পাকিস্তানের মহাকাশ সক্ষমতা বাড়ছে, ভারতের উদ্বেগ

চীন ও তুরস্কের সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা বাড়তে থাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। গত শুক্রবার দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল এনএস রাজা সুব্রামানি বলেন, এ পরিস্থিতিতে নয়াদিল্লিকে নিজেদের মহাকাশভিত্তিক সামরিক সক্ষমতা দ্রুত বাড়াতে হবে। খবর ইন্ডিয়া টুডের।


‘ভবিষ্যৎ যুদ্ধকৌশল ও বহুমাত্রিক সামরিক অভিযানে ভারতের প্রস্তুতি’ শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন।


জেনারেল সুব্রামানি বলেন, পাকিস্তান কেবল চীনের ওপর নির্ভর করছে না। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো নিজস্ব সক্ষমতা তৈরিতেও কাজ করছে। পাশাপাশি তুরস্কও ইসলামাবাদকে প্রযুক্তিগত সহায়তা দিতে পারে। ভারতের কৌশলগত পরিকল্পনায় বিষয়টি বিবেচনায় রাখতে হবে।


তিনি জানান, উদ্বেগের বিষয় শুধু পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণ নয়। বরং গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি (আইএসআর) এবং নেভিগেশন ব্যবস্থায় চীনের উন্নত প্রযুক্তিও পাকিস্তান ব্যবহার করতে পারে। এতে যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের সামরিক সক্ষমতা অনেক বেড়ে যাবে।


তবে চীনের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় না যাওয়ার পরামর্শ দিয়েছেন জেনারেল সুব্রামানি। তিনি বলেন, চীনের সবকিছু অর্জনের চেষ্টা ভারতের করা উচিত নয়। বরং সীমান্তে নজরদারি বাড়ানো এবং একই এলাকা পুনরায় পর্যবেক্ষণের মধ্যবর্তী সময় কমিয়ে আনাই মূল লক্ষ্য হওয়া উচিত। এ জন্য পর্যাপ্ত স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।


নিজেদের নজরদারি নেটওয়ার্ক শক্তিশালী করতে ভারতের স্পেস বেইজড সার্ভেইল্যান্স (এসবিএস) তৃতীয় পর্যায়ের কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি। ২০২৪ সালের অক্টোবরে অনুমোদিত ২৬ হাজার ৯৬৮ কোটি রুপির এই প্রকল্পের আওতায় আগামী তিন বছরে ৫২টি সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। প্রতিরক্ষা মহাকাশ সংস্থা ও সমন্বিত প্রতিরক্ষা সদরদপ্তরের তত্ত্বাবধানে এটি বাস্তবায়িত হবে। এর মধ্যে ২১টি স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। বাকি ৩১টি তৈরি করবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো, যা জাতীয় নিরাপত্তায় বেসরকারি খাতের ক্রমবর্ধমান ভূমিকারই প্রতিফলন।


এ ছাড়া চীনের ক্রমবর্ধমান মহাকাশ শক্তি নিয়েও সতর্ক করেন জেনারেল সুব্রামানি। তিনি জানান, স্যাটেলাইটে বিঘ্ন ঘটানো বা ধ্বংস করার প্রযুক্তি তৈরি করছে বেইজিং। চীনের হাতে থাকা স্যাটেলাইটবিধ্বংসী ব্যবস্থা ও ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি যে কোনো সময় যোগাযোগ ও নেভিগেশন নেটওয়ার্ক অচল করে দিতে পারে।