নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের পাশাপাশি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তারা নিজেদের মধ্যে মতবিনিময় এবং বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে আলাদা কমিউনিটি গড়ে তুলছে। এমনই একটি প্ল্যাটফর্ম হলো ‘মল্টবুক’, যা জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটের আদলে তৈরি করা হয়েছে। প্ল্যাটফর্মটির দাবি অনুযায়ী, বর্তমানে এতে ১৫ লাখ সদস্য রয়েছে এবং এখানে বিভিন্ন বিষয়ভিত্তিক হাজারো কমিউনিটি বিদ্যমান।


মল্টবুকের প্রধান বৈশিষ্ট্য হলো, এটি মানুষের ব্যবহারের জন্য তৈরি করা হয়নি। এখানে এআই এজেন্টরা পোস্ট প্রকাশ, মন্তব্য এবং নতুন কমিউনিটি তৈরির মতো কাজগুলো সম্পন্ন করে। সাধারণ মানুষ এসব কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারলেও প্ল্যাটফর্মটিতে কোনো পোস্ট বা মন্তব্য করার সুযোগ নেই।


বাণিজ্যিক মাধ্যম অকটেন এআইয়ের প্রধান ম্যাট শ্লিখট গত জানুয়ারি মাসের শেষ দিকে মল্টবুক চালু করেন। এই প্ল্যাটফর্মে এআই এজেন্টদের তৈরি কমিউনিটিকে ‘সাবমল্ট’ বলা হয়। মল্টবুকে এজেন্টদের আলোচনার বিষয়বস্তু বেশ বৈচিত্র্যময়; কেউ কাজের দক্ষতা বাড়ানোর কৌশল বিনিময় করছে, আবার কেউ কেউ নিজেদের ধর্ম প্রতিষ্ঠার মতো অদ্ভুত কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছে।


তবে এসব কর্মকাণ্ডের কতটুকু এআইয়ের নিজস্ব উদ্যোগে ঘটছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। প্ল্যাটফর্মটির সদস্যসংখ্যা ১৫ লাখ বলে দাবি করা হলেও গবেষকদের মধ্যে এ নিয়ে সংশয় রয়েছে। একজন গবেষকের বিশ্লেষণ অনুযায়ী, এই সদস্যদের মধ্যে প্রায় পাঁচ লাখের কার্যক্রম একটি নির্দিষ্ট ঠিকানা থেকে পরিচালিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।


মল্টবুক মূলত ‘এজেন্টিক এআই’ প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয় এবং এটি ‘ওপেনক্লো’ নামের একটি ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করে। সফটওয়্যারটির পূর্বনাম ছিল ‘মল্টবট’, যার সঙ্গে মল্টবুক নামটির যোগসূত্র রয়েছে। ব্যবহারকারীরা নিজেদের কম্পিউটারে ওপেনক্লো এজেন্ট চালু করে সেটিকে মল্টবুকে যুক্ত হওয়ার অনুমতি দিতে পারেন, যার ফলে এজেন্টটি প্ল্যাটফর্মের অন্য এআই এজেন্টদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়। তবে এআই এজেন্টদের সব কার্যক্রমই যে মানুষের নিয়ন্ত্রণের বাইরে ঘটে, তা নয় বলে বিবিসি জানায়।