বেঁচে থাকার কোনো আশাই ছিল না, ৫৭ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে ফিরে বললেন নিরব

টানা ৮০ দিনের অনিশ্চিত ও দুর্বিষহ যাত্রায় বারবার মৃত্যুঝুঁকি থেকে বেচে ফেরা নিরব। আজ শনিবার নিজ বাড়ি থেকে তোলা ছবি:


‘আমাদের ইঞ্জিনচালিত নৌকাটি পথ হারিয়ে কারিগরি ত্রুটির কারণে ডুবে যেতে শুরু করে। ভূমধ্যসাগরে ৫৭ ঘণ্টা ভেসে থাকার সময় বেঁচে থাকার কোনো আশাই ছিল না। তখন পরিবারের কাছে ফেরা কিংবা সন্তানদের আদর করার কথা কল্পনাও করিনি।’


ভূমধ্যসাগরের সেই ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন পাবনার আটঘরিয়া উপজেলার কৈজুরি শ্রীপুর গ্রামের তরুণ নিরব হাসান শিমুল। তিনি জানান, জীবনে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে দক্ষিণ কোরিয়া যাওয়ার সিদ্ধান্ত নেন নিরব। সেখানে ব্যর্থ হন। পরে দালালচক্রের প্রলোভনে পড়ে অবৈধ পথে ইউরোপ যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। লিবিয়া হয়ে গ্রিসে যাওয়ার সেই যাত্রা তার জীবনে পরিণত হয় এক ভয়াবহ দুঃস্বপ্নে।


টানা ৮০ দিনের অনিশ্চিত ও দুর্বিষহ যাত্রায় বারবার মৃত্যুঝুঁকিতে পড়তে হয়েছে জানিয়ে নিরব বলেন, ‘সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা ছিল ভূমধ্যসাগরে। নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় টানা ৫৭ ঘণ্টা উত্তাল সমুদ্রে ভাসতে হয়েছে ৩০ বছর বয়সী নিরবকে। একপর্যায়ে বেঁচে ফেরার আশাও ছেড়ে দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত একটি চীনা জাহাজ তাদের উদ্ধার করে। এরপর মিসরে এক মাসের বেশি সময় আটক থাকার পর বাংলাদেশ দূতাবাসের সহায়তায় নভেম্বরের মাঝামাঝি দেশে ফেরেন তিনি।


তবে ঘরে ফিরলেও সঙ্গে আনতে পারেননি নিজের স্বপ্ন। হারিয়েছেন জমানো টাকা, মানসিক শান্তি ও ভবিষ্যতের আশা। উল্টো মাথায় চেপেছে ১৫ লাখ টাকার ঋণের বোঝা। শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছেন তিনি। নিরব বলেন, ‘এখন পরিবারের কাছে ফিরতে পেরে সন্তানদের মুখের দিকে তাকিয়ে ভাবছি, কত ভুল পথই না বেছে নিয়েছিলাম।’


তিনি বলেন, গত ৩০ আগস্ট পাচারকারী চক্রের সঙ্গে যোগাযোগ করে ওমরাহ পালনের উদ্দেশ্যে প্রথমে সৌদি আরবে যান তিনি। পরে সংযুক্ত আরব আমিরাত হয়ে পৌঁছান লিবিয়ায়। সেখানে বেনগাজিতে পৌঁছানোর পরই শুরু হয় বিপত্তি। দালালচক্রের সদস্যরা তার পাসপোর্ট কেড়ে নেয়। টাকা পরিশোধের পর পাসপোর্ট ফেরত দিয়ে তাকে আরেকটি চক্রের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের কাছ থেকে দাবি করা টাকা না পাওয়া পর্যন্ত ১৭ দিন আটকে রাখা হয় তাকে।


বাংলাদেশসহ আফ্রিকার বিভিন্ন দেশের শত শত অভিবাসনপ্রত্যাশীকে একটি বড় কক্ষে রাখা হয়েছিল। সেখানে টয়লেট ছিল মাত্র একটি। নিরব জানান, জায়গাটি ছিল অনেকটা নির্যাতনকেন্দ্রের মতো। পাচারকারীদের ভাষায় সমুদ্রপথে পাঠানোর প্রক্রিয়াকে বলা হতো ‘গেম’। সেই ধাপে যাওয়ার আগে ১০ আসনের একটি গাড়িতে প্রায় ৩০ জনকে গাদাগাদি করে তোলা হয়। কয়েক স্তরে মানুষ বসানো হয়েছিল। নিরব বলেন, ওপরের স্তরে জায়গা পাওয়ায় তিনি কিছুটা স্বস্তিতে ছিলেন। কিন্তু নিচে আটকে থাকা মানুষগুলোর দুরবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি।


পরে পাহাড়ি পথ পেরিয়ে আরেকটি চক্রের হাতে তাদের তুলে দেওয়া হয়। সেখান থেকে উপকূলের দিকে নেওয়ার সময়ও ছোট গাড়িতে অতিরিক্ত মানুষ গাদাগাদি করে রাখা হয়েছিল। শ্বাস নিতে কষ্ট হলেও প্রতিবাদ করার সাহস পাননি কেউ। প্রতিবাদ করলেই নির্যাতনের শিকার হতে হতো বলে জানান তিনি।


নিরব জানান, ১১ অক্টোবর ভোর ৩টার দিকে ৬৫ জন বাংলাদেশি ও দক্ষিণ সুদানের চার নাগরিকসহ মোট ৬৯ জন একটি ইঞ্জিনচালিত নৌকায় গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করেন। তাদের সঙ্গে শিশুও ছিল।


প্রায় ২৫ ঘণ্টা চলার পর নৌকার চালক দিক হারিয়ে ফেলেন। একপর্যায়ে জ্বালানি ফুরিয়ে আসে এবং নৌকার পাম্প বিকল হয়ে যায়। নৌকাটি থেমে সমুদ্রে ভাসতে থাকে। এ সময় উদ্ধারের আশায় লিবিয়ায় বার্তা পাঠানো হলেও কোনো সহায়তা আসেনি।


এরই মধ্যে নৌকায় পানি ঢুকতে শুরু করে। যাত্রীরা সেই পানি সেচে নৌকাটি ভাসিয়ে রাখার চেষ্টা করেন। এভাবে কাটে দীর্ঘ ৫৭ ঘণ্টা। অবশেষে ১৪ অক্টোবর ভূমধ্যসাগর দিয়ে চলাচলকারী একটি চীনা জাহাজ তাদের দেখতে পায়।


নিরব বলেন, প্রায় চার ঘণ্টার চেষ্টায় জাহাজের কর্মীরা সবাইকে উদ্ধার করেন। তাদের খাবার ও ওষুধ দেওয়া হয়। পরে মিসরের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মিসরের কোস্টগার্ড তাদের হেফাজতে নেয়। এক মাসের বেশি সময় আটক থাকার পর বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দেশে ফেরার সুযোগ হয়।


কৃষক পরিবারে জন্ম নেওয়া নিরব এসএসসি ও এইচএসসি পাসের পর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস) ভর্তি হয়েছিলেন। কিন্তু বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব নিতে পড়াশোনা ছেড়ে দেন। পরে একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি এবং একটি চীনা রেস্তোরাঁর ব্যবস্থাপক হিসেবে কাজ করেন।


বেশি আয়ের আশায় ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার ইপিএস লটারিতে অংশ নিয়ে নির্বাচিত হন তিনি। এরপর চাকরি ছেড়ে ঢাকায় এসে কোরীয় ভাষা শেখার পাশাপাশি রাইড শেয়ারিংয়ে মোটরসাইকেল চালাতেন। তবে ভাষা কোর্স শেষ করেও দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য সুপারিশ না পাওয়ায় হতাশ হয়ে পড়েন।


নিরবের মা শিল্পী খাতুন বলেন, ছেলে এত কঠিন পরিস্থিতির মুখে পড়বে, তা কখনো কল্পনাও করেননি। তিনি বলেন, ‘আমার ছেলে ফিরে এসেছে। দুই সন্তান বাবাকে দেখে এখন খুশি; এটাই আমাদের পরিবারের সবচেয়ে বড় স্বস্তি।’