নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন রোগী। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশনসহ) ৭৫৫ জন, বরিশাল বিভাগে ১৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, খুলনা বিভাগে ১৭৪ জন, রাজশাহী বিভাগে ১৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫ হাজার ৭০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত মোট ১ লাখ ৬৭ হাজার ৮৮৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ৫১৮ জন। চলতি বছরে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন এবং অক্টোবরে ১৭৪ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরে বিভাগভিত্তিক মৃত্যুতে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ, যেখানে ২৬১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।






