লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি এ মিছিল ও সমাবেশ আয়োজন করে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ-নড়াইলের সীমান্তবর্তী মধুমতী সেতুর পশ্চিমপাশে লোহাগড়া উপজেলায় এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করলে তাদেরকে প্রতিহত করা হবে।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দূরে থেকে নৈরাজ্য সৃষ্টি না করে নিজেদের বাড়িঘরে এসে শান্তিতে বসবাস করুন। কেউ আপনাদের কিছু বলবে না। বাড়িতে এসে সবার সাথে মিলেমিশে থাকুন। তবে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করা হবে।’
লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো: আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিমের পরিচালনায় সমাবেশে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, সম্পাদক মাহাবুব মোর্শেদ জাপল ও মো: টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো: মিলু শরীফ, সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, লোহাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: রসুল সিকদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত রুবেল, লোহাগড়া যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলমসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





