বাগেরহাটে বিএনপি-আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যার পর গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার সীমান্তবর্তী মোল্লাহাট সেতুর ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর গোপালগঞ্জ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে মোল্লাহাটের দিকে এগোতে থাকেন। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা ছিল। একপর্যায়ে সেতুর এপারে অবস্থান নেওয়া স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
খবর পেয়ে পুলিশ, বিজিবি, আনসার ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেতুর দুই পাশে মুখোমুখি অবস্থান নিয়েছিলেন। তবে এ মুহূর্তে দুই পক্ষই সরে গেছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।






