সহিষ্ণুতার প্রচলিত বয়ানের বাইরে

পাভেল পার্থ, গবেষক প্রাবন্ধিক


| প্রিন্ট সংস্করণ


‘সমাজটা ভেঙে যাচ্ছে’, ‘উচ্ছন্নে যাচ্ছে’, ‘অসহিষ্ণু সময়’ কিংবা ‘মতপ্রকাশের স্বাধীনতা নাই’–এসব যখন হরহামেশাই বলা হয়; তখন কি একবিঘৎ চিন্তা হয়–এসব কার চোখে, কার আয়নায়, কোন পাটাতনে দাঁড়িয়ে বলা হচ্ছে? এমন শঙ্কা কি আহাজারি সবই কিন্তু ‘বিপজ্জনক’, কারণ দেখা গেছে এমন আশঙ্কার বেশির ভাগই প্রবলভাবে অ্যানথ্রোপোসেন্ট্রিক বা মানুষকেন্দ্রিক। আবার সব মানুষ নয়। সেখানেও বিবাদ, বর্ণবাদ ও কলোনিয়াল লিগাসি আছে। বাংলাদেশের ময়দানে এই মানুষের কাতার দখল করে রাখেন মূলত বাঙালি মুসলিম অকৃষক ধনী শহুরে পুরুষ। একটা ভেঙে যাওয়া, উচ্ছন্নে যাওয়া অসহিষ্ণু সমাজের জন্য কাতর ও তৎপর মানুষেরা তখন সহিষ্ণুতার যে বয়ান পয়দা করেন, তাও নিদারুণভাবে কেবলমাত্র প্রজাতি হিসেবে মানুষের হয়ে ওঠে। কারণ অধিপতি মতাদর্শ ‘সমাজকে’ দেখে কেবলমাত্র ‘মানুষের’ সমাজ হিসেবে; যেন দুনিয়ায় পাখি, গাছ, মাছ, পতঙ্গ, অরণ্য, নদী, পাহাড় বা সাগরের কোনো সমাজ নেই। যেন মানুষের সমাজ এই দুনিয়ায় এক বিচ্ছিন্ন, অবিমিশ্র এবং অনৈতিহাসিক ক্ষমতার ময়দান মাত্র। আর তাই ‘সহিষ্ণুতা’ কিংবা ‘অহিষ্ণুতা’ আমরা মাপি মানুষের নিষ্ঠুর গ্রাসে বা কেবলমাত্র বাছাই করা কিছু ফর্দের ভেতর। এক প্রবল অ্যানথ্রোপোসেন্ট্রিক মতাদর্শ এবং বয়ানের খাদের প্রান্তে দাঁড়িয়ে আমার চলতি আলাপখানি নন-অ্যানথ্রোপ্রোসেন্টিক বা প্রবল মানুষকেন্দ্রিকতার জাত্যাভিমানের বাইরে থেকে সহিষ্ণুতা ও অহসষ্ণিুতাকে পাঠ করতে চায়। কেবলমাত্র মানুষ নয়, গ্রহ হিসেবে এই দুনিয়ার টিকে থাকবার সংগতির জন্যই এটি গুরুত্বপূর্ণ।


মানুষের সমাজ কেন অসহিষ্ণু হয়ে ওঠে? ‘মানুষের সমাজ’ বলতে আদতে কী বোঝায়? নিয়ানডার্থাল, ডেনিসোভান, ইরেকটাস, ফ্লোরিয়েনসিস মানুষ নাকি কেবলমাত্র বর্তমানের ‘হোমো স্যাপিয়েন্স’ মানুষের সমাজ? যদিও বলা হয় হোমো স্যাপিয়েন্স মানুষ কৃষি উৎপাদনভিত্তিক সমাজ গড়ে তুলেছিল। কিন্তু তার মানে এই নয় যে ইরেকটাস বা নিয়ানডার্থাল মানুষদের ‘সমাজ’ ছিল না। তাহলে মানুষের আদি সমাজে কি ‘অসহিষ্ণুতা’ তৈরি হয়েছিল? কার বিরুদ্ধে কার অসহিষ্ণুতা? তুরস্কের গোবেকলিতেপে হোমো স্যাপিয়েন্স মানুষদের এক আদি গ্রাম। কৃষিভিত্তিক সভ্যতার সূচনা হয়েছিল যেসব অঞ্চল থেকে, প্রায় ১৩ হাজার বছরের প্রাচীন খুঁজে পাওয়া এই গ্রাম তার একটি। হয়তোবা আরও সহস্র গ্রামের স্মৃতিচিহ্ন মুছে গেছে। কিন্তু অসহিষ্ণুতা কি মুছে গেছে? বেশ কিছু গবেষণা নথি বলছে, পৃথিবীর আদি বসতিগুলো হারিয়ে যাওয়ার কারণ অনেক। জনসংখ্যা বেড়ে যাওয়া, সামাজিক কাঠামোতে পরিবর্তন, বৈরী জলবায়ু, অসুখ ও মহামারি, খাদ্য সংকটের পাশাপাশি নানামুখী সংঘাত বেড়ে যাওয়াও একটি কারণ। আদি গ্রামগুলোতে ‘সংঘাত’ তৈরি হওয়ার প্রমাণ মিলছে। যে কারণে গোত্র, সমাজ, গোষ্ঠী, পরিবার ও গ্রাম ছেড়ে মানুষ অন্যত্র স্থানান্তরিত হয়েছে। আদি বসতি ছেড়ে যাওয়ার সময় বীজদানা, শস্য, লোকায়ত জ্ঞান, স্মৃতিকথার সঙ্গে মানুষ ‘অসহিষ্ণুতার’ ব্যাকরণও সঙ্গে করে নিয়েছে। এক অঞ্চল থেকে অন্য অঞ্চল, এক সমাজ ছাড়িয়ে আরেক সমাজ মানুষের বিস্তার ও বিকাশের ধারাবাহিকতায় অসহিষ্ণুতাও ক্রমশ প্রকট, জটিল ও বহুমুখী হয়েছে। এখন আর কোনো একরৈখিক ব্যাকরণের ছকে অহিষ্ণুতাকে আবদ্ধ করা যায় না। এর প্রবলতা ও প্রকাশ ভিন্ন। তাহলে অসহিষ্ণুতার বীজ মানুষ কীভাবে বহন করেছে? প্রাকৃতিক নাকি সামাজিক আচরণের ভেতর, নাকি উভয়ের সংমিশ্রণে? মানুষের রক্ত কি অসহিষ্ণুতার ডিএনএ বহন করেছে নাকি সংস্কৃতির ডিএনএ একে বহন করে চলেছে? হয়তো এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া মুশকিল এবং এটি কোনোভাবেই নিরপেক্ষ আবর্তের হতে পারে না। যাহোক, আমাদের চলতি আলাপ এই দুরূহ জটিল ফিরিস্তি বিস্তারের জন্য যথেষ্ট নাদান ও দুধভাত। আমরা কথা বলতে চাই মানুষের দুম করে অ্যানথ্রোপোসেন্ট্রিক হয়ে ওঠা এবং প্রবল মানুষকেন্দ্রিকতা প্রতিষ্ঠার অসহিষ্ণু বাহাদুরি নিয়ে। নিজের ঘর তৈরি করবে বলে মানুষ নিষ্ঠুরভাবে পাখিদের সংসার ছিন্নভিন্ন করে দিল। নিজের খাবার বানাবে বলে কেঁচো কি মৌমাছির খাবারে বিষ মিশিয়ে দিল। নিজের আরামের জন্য পৃথিবীর বাতাস কিংবা পানিতে কার্বন দূষণ ঘটাল। উন্নয়ন, উৎপাদন এবং আধুনিকতার নামে মানুষের এই বেহিসাবি উদ্দাম মাতম শুধু মানুষের কথাই মাথায় রাখল, নিষ্ঠুরভাবে দুনিয়ার অপরাপর প্রাণ-প্রজাতি ও বাস্তুতন্ত্রের ওপর অসহিষ্ণু ও সহিংস হয়ে উঠল। এভাবেই শুরু হলো সংঘাত, দ্বন্দ্ব, বিরোধ। যা দখল, দূষণ, যুদ্ধ কিংবা গণহত্যার ভেতর দিয়ে সৌরজগতের ভেতর এক বিশৃঙ্খল নির্দয় দৃশ্য হাজির ও জারি করল।


‘কথা বলা’ গাছটির কী দোষ ছিল? গোপালগঞ্জের মুকসুদপুরের রাঘদী ইউনিয়নের গজিনা গ্রামে ২০২৪ সালে কথা বলার অপরাধে এক গাছকে কুপিয়ে হত্যা করে কয়েকজন মানুষ। গ্রামের একটি গাছের বুকে কান পেতে কথা বলত শিশুরা। কান্নার আওয়াজ পেত। কিছু ক্ষমতাবান বাঙালি পুরুষ মানুষ একে ‘কুসংস্কার’ এবং ‘ধর্মবিরোধী’ আখ্যা দিয়ে গাছের প্রতি শিশুদের মমতার সম্পর্ককে চুরমার করে দিলেন। অথচ প্রতিষ্ঠিত ধর্মগ্রন্থগুলো বলে, গাছসহ দুনিয়ার সকল প্রাণ-প্রজাতি অবিরত মহানকে স্মরণ করে। পুলিশের উপস্থিতিতে গাছটি খুন করা হয়। কোনো মানুষকে কুপিয়ে হত্যা করার ছবি গণমাধ্যম সচরাচর নৈতিকতার কারণে প্রকাশ করা হয় না। কিন্তু এই গাছ খুনের ছবিটি প্রকাশ করতে গণমাধ্যমের কোনো নৈতিকতার বালাই ছিল না। কারণ নৈতিকতা মূলত ‘অ্যানথ্রোপোসেন্ট্রিক’। এমনকি গজিনা গ্রামের উন্মত্ত অসহিষ্ণুতাও মূলত অ্যানথ্রোপোসেন্ট্রিক, গাছেরই বিরুদ্ধে।


‘গাছ কথা বলতে পারে না’ এই বয়ান প্রতিষ্ঠা করে যারা শিশুদের ময়দান থেকে একটি গাছ সরিয়ে দিলেন গজিনা গ্রামে, তারা কি কেবলমাত্র একটি গাছই সরালেন? না, তারা তাদের অসহিষ্ণুতার ডিএনএকেও শিশুমনে বাহিত করে দিলেন। এই শিশুরাই বড় হয়ে ওসমান গণির মতো প্রধান বনসংরক্ষক হয়ে দেশের বন লুট করবে। তো এই ঘটনায় গাছ হত্যাকারীদের কী বলা হবে, ‘অশিক্ষিত’, ‘পিছিয়ে পড়া’ কিংবা ‘নির্বোধ’। কলোনিয়াল লিগাসি ও বর্ণবাদে ঠাসা তথাকথিত ‘আধুনিক’ পরিসর মূলত এমন সিলছাপ্পরই মারে। ‘অ্যানথ্রোপোসেন্ট্রিক অসহিষ্ণুতাকে’ যত্ন করে গোপন করে রাখে। গজিনাতে যারা প্রবল বয়ান উৎপাদন ও প্রতিষ্ঠা করে একটি গাছ ও শিশুদের চিন্তাকে হত্যা করলেন, তারা অসহিষ্ণু এবং অসহিষ্ণুতাকেই জাগ্রত রাখলেন। কেবল গজিনার কথা বলা গাছটি নয়; দেশজুড়ে প্রায় সকল প্রবীণ পবিত্র স্মৃতিময় স্মারক বৃক্ষদের নির্মমভাবে খুন করা হয়েছে, যার একটিরও কোনো সুবিচার নিশ্চিত করেনি রাষ্ট্র। রাষ্ট্র এই অসহিষ্ণুতাকে আশ্রয়, উস্কানি এবং জায়েজ করে। বৃক্ষহত্যার বিচার না করতে পারা অসহিষ্ণু রাষ্ট্রের মনোদার্শনিক চরিত্রের বদল জরুরি। একটি মৌমাছি বা গাছের সঙ্গে মানুষ কথা বলতে পারবে কিনা, একে অপরের ভাষা বুঝবে কিনা–তা একই সঙ্গে এক সহিষ্ণু দার্শনিক এবং প্রাণগত প্রশ্ন। গাছের ভাষা বোঝা নিয়ে নানা সমাজে নানা আখ্যান ও বিশ্বাস প্রচলিত আছে। বহু বৈজ্ঞানিক গবেষণা ও প্রমাণ আছে। গাছ কীভাবে অনুভব ও যোগাযোগ করে এই গোপন সত্য নিয়ে ‘দ্য হিডেন লাইফ অব ট্রিস’ শিরোনামে একটি বই লিখেছেন পিটার ওয়লেবেন। ২০১৬ সালে গ্রেস্টোন বুকস এটি প্রকাশ করেছে। এটি একটি বেস্টসেলার বই। জার্মানিতে এখন পর্যন্ত এর প্রায় আট লাখ কপি বিক্রি হয়েছে। ওয়ালস্ট্রিট জার্নাল বইটি নিয়ে লিখেছে, ...আসলেই গাছ ফিসফিস করতে পারে। অসহিষ্ণু হলে আপনি এই ফিসফাস বুঝতে চাইবেন কেন?


মাটির প্রতি সহিষ্ণু কেউ আছে? ‘মাটির আগে মানুষ’ নীতিকে নিয়ে চলা সভ্যতা অসহিষ্ণু হতে বাধ্য। কারণ তাকে বসত, খাদ্য, বিনোদন, চিকিৎসা সবকিছুর জন্য প্রতিনিয়ত মাটি দখল, দূষণ, লুট, খুনখারাবি করতে হয়। আর এসব জায়েজ করতে হয় ‘নগরায়ণ’, ‘খাদ্য উৎপাদন’ কিংবা ‘বসতি স্থাপনের’ ছুতায়। সবুজ বিপ্লব প্রকল্পের আগের পৃথিবীর কথা স্মরণ করুন। মানুষের খাদ্য উৎপাদন করতে গিয়ে মাটিতে সিনথেটিক সার ও বিষ ঢালতে হয়নি। মানুষের শস্যদানা বাঁচাতে গিয়ে ব্যাঙ, শামুক, পতঙ্গকুল কি মাছেদের খাদ্যভাণ্ড ছিনতাই হয়নি। সবুজ বিপ্লব প্রাতিষ্ঠানিকভাবে মাটিকে খুন করার বৈধতা দিয়েছে। আন্তর্জাতিক কৃষি গবেষণা পরামর্শক দল সিজিআইএআরসহ বহুপক্ষীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সবাই এই খুনখারাবির সঙ্গে জড়িত। এক চামচ মাটিতে কী পরিমাণ অণুজীব তাদের সন্তানসন্ততি আত্মীয়স্বজন নিয়ে থাকে ভাবা যায়! অথচ মানুষের জন্য অঢেল খাদ্য ফলানোর জন্য অণুজীবদের গ্রাম নিশ্চিহ্ন করে দেওয়া হলো। সবুজ বিপ্লব প্রকল্প কৃষিতে অসহিষ্ণুতা তৈরি করল। কৃষকের সামাজিক চরিত্রে উৎপাদনমুখীনতার প্রলোভন তৈরি করে অসহিষ্ণুতার বীজ বুনে দিল। এই অসহিষ্ণু কৃষক আজ কেবল অদেখা অণুজীব নয়; জমির ফসল রক্ষা করতে পালের পর পাল পাখি কি মৌমাছিদের খুন করছে। পিটিয়ে মারছে সাপ, সরীসৃপ কি বন্যপ্রাণী।


নিহত নদী, চূর্ণ পাহাড় কিংবা ধর্ষিত অরণ্য অসহিষ্ণুতাই নদীর উজান-ভাটির প্রবাহে বৃহৎ বাঁধ, বিদ্যুৎ প্রকল্প কিংবা অবকাঠামো বসিয়েছে। উজান-ভাটির রাষ্ট্রে পানি নিয়ে দরবার তৈরি করেছে। দখল-দূষণে আচ্ছন্ন রুগ্‌ণ নদীধারাগুলো মানুষের অসহিষ্ণুতার জীবন্ত ফসিল প্রমাণ। পাহাড়, অরণ্য কি প্রাকৃতিক ভূমিগুলো তছনছ করে মানুষ কয়লা, গ্যাস, তেল, পাথর উত্তোলন করে পৃথিবীকে জীবাশ্ম জ্বালানির ক্রীতদাস বানিয়ে রেখেছে। আর এই জ্বালানি দখল ও লুটতরাজ যুদ্ধ ও গণহত্যাকে নিদারুণভাবে বৈধতা দিয়েছে। ভূমির রক্তনালির প্রতি মানুষ সহিষ্ণু হতে পারেনি। ‘হাতি আগে না মানুষ আগে’ কিংবা ‘সুন্দরবন আগে নাকি উপকূলের জনগণ’ এমনতর উস্কানিমূলক হঠকারী চিন্তা পদ্ধতিই হলো অসহিষ্ণু আচরণ। এই বিশ্বনিখিলে কোনো প্রাণ-প্রজাতিই কারও আগে আ পরে নয়, সকলের সমমর্যাদা এবং সমঅধিকার আছে এই নিখিলে বেঁচে থাকবার ও বিকাশের। এই দুনিয়া কোনোভাবেই কেবলমাত্র মানুষ নামের প্রজাতির জন্য নির্ধারিত ও শর্তযোগ্য নয়। ক্ষমতা ও পুঁজির কর্তৃত্ব মানুষকে এই দুনিয়ায় ‘শর্তযোগ্য’ করে তুলেছে। আর এই অসহিষ্ণু আচরণ দুনিয়ার প্রাণ-প্রজাতিকে করে তুলেছে ‘হত্যাযোগ্য’। যার কোনো কৈফিয়ত বা নতিস্বীকারের ন্যায্য দৃষ্টান্ত নেই কোনো রাষ্ট্র কাঠামোয়। রাজনৈতিকভাবে উদ্বাস্তু রোহিঙ্গাদের জায়গা দেওয়ার জন্য তাই প্রথমেই বেছে নেওয়া হয় হাতিদের বিচরণ ও চলাচলের পথ। হাতি-মানুষ কিংবা বাঘ-মানুষ দ্বন্দ্বগুলো মানুষের তৈরি, পাতানো এবং উস্কানিমূলক। এতে বেঘোরে প্রাণ যায় শেষমেশ হাতির কিংবা বাঘের। কারণ মানুষকে বাঁচাতে এক অসহিষ্ণু ব্যবস্থা চারদিকে রণসজ্জা তৈরি করে রেখেছে। বন বিনাশ করে আগ্রাসী গাছের বাণিজ্যিক বাগান, তামাক, রাবার, হাইব্রিড ভুট্টা বা মনোক্রপ বাগানের কারণে অরণ্যের সংসার লন্ডভন্ড করেছে মানুষের মুনাফার লোভ। সামরিকায়ন থেকে শুরু করে করপোরেট পর্যটন অরণ্য থেকে সমুদ্রের বাস্তুতন্ত্রের স্বাধীনতা দখল করেছে। মানুষ এইসব করছে তার লাগাতার অসহিষ্ণু উন্নয়ন আর ভোগবাদিতার উছিলায়। তাহলে অসহিষ্ণু উন্নয়নবাদিতাকে প্রশ্ন না করে, না থামিয়ে, কীভাবে প্রাণজগতের মুক্তি সম্ভব?


সহিষ্ণু নিশানার খোঁজে ঐতিহাসিকভাবে সমাজ ও ভূগোলের নানা গ্রন্থিতে নানামুখী সহিষ্ণুতার দর্শন, বয়ান ও তৎপরতা জারি আছে। ক্ষমতার প্রবল ধারা বরাবরই এসব অস্বীকার ও রক্তাক্ত করে। আদিবাসী ও গ্রামীণ নিম্নবর্গের যাপিত জীবন সহিষ্ণুতার নিশানার খোঁজে তার নানা কারিগরি ও সৃষ্টিশীলতার উদাহরণ জারি রাখতে সংগ্রাম করে অবিরাম। আমরা সেইসব বয়ানের শক্তি ও সামর্থ্যের প্রতি কখনোই নতজানু হইনি। অসহিষ্ণুতার দম্ভে সর্বজন ও সর্বপ্রাণের প্রতি নতজানু হওয়ার নীতি নিষিদ্ধ। সমৃদ্ধ আগামীর পানে তাকাতে চাইলে এই নিষিদ্ধ ট্যাবু চুরমার করতে হবে। কেবল সামাজিক শক্তি নয়; প্রাকৃতিক শক্তিসহ যৌথ অভিজ্ঞতার ভেতর দিয়ে অ্যানথ্রোপোসেন্ট্রিক অসহিষ্ণুতার রূপান্তর ঘটতে পারে।