এম হাসান, কুমিল্লা
কুমিল্লার মেঘনা উপজেলায় নদীর বিভিন্ন স্থানে অবৈধ ঝোপ বা জাগ তৈরি করে দীর্ঘদিন ধরে দেশীয় মাছ ও মাছের পোনা নিধন করা হলেও তা উচ্ছেদে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বছরের পর বছর প্রশাসনের আশ্বাস মিললেও বাস্তবে ঝোপের সংখ্যা কমার বদলে বাড়ছে। ফলে কমছে দেশীয় মাছের বিচরণক্ষেত্র।
প্রশাসনের দীর্ঘসূত্রতার সুযোগে প্রভাবশালী ব্যক্তিরা নদীর গুরুত্বপূর্ণ অংশ দখল করে অবৈধভাবে ঝোপ তৈরি করে মাছ নিধন চালিয়ে যাচ্ছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসের মধ্যেই বছরের পর বছর পার হলেও বাস্তবে এসব ঝোপ বহাল রয়েছে।
মেঘনা নদী ও আশপাশের শাখা নদীতে গাছের ডালপালা ও বাঁশ পুঁতে এসব ঝোপ তৈরি করা হয়। পরে চারপাশ জাল দিয়ে ঘিরে ঝোপের ভেতরে মাছ আকর্ষণের জন্য খাদ্য দেওয়া হয়।
খাবারের টানে বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের পোনা ঝোপে জড়ো হলে জাল টেনে সহজেই সেগুলো ধরে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে এভাবে মাছ শিকার চললেও অবৈধ ঝোপ তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
নদীর বিভিন্ন অংশ দখল করে ঝোপ বা জাগ স্থাপন করে মাছ ও পোনা নিধনের কারণে দিন দিন দেশীয় মাছের সংকট তীব্র হচ্ছে। এক সময় যে নদীতে সহজেই নানা প্রজাতির দেশীয় মাছ পাওয়া যেত, সেখানে এখন মাছ পাওয়াই কঠিন হয়ে পড়েছে।
নৌপুলিশ নিয়মিত টহল ও অভিযান চালানোর পরও ঝোপগুলো থেকে যাওয়ায় তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
দেশের মিঠা পানির জলাশয়ে প্রায় ২৬০ প্রজাতির মাছ রয়েছে। এর মধ্যে ১৪৩টি ছোট প্রজাতির মাছ। মৎস্যসংশ্লিষ্ট বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, এসব মাছের উল্লেখযোগ্য একটি অংশ হুমকির মুখে রয়েছে।
মেঘনা নদীতে অবৈধ ঝোপ স্থাপন করে মাছ ও মাছের পোনা নিধনের কারণে দেশীয় নানা প্রজাতির মাছও হুমকির মুখে পড়ছে। এর মধ্যে রয়েছে বোয়াল, আইড়, রিটা, গুজি আইড়, চিতল, গজার, শোল, মহাশোল, ঘনিয়া, কালবাউশ, পাবদা, গুলশা, রাজপুঁটি, মেনি, ট্যাংরা, ফলি, শিং, গুতুম, মাগুর, বৈড়ালি, কুচিয়া, ভাগনা, খলিশা, কৈ, বাটা।
এছাড়া সরপুঁটি, ঘনিয়া, জাইতপুঁটি, পিয়ালি, বাতাসি, রানী, ঢেলা, কাকিলা, চাপিলা, চাঁদা, টাকি, বেলে, বাঁশপাতা, মলা, মৌরলা, কাচকি, চেলা, খলসে, তিতপুঁটি, পুঁটি, দারকিনা, বালিচাঁদা, রাইখর, বাঘাইড়, বাচা, বাইন, চেং, খরশুলা, শোলবাউশ, ফলুই, বাউশ, আইড়বাউশ, চিতলবাউশ, কালিবাউশ, গুতুমজাতীয় মাছ, ভাগনা মাছ ও বেলে মাছ রয়েছে।
দাউদকান্দি, হোমনা ও তিতাস উপজেলার বিভিন্ন শাখা নদীতেও অবৈধভাবে ঝোপ স্থাপনের অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, এসব নদীপথে প্রায় দেড় শতাধিক ঝোপ তৈরি করা হয়েছে। কোথাও কোথাও নদীর মাঝখান পর্যন্ত ঝোপ বিস্তৃত হওয়ায় নৌযান চলাচলেও সমস্যা তৈরি হচ্ছে। ঝোপের কারণে শুধু মাছ নিধনই হচ্ছে না, নদীর স্বাভাবিক পানিপ্রবাহও বাধাগ্রস্ত হচ্ছে।
এতে পলি জমে নদীর গভীরতা কমে যাচ্ছে। মাছের প্রজনন ও এক স্থান থেকে অন্য স্থানে চলাচলও ব্যাহত হচ্ছে। একই সঙ্গে নদীর জীববৈচিত্র্য ও নৌচলাচল হুমকির মুখে পড়েছে। পণ্যবাহী জাহাজ, ট্রলার এবং বালুবাহী ভলগেট চলাচলের সময় এসব ঝোপ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে। এতে দুর্ঘটনার ঘটনাও ঘটছে।
স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেঘনা উপজেলায় স্থানীয় সাধারণ জেলের সংখ্যা প্রায় দুই হাজার। নদীর গুরুত্বপূর্ণ অংশগুলোতে ঝোপ তৈরি করে মাছ ধরার কারণে তারা ন্যায্যভাবে মাছ ধরার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
বিষয়টি নিয়ে অভিযোগ করেও অনেক সময় প্রতিকার মিলছে না। বড় মাছগুলো প্রভাবশালী ব্যক্তিদের জালে উঠছে এবং এর সঙ্গে অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে। নৌপুলিশ নদীপথে নিয়মিত টহল দিলেও এসব অবৈধ ঝোপের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দিনের পর দিন ঝোপগুলো টিকে থাকছে এবং সাধারণ জেলেরা নদীতে মাছ ধরার সুযোগ হারাচ্ছেন।
নৌপথে নিয়মিত নজরদারি থাকা সত্ত্বেও নদীর মাঝখানে কীভাবে এত ঝোপ তৈরি হচ্ছে, সেটিই তাদের প্রশ্ন। এসব ঝোপ কারা তৈরি করছে, কারা এর মাধ্যমে মাছ নিধন করছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
মেঘনা উপজেলার গুনবতী এলাকার প্রবীণ জেলে আমির হোসেন বলেন, আগে এই নদীতেই চিতল, বোয়াল, পাবদা ধরে বাড়ি ফিরলে বাচ্চারা খুশি হতো। এখন সারাদিন নৌকা বেয়ে শুধু পানি দেখা যায়। মাছ তেমন ওঠে না।
মেঘনা উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী বলেন, আমরা খুব শিগগিরই অবৈধ ঝোপের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির সঙ্গে কথা বলে আগামী সপ্তাহে ব্যবস্থা নেওয়া হবে।
চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ওসি সৈয়দ মোশারফ হোসেন বলেন, অবৈধ ঝোপ নিরসনে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এ পর্যন্ত মৎস্য আইনে ২৭টি মামলা করেছি। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলে খুব শিগগিরই অবৈধ ঝোপের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও স্থানীয়দের প্রশ্ন, দীর্ঘদিন ধরে নদীতে অবৈধ ঝোপ থাকার পরও সেগুলো পুরোপুরি উচ্ছেদ করা হচ্ছে না কেন। মৎস্য বিভাগে স্থায়ী কর্মকর্তা না থাকা, প্রয়োজনীয় জনবল, বাজেট ও নৌযানের সংকটকে প্রশাসনের পক্ষ থেকে সীমাবদ্ধতা হিসেবে তুলে ধরা হচ্ছে। তবে এসব সীমাবদ্ধতার মধ্যেও নদীতে অবৈধ ঝোপ তৈরি বন্ধ হয়নি, বরং দীর্ঘদিন ধরে সেগুলো টিকে রয়েছে। ফলে ‘খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে’ এমন আশ্বাসের মধ্যেই বছর পার হয়ে যাচ্ছে।





