দরকার।
এলডিসির লেবাস কি সত্যিই দরকার গত ২৯ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ আমাদের এলডিসি উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে ২০২৯ সালের নভেম্বরে নিয়েছে। এই তিন বছর না পেলে কি আমরা ধ্বংস হয়ে যেতাম? মোটেই না। ২০০৫ সালে পোশাক রপ্তানির কোটাব্যবস্থা উঠে যাওয়ার আগে সবাই বলেছিল, বাংলাদেশ টিকবে না, ভারত আর পাকিস্তান সব বাজার নিয়ে নেবে। হয়েছিল উল্টোটা। কোটার আশ্রয় ছেড়ে বিশ্ববাজারের প্রতিযোগিতায় নেমে আমরা আরও শক্তিশালী হয়েছি। আমাদের এই সুরক্ষার দরকার নেই, এলডিসির লেবাসও দরকার নেই। দরকার সংস্কার। একটা ভালো উদাহরণ আছে। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য সরকার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি করেছে। আলোচনা অন্তর্বর্তী সরকারের সময়েই চলছিল। সিদ্ধান্তটা সঠিক। বিশ্বের সেরা টার্মিনাল অপারেটরদের একটি বাংলাদেশে কাজ করছে, এটা বিনিয়োগকারীদের জন্য বড় বার্তা। এতে বন্দরের দক্ষতা বাড়বে, আমদানি-রপ্তানি সহজ হবে। বন্দরে যদি পারি, বিদ্যুতে কেন পারি না?
কোথা থেকে শুরু সংস্কারের জায়গাগুলো চিহ্নিত, তবে কঠিন। প্রথমেই ব্যাংক খাত। তারপর রাজস্ব। এরপর বিনিয়োগের পরিবেশ, যার সঙ্গে জড়িয়ে আছে বিচারব্যবস্থা, বিদ্যুৎ, সড়ক আর লজিস্টিকস। বন্দর সচল হলেও বন্দরের সঙ্গে সংযোগ ব্যবস্থায় বড় বিনিয়োগ লাগবে। বৈদ্যুতিক গাড়ির যুগ দরজায় এসে দাঁড়িয়েছে, অথচ বড় পরিসরে চার্জিং অবকাঠামো গড়ার কোনো পরিকল্পনার কথা শুনি না। এটা করতে কত দিন লাগে? আছে শিক্ষা ও স্বাস্থ্য, যেখানে চ্যালেঞ্জ বিশাল। বিশ্ব পরিস্থিতির দোহাই দিয়ে আর বেশি দিন পার পাওয়া যাবে না। তিন শতাংশের ফাঁদ থেকে বেরোনোর পথ একটাই– সংস্কার, এবং তা এখনই।






