নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার কম হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। ইতোমধ্যে ১ থেকে ১০ শতাংশ পাস করা ২২টি কলেজকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। অন্যদিকে কুমিল্লা শিক্ষা বোর্ড ৩০ শতাংশের নিচে পাস করা ৮২টি কলেজকে শোকজ করার পাশাপাশি অধ্যক্ষদের নিয়ে জরুরি সভা করেছে।


আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূত্রে জানা গেছে, সম্প্রতি এক সভায় যেসব বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানে পাসের হার ১-৩০ শতাংশের নিচে, সেসব প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া ও বিস্তারিত ব্যাখ্যা চাওয়ার বিষয়ে আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে প্রথমে কুমিল্লা ও পরে ঢাকা শিক্ষা বোর্ড উদ্যোগ নেয়। এ ছাড়া অন্যান্য বোর্ডও ১ থেকে ৩০ শতাংশের মধ্যে পাসের হার থাকা কলেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।


ঢাকা ও কুমিল্লা উভয় বোর্ডের নোটিশেই প্রত্যাশিত শিক্ষার্থী পাস না করায় কেন বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিগত পাঁচ বছরের ফলাফলের পরিসংখ্যানসহ প্রশাসনিক ও একাডেমিক কাগজপত্র নিয়ে অধ্যক্ষদের সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে। পাশাপাশি কলেজ থেকে কোনো প্রতিনিধি পাঠানো যাবে না বলে সতর্ক করা হয়েছে।


আজ রোববার ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মুনসী হুমায়ুন কবির স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট ২২টি প্রতিষ্ঠানের অধ্যক্ষদের আগামী ৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বোর্ডের সভাকক্ষে উপস্থিত থাকতে বলা হয়েছে।


অন্যদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ সিপন মিয়া স্বাক্ষরিত নোটিশে গত ১৯ নভেম্বর ৮২টি কলেজকে শোকজ করা হয় এবং ২৪ নভেম্বর মঙ্গলবার বোর্ডের অডিটোরিয়ামে অধ্যক্ষদের নিয়ে সভা হয়। সভায় ফলাফল বিপর্যয়ের কারণ জানার পাশাপাশি ভালো ফলাফলের লিখিত ভবিষ্যৎ পরিকল্পনা নেয়া হয়। পাশাপাশি আগামীতে এমন ফলাফলের দায় কর্তৃপক্ষকে নিতে হবে বলে সতর্ক করা হয়।


সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নামসর্বস্ব প্রতিষ্ঠান, শিক্ষক সঙ্কট- বিশেষ করে ইংরেজি ও আইসিটিতে দুর্বলতা এবং ভৌগোলিক ও চরাঞ্চলের বাস্তবতায় পাসের হার কমেছে। কেবল শোকজ বা সভা নয়, মূল কারণ চিহ্নিত করে দীর্ঘমেয়াদি কাঠামোগত ও একাডেমিক সংস্কার জরুরি হয়ে পড়েছে।


আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান বলেন, ‘প্রথমে আমরা শূন্য পাস প্রতিষ্ঠানগুলোকে শোকজ দিয়েছি। এখন ১০ শতাংশের কম পাস কলেজগুলোকে কারণ দর্শানোর চিঠি দিয়েছি। যেসব কলেজ থেকে ২০ থেকে ৩০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, তাদের ব্যাপারেও ভবিষ্যতে কঠোর অবস্থানে যাব। একই সাথে অন্যান্য বোর্ডগুলোকেও এ ধরনের ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে।’


তিনি বলেন, ‘অতীতে রাজনৈতিক প্রভাব বা ব্যক্তিগত সুনামের জন্য পরিকল্পনা ছাড়াই যত্রতত্র এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল, যা বর্তমান মানদণ্ডে টিকতে পারছে না। এগুলোকে সরকার নানা প্রক্রিয়ার মধ্যে আনার চিন্তা-ভাবনা করছে।’


ঢাকা বোর্ডে ১-১০ শতাংশ পাস ২২ কলেজকে শোকজঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ১ থেকে ১০ শতাংশ পাসের হারের ২২ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে গুলশানের ক্রাউন কলেজ, পাসের হার ৬ দশমিক ৬৭ শতাংশ, পল্লবীর মিরপুর ডেভেলপমেন্ট কমিটি মডেল ইনস্টিটিউট অ্যান্ড কলেজ এবং খিলক্ষেতের ডুমনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১০ শতাংশ করে।


এ ছাড়া গাজীপুরের জেনুইন রেসিডেন্সিয়াল কলেজে ৭ দশমিক ১৪ শতাংশ; নরসিংদীর ফরিদা হাশেম ইন্টারন্যাশনাল হাইস্কুল অ্যান্ড কলেজে ৫ শতাংশ, বাবুরহাট গ্রিন ফিল্ড কলেজে ৯ দশমিক ০৯ শতাংশ ও পাচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল অ্যান্ড কলেজে ৪ শতাংশ; মুন্সীগঞ্জের সৈয়দপুর আবদুর রহমান স্কুল অ্যান্ড কলেজে ৯ দশমিক ০৯ শতাংশ; মানিকগঞ্জের খোন্দকার দেলোয়ার হোসেন কলেজে ৭ দশমিক ৪৬ শতাংশ ও বানিয়াজুরি ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজে ৫ দশমিক ২৬ শতাংশ পাসের হার রয়েছে।


তালিকায় আরো আছে টাঙ্গাইলের পলাশতলী মহাবিদ্যালয়ে ৮ দশমিক ৫১ শতাংশ, ড. সায়ীদা খান মহিলা কলেজে ১০ শতাংশ ও ভাওড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৯ দশমিক ০৯ শতাংশ; শরীয়তপুরের ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন অ্যান্ড কলেজে ৬ দশমিক ৪৫ শতাংশ, গঙ্গানগর আদর্শ স্কুল অ্যান্ড কলেজে ৮ দশমিক ৮৯ শতাংশ ও চিকন্দি শরফ আলী স্কুল অ্যান্ড কলেজে ৫ দশমিক ৮৮ শতাংশ; রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৭ দশমিক ১৪ শতাংশ, বেলগাজী আলিমুজ্জমান স্কুল অ্যান্ড কলেজে ৭ দশমিক ৮৪ শতাংশ ও অঙ্কুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৩ দশমিক ০৩ শতাংশ; গোপালগঞ্জের গোপালগঞ্জ আইডিয়াল কলেজে ৭ দশমিক ১৪ শতাংশ এবং কিশোরগঞ্জের কিশোরগঞ্জ মডেল কলেজে ৬ দশমিক ৮২ শতাংশ ও জারাইতলা স্কুল অ্যান্ড কলেজে ৬ দশমিক ২৫ শতাংশ।


এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মুনসী হুমায়ুন কবির বলেন, ‘১০ শতাংশ পাসের বাইরেও যদি ২০ কিংবা ৩০ শতাংশ পাসের হারের পরিসংখ্যান দেখা যায়, তবে পরিস্থিতি কতটা উদ্বেগজনক তা স্পষ্ট হবে। প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে হলে ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণ করে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সমন্বয় ও নীতিগত মানদণ্ড নির্ধারণ জরুরি।’


কুমিল্লা বোর্ডে ৩০ শতাংশের নিচে পাস ৮২ কলেজকুমিল্লা শিক্ষা বোর্ডের ১৯ নভেম্বরের নোটিশে ৩০ শতাংশের নিচে পাস করা ৮২টি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে সর্বনিম্ন হার চাঁদপুরের ফরিদগঞ্জের চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে ১০ শতাংশ। তালিকায় আরো রয়েছে লক্ষ্মীপুর সদরের লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজে ১০ দশমিক ০৮ শতাংশ, কুমিল্লার মুরাদনগরের বাইড়া মো: আরিফ উচ্চ বিদ্যালয় ও কলেজে ১১ দশমিক ১১ শতাংশ, লক্ষ্মীপুর সদরের জিল্লুর রহিম কলেজে ১১ দশমিক ৮১ শতাংশ, দেবিদ্বারের মোহনপুর পাবলিক কলেজে ১২ দশমিক ৫০ শতাংশ, রামগঞ্জের দল্টা ডিগ্রি কলেজে ২৯ দশমিক ৮৬ শতাংশ এবং নাঙ্গলকোটের হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজে ২৯ দশমিক ৯০ শতাংশ। আর দেবিদ্বার সরকারি সুজাত আলী কলেজেও ২৯ দশমিক ২৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।


গত ২৪ নভেম্বরের সভায় অধ্যক্ষদের ফলাফল বিপর্যয়ের কারণ, উত্তরণের উপায়, আগামী দিনের পরিকল্পনা ও বিগত পাঁচ বছরের নথিপত্র পর্যালোচনা করা হয়। এতে ইংরেজি ও আইসিটিতে খারাপ ফলসহ নানা অব্যবস্থাপনার চিত্র উঠে আসে।


কুমিল্লা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ সিপন মিয়া জানান, ‘শূন্য পাসের প্রতিষ্ঠান নিয়ে আলোচনার পর ৩০ শতাংশের নিচে পাস করা প্রতিষ্ঠানগুলোকে সরকারি, বেসরকারি এমপিওভুক্ত ও নন-এমপিও- এই তিন ভাগে বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে ১৬টি সরকারি ও ৮২টি এমপিওভুক্ত কলেজকে নোটিশ ও সভায় আনা হয়েছে; যেখানে ইংরেজি ও আইসিটিতে দুর্বলতা এবং গত পাঁচ বছরের কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে।’ তিনি চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকার বাস্তবতা এবং নন-এমপিও ও অতি অল্প পরীক্ষার্থী থাকা প্রতিষ্ঠানের বিষয়ে নীতিগত সিদ্ধান্তের প্রয়োজনীয়তার কথাও বলেন।


কাঠামোগত সংস্কারের তাগিদ শিক্ষাবিদদেরঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক শাহ শামীম আহমেদ বলেন, ‘এত কম সংখ্যক শিক্ষার্থী পাস করার দায় শুধু শিক্ষার্থীর নয়, বরং মনিটরিংয়ের ঘাটতি ও একাডেমিক কাঠামোর ত্রুটির কারণে এমনটি ঘটছে।’


তিনি বলেন, ‘অতীতে রাজনৈতিক বিবেচনায় যত্রতত্র গড়ে ওঠা এসব প্রতিষ্ঠান দেশের জন্য গলার কাঁটায় পরিণত হয়েছে। অনেক কলেজে শিক্ষকের চেয়ে শিক্ষার্থী কম রয়েছে। তাই অপ্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলোকে কারিগরি প্রতিষ্ঠানে রূপান্তর এবং কর্মরত শিক্ষকদের পার্শ্ববর্তী প্রতিষ্ঠানে পুনর্বাসন করা উচিত।’