নিজস্ব প্রতিবেদক
গানের রয়্যালটি, সংগীতের স্বত্ব, বিশ্বজুড়ে কনসার্ট এবং আবাসন খাতে বিনিয়োগের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী পল ম্যাককার্টনি। ফোর্বসের হিসাব অনুযায়ী, ৮৪ বছর বয়সী সাবেক এই বিটলস সদস্যের মোট সম্পদের পরিমাণ অন্তত ১৪০ কোটি ডলার। বর্তমানে তিনি বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী সংগীতশিল্পী। তাঁর ওপরে রয়েছেন মার্কিন সংগীতশিল্পী জে-জেড ও টেইলর সুইফট।
লিভারপুলের এক শ্রমজীবী পরিবারে বেড়ে ওঠা ম্যাককার্টনি ছোটবেলা থেকেই আর্থিক স্বচ্ছলতার বিষয়ে সচেতন ছিলেন। ১৯৬০-এর দশকে বিটলস বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেলেও শুরুতে গানের বাণিজ্যিক সাফল্যের ন্যায্য হিস্যা পাননি তিনি। তৎকালীন চুক্তি অনুযায়ী অ্যালবাম বিক্রিতে ব্যান্ডের সদস্যদের আয় ছিল খুবই সামান্য এবং গানের স্বত্ব নিয়ন্ত্রণ করতেন প্রকাশক ডিক জেমস।
পরিস্থিতি বদলাতে ১৯৬৯ সালে বিটলস ভেঙে যাওয়ার কয়েক মাস আগে পল ম্যাককার্টনি নিজস্ব সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান 'এমপিএল কমিউনিকেশনস' গড়ে তোলেন। এর মাধ্যমে তিনি নিজের একক সংগীতজীবনের গান ও মূল রেকর্ডিংয়ের স্বত্বের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। পরবর্তীতে তিনি অন্য শিল্পীদের গানের স্বত্ব কেনায় মনোযোগী হন, যার মধ্যে বাডি হলি, ব্রডওয়ের সংগীতনাট্য ও ক্রিসমাসের জনপ্রিয় গানগুলো অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে এমপিএল কমিউনিকেশনসের বাজারমূল্য অন্তত ২৫ কোটি ডলার এবং এখান থেকে বছরে কয়েক কোটি ডলার আয় হয়।
এ ছাড়া বিটলসের প্রতিষ্ঠান 'অ্যাপল কর্পস' থেকেও ম্যাককার্টনি বড় অঙ্কের আয় করেন। সংগীত স্ট্রিমিং, ভিনাইল রেকর্ড বিক্রি ও পণ্য বিপণন থেকে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় ৫ কোটি ডলারের বেশি। এই আয়ের ২৫ শতাংশ করে পান ম্যাককার্টনি, রিঙ্গো স্টার এবং প্রয়াত জন লেনন ও জর্জ হ্যারিসনের উত্তরাধিকারীরা। ফোর্বসের হিসাবে, এই খাতে ম্যাককার্টনির আয়ের পরিমাণ ১৫ কোটি ডলারের বেশি।
জন লেননের সঙ্গে লেখা গানগুলোর যুক্তরাষ্ট্রের স্বত্ব ফিরে পেতে দীর্ঘ আইনি লড়াই ও দর-কষাকষি করেছেন ম্যাককার্টনি। বর্তমানে এসব গানের স্বত্ব থেকে বছরে অন্তত এক কোটি ডলার আয় করেন তিনি, যার বাজারমূল্য প্রায় ২০ কোটি ডলার। সংগীত সফরের টিকিট বিক্রি এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের হ্যাম্পটন এলাকায় থাকা সম্পদ ও ব্যক্তিগত শিল্পকর্মের সংগ্রহ তাঁর সম্পদের বড় অংশ জুড়ে রয়েছে। তবে ফোর্বসের এই সম্পদের হিসাব অনুমানভিত্তিক এবং এ বিষয়ে পল ম্যাককার্টনি কোনো মন্তব্য করেননি।






