তার চুরিকালে ধরা পড়া এক চোরকে ছয় মাসের কারাদণ্ড
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বৈদ্যুতিক তার চুরির চেষ্টাকালে আটক এক চোরকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার নাম মো. সোহেল (৩৫)। আজ শনিবার ভোর সাড়ে ৬টায় বিমানবন্দরের প্রধান ফটক সংলগ্ন ১৫ নম্বর গেইট এলাকায় কর্তব্যরত আনসার সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদকালে চুরিকৃত বৈদ্যুতিক তারের সন্ধান পায়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন জানিয়েছেন, বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. তারেক জিয়া উদ্দিন বৈদ্যুতিক তারসহ একজন চোরকে আটক করার বিষয়টি অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। বিষয়টি চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক, গ্রুপ ক্যাপ্টেন ও বিমানবন্দর নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন এর উপস্থিতিতে চোরকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে আটককৃত চোর মো. সোহেল এলাকায় বেশ কিছুদিন ধরে সংঘটিত চুরির সাথে জড়িত এবং ইতোমধ্যে চুরির কারণে কারাভোগও করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত আইনে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেন।






